পুঁজিবাজারের তদন্ত প্রতিবেদন কোনো ধরনের সম্পাদনা ছাড়াই আনুষ্ঠানিকভাবে হুবহু প্রকাশ করেছে সরকার।একই সঙ্গে তদন্ত কমিটির সুপারিশ মেনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পুনর্গঠন, কিছু ক্ষেত্রে আরও তদন্ত, সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণে টাস্কফোর্স গঠন এবং দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল শনিবার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় তিনি তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানান। অর্থমন্ত্রী এ সময় বলেন, তদন্ত প্রতিবেদনের প্রকাশনা নিয়ে অনেক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। তাই পুরো প্রতিবেদনটি কোনো সম্পাদনা না করেই সরকার প্রকাশ করছে।অর্থমন্ত্রী তদন্ত কমিটির সুপারিশের বিষয়ে সরকারের বক্তব্য তুলে ধরে বলেন, কমিটি অনেক ক্ষেত্রে ধারণা বা অনুমানের ওপর ভিত্তি করে কারও দোষ খুঁজে পেয়েছে বা সুপারিশ করেছে। এর ভিত্তিতে কারও বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট অভিযোগ আনা যায় না। এতে অধিকতর তদন্তের প্রয়োজন। কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, ‘অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে কারও চরিত্র হনন হোক, এটাও যেমন কাম্য নয়, আবার কারসাজির সঙ্গে যুক্তরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাক, এটাও সরকার চায় না।’অর্থমন্ত্রী জানান, প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে একটি টাস্কফোর্স গঠন করা হবে। শিগগিরই ঘোষণা করা হবে এই টাস্কফোর্সের কার্যপরিধি। টাস্কফোর্স শুধু সুপারিশ বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ করবে না, পুঁজিবাজারের সংস্কার কার্যক্রমের মূল্যায়ন ও পর্যবেক্ষণও করবে।প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী দুটি ক্ষেত্রে ফৌজদারি অপরাধের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী মোট ১৪টি বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানান।অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের বুঝতে হবে যে পুঁজিবাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাজার এবং এখানে যেমন লাভ হয়, তেমন ক্ষতিও হয়। তাই এখানে সঠিক ও জ্ঞানসমৃদ্ধ বিবেচনা অত্যন্ত জরুরি। পুঁজিবাজার সম্পর্কে ওয়াকিবহাল করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানেরই প্রচারকাজ চালানোর আহ্বান জানান অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী জানান, কমিটির সুপারিশের মধ্যে কিছু ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। কিছু আবার বাস্তবায়নের প্রক্রিয়াধীন। প্রতিবেদন প্রকাশের আগেই ১৪টি বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। আবুল মাল আবদুল মুহিত বলেন, সামগ্রিক বিষয় পর্যালোচনা করে সরকার কর্তৃক গৃহীত ও গৃহীতব্য ব্যবস্থা তুলে ধরা হলো। এতে পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে বলে সরকার বিশ্বাস করে। অর্থমন্ত্রী বলেন, সরকার পুঁজিবাজারের উন্নয়ন ও প্রসার চায় এবং তা যেকোনো মূল্যে সমুন্নত রাখবে।তদন্ত প্রতিবেদনে ২৫টি সুপারিশ রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের স্বার্থে আরও ১১টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট ৩৬টি সুপারিশ তিন দফায় বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে ১১টি অবিলম্বে, ১৭টি স্বল্প মেয়াদে এবং সাতটি মধ্য মেয়াদে বাস্তবায়িত হবে। এসইসি পুনর্গঠনের পর স্বল্প মেয়াদ বলতে এক মাস আর মধ্য মেয়াদ বলতে চার মাস সময়কে বোঝানো হয়েছে।অবিলম্বে ব্যবস্থা গ্রহণ: ১১টি বিষয়ের মধ্যে শুরুতেই রয়েছে এসইসির শীর্ষ নির্বাহীদের অপসারণ। তারপর এসইসি পুনর্গঠন এবং স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন বা ব্যবস্থাপনাকে আলাদা করা। ডিমিউচুয়ালাইজেশনের ব্যাপারে একটি রূপরেখা প্রণয়ন করা হচ্ছে, যার প্রক্রিয়া শুরু হবে নতুন অর্থবছরে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শেয়ার লেনদেনের ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর তদন্ত-পরবর্তী কাজ অব্যাহত রাখার জন্য ‘যৌথ পরিদর্শন দল’ গঠন প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, এসইসি ও স্টক এক্সচেঞ্জের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ব্যবস্থা, বেসরকারি কোম্পানির ক্ষেত্রে সম্পদ পুনর্মূল্যায়নে নীতিমালা জারি, এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া ও বিএইচবিএফসির মহাব্যবস্থাপক কফিল উদ্দিন আহমদ চৌধুরীর বিরুদ্ধে বিভাগীয় মামলা, দুর্নীতির মামলা গঠনে দুর্নীতি