ব্যবস্থা নেবে না যোগাযোগ মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না যোগাযোগ মন্ত্রণালয়। গতকাল বুধবার যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। কমিটিও এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো সুপারিশ করেনি। সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয় জানিয়েছে, আত্মস্বীকৃত দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের করণীয় কিছু নেই। এসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বৈঠক শেষে কমিটির সদস্য গোলাম মাওলা এ তথ্য জানান।বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, ২০০৯ সালের ৩১ মার্চ প্রথম আলোতে ৩০০ জন আত্মস্বীকৃত দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীর নাম ছাপা হয়। তাঁরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত ট্রুথ কমিশনে গিয়ে নিজেদের দুর্নীতির কথা স্বীকার করেন। এ তালিকায় যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সাতজন কর্মকর্তার নাম ছিল। তাঁরা হলেন উপপরিচালক লোকমান হোসেন, সহকারী পরিচালক সহিদুল ইসলাম, আমিনুল হক সরকার, আবদুস সেলিম ও মাহবুবুর রহমান, উচ্চমান সহকারী নুরুল ইসলাম ও মেকানিক্যাল সহকারী এ বি এম ছালেকুজ্জামান। বৈঠক সূত্র জানায়, বৈঠকে প্রসঙ্গটি উত্থাপন করেন কমিটির সদস্য গোলাম মাওলা। এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সড়ক ও জনপথ বিভাগের সচিব এম এ এন সিদ্দিকী বলেন, আত্মস্বীকৃত দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের যা যা করণীয়, তা করে দুদকে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে মন্ত্রণালয়েরপক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।বৈঠক শেষে গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তারা যোগাযোগ মন্ত্রণালয়ের। তাঁদের কার কী পরিমাণ সম্পদ আছে, সেটা মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। সে অনুযায়ী তদন্ত করে তারা বিভাগীয় ব্যবস্থা নিতে পারে এবং দুদককে জানাতে পারে। কিন্তু তা না করে মন্ত্রণালয় পুরো বিষয়টি তদন্তের জন্য দুদকে পাঠিয়েছে। এখন যেটা হবে, দুদক নতুন করে তদন্ত করবে এবং অতীতের মতো মন্ত্রণালয়ের কর্মকর্তারা দুদকের কর্মকর্তাদের সহযোগিতা করবে না। শেষ পর্যন্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাও গ্রহণ করা হবে না। এদিকে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) চালিত যানবাহনের গতি নজরদারির লক্ষ্যে গতিমাপক (স্পিড গান) ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ আগামী অক্টোবরে মধ্যে দৃশ্যমান করা সম্ভব হবে। কমিটির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সাগুফতা ইয়াসমিন, আবু জাহির।