ব্যবস্থাপকদের অবহেলাও দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ‘মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক’দের গাফিলতি ছিল। এঁরা দ্রুত আগুন নেভানোর চেষ্টাই করেননি। আগুন লাগার পর সতর্কসংকেত বাজার পরও এই কর্মকর্তারা শ্রমিকদের কারখানা থেকে বের হতে বাধা দিয়ে শতাধিক ব্যক্তিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তদন্ত কমিটিতে সাক্ষ্য দেওয়া পোশাকশ্রমিকেরা কারখানাটিতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তদন্ত কমিটির কাছেও এটা স্পষ্ট যে, ‘কারখানায় স্বাভাবিকভাবে আগুনের উৎপত্তি হয়নি।’গত সোমবার সন্ধ্যায় ২১৪ পৃষ্ঠার এই প্রতিবেদন স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদের কাছে জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার। গত ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার ওই কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে এক হাজার ১৩৭ জন শ্রমিকের মধ্যে ১১১ জন মারা যান।৩৮ জন সাক্ষীর সাক্ষ্য, স্থির ও ভিডিওচিত্র পর্যালোচনা করে কমিটি বলেছে, ওই কারখানার সুইং অপারেটর লিলি আক্তার তদন্ত কমিটির কাছে বলেছেন, আনুমানিক সন্ধ্যা সাতটার সময় তৃতীয় তলার অফিস থেকে ছুটি নিয়ে উত্তর-পূর্ব দিকের সিঁড়ি দিয়ে নামার সময় তিনি দেখেন, চারজন লোক নিচের তলার গুদামের মাঝামাঝি জায়গায় হাত দিয়ে আগুন নেভাচ্ছেন। এতে দেখা যায়, অগ্নিকাণ্ডের প্রাথমিক সময় এটি অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ছিল। কিন্তু সে সময় নিরাপত্তা সুপারভাইজার আল আমিন একটি লাল বালতিতে করে কী যেন ঢেলে দেওয়ার পর সারা মেঝেতে আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় নিচতলার ওই গুদামে পরিচালক শাহজাহান, ব্যবস্থাপক রাজ্জাক, নিরাপত্তা ইনচার্জ আল আমিন ও নাম না জানা কাটিং সেকশনের একটি ছেলেকে দেখতে পান। লিলি আক্তারকে দেখে শাহজাহান তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু লিলি ধাক্কা দিয়ে কারখানা থেকে বের হয়ে আসেন।সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনায় দেখা যায়, প্রথমে আগুন এত ক্ষুদ্র পরিসরে ছিল তা খালি হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। সে সময় ভবনের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিনির্বাপক যন্ত্র থাকার পর তা ব্যবহার করা হয়নি। এ ছাড়া আগুন লাগার পর সংকেত বেজে উঠলে শ্রমিকেরা কারখানা থেকে বের হতে চাইলেও কারখানার মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকেরা আগুনের তথ্য গোপন করে শ্রমিকদের দায়িত্ব পালনে বাধ্য করেন এবং প্রতিটি ফ্লোরের কলাপসিবল ফটক তালা দিয়ে অগ্নিনির্বাপণের কোনো উদ্যোগ না নিয়ে সটকে পড়েন। এমনকি আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রায় ৩০ মিনিট পর ব্যবস্থাপকেরা ফায়ার সার্ভিসকে