দমন কমিশনে প্রেরণ এবং এবি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা হয়েও প্লেসমেন্টে শেয়ার নেওয়ার মতো অনৈতিক কাজ করার জন্য আর ওয়াই শমসেরকে অপসারণের উদ্যোগ, শেয়ারের মূল্য বিভাজনে কারসাজির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সিরিয়াল ট্রেডিংয়ের বিষয়টি আমলে নেওয়াসহ শিগগিরই একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। স্বল্প মেয়াদে পদক্ষেপ: এ বিষয়ে ১৭টি পদক্ষেপের মধ্যে রয়েছে—অগ্রাধিকার শেয়ার ইস্যুর নীতিমালা প্রণয়ন, আইপিও এবং প্রাক-আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নিয়মাচার তৈরি, প্লেসমেন্ট নিয়মাচার তৈরি এবং শেয়ার মূল্য নির্ধারণে কমিটি গঠন। বুক বিল্ডিং পদ্ধতি নিয়ে সরকার কাজ করছে। অমনিবাস হিসাবের শ্যাডো হিসাবের কারসাজি, শীর্ষ প্লেয়ারদের সন্দেহজনক লেনদেন, সেকেন্ডারি বাজারে উল্লম্ফনসহ কয়েকটি বিষয়ে তদন্ত কমিটির সুপারিশ আমলে নেওয়া হবে।এ ছাড়া স্টক এক্সচেঞ্জের ভূমিকা, জেড ক্যাটাগরি, উৎপাদনবিহীন ও অবিশ্বাস্য হিসাবায়নকৃত কোম্পানির জন্য সরকার নিবিড় পরীক্ষা করবে।মধ্য মেয়াদে ব্যবস্থা: ব্যাংক কোম্পানি আইনের সংশোধন, যেসব ব্যাংক আইন ভেঙে পুঁজিবাজারে বিনিয়োগ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রাইট শেয়ার হস্তান্তর করার ক্ষেত্রে তিন বছরের বিধিনিষেধ আরোপ, বিডিথাই ও জেম গ্লোবালের বিষয়ে বিস্তারিত তদন্তের ভার সিআইডির কাছে হস্তান্তর, কেপিসিএলের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে এসইসি, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআরের যৌথ টাস্কফোর্সের মাধ্যমে আর্থিক লেনদেনের হিসাব পরীক্ষা। ফৌজদারি অপরাধ: সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, কমিটির পর্যবেক্ষণে শেয়ারের মূল্য বিভাজনে কারসাজি করে সৈয়দ সিরাজউদ্দৌলা গং ১৯৬৯ সালের এসইসি অধ্যাদেশের ১৭(ই) ধারা লঙ্ঘন করেছেন। এ ছাড়া ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের সিরিয়াল ট্রেডিং করে আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং আবদুল মোবিন মোল্লা একই অধ্যাদেশের ১৭(ই), (২) (৫) ধারা লঙ্ঘন করেছেন। এঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পর্যবেক্ষণ: তদন্ত কমিটির সুপারিশের বাইরে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগও ১১টি সুপারিশ করেছে। যেমন, অগ্রাধিকার শেয়ার ইস্যু বিষয়ে দেশে কোনো নীতিমালা নেই। দুই স্টক এক্সচেঞ্জের ভূমিকা নিয়ে পর্যবেক্ষণ হচ্ছে, প্রতিষ্ঠান দুটি থেকে সংবেদনশীল তথ্য কোম্পানিকে প্রদান এবং রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিরা নেতৃত্বে রয়েছেন। উল্লেখ্য, গতকাল প্রকাশিত সরকারের সারসংক্ষেপেও বলা হয়েছে, পুঁজিবাজার লেনদেন ও পরিচালনায় সালমান এফ রহমান এবং রকিবুর রহমানের প্রভাব বিস্তারের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সতর্কতা অবলম্বন প্রয়োজন। পর্যবেক্ষণ অনুযায়ী, পুঁজিবাজারে উল্লম্ফনের সময়ে যেসব শেয়ার ব্যবসায়ী মুখ্য ভূমিকা পালন করেছেন, তাঁদের মধ্যে অন্যতম গোলাম মোস্তফা। আবার শেয়ারের অতি মূল্যায়নে যে ৫০টি কোম্পানি ভূমিকা রেখেছে, তার মধ্যে ২০০৯ সালে চিটাগাং ভেজিটেবলের শেয়ার দর ২৫১ শতাংশ এবং ২০১০ সালে বেড়েছে ৪১৪৮ শতাংশ। এটি বিস্তারিত পরীক্ষার দাবি রাখে। একইভাবে বিচ হ্যাচারি, আফতাব অটোমোবাইল, সাফকো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, পদ্মা সিমেন্ট, বেক্সটেক্স, সিএমসি কামাল, বিডি ওয়েল্ডিং, সিঙ্গার বিডিসহ জেড ক্যাটাগরির শেয়ারের নিবিড় পরীক্ষা প্রয়োজন। এসইসি পুনর্গঠনের পর আবদুস সালামের ব্যাপারে বিশদ তদন্ত এবং শামীমা শরীফের শেয়ার ব্যবসায়ের ব্যাপারে এসইসি ও বাংলাদেশ ব্যাংক তদন্ত করতে পারে।যেমন শীর্ষ ৩০ প্লেসমেন্টধারীর অর্থসংস্থান ও আন্তসংযোগ নিবিড় পর্যবেক্ষণ, লিব্রা ইনফিউশন, সোনালী আঁশ, রহিম টেক্সটাইল, বিডিথাই, ওরিয়ন ইনফিউশন, ওশেইন কনটেইনারস, শাইনপুকুর সিরামিকস, ইস্টার্ন ইনস্যুরেন্সের সম্পদ পুনর্মূল্যায়নের যথার্থতা পাঁচ সদস্যবিশিষ্ট চার্টার্ড অ্যাকাউনটেন্টের মাধ্যমে পরীক্ষা এবং অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া। পুনঃ তদন্ত কবে শুরু হবে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, একটু সময় দিতে হবে। কাজ ভালোভাবে করতে চাইলে সময় লাগবে। বাজারের সামপ্রতিক অবস্থা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘বাজার ইতিমধ্যেই স্থিতিশীল।’ সংবাদ সম্মেলনে অর্থসচিব মোহাম্মদ তারেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, যুগ্ম সচিব অমলেন্দু মুখার্জি এ সময় উপস্থিত ছিলেন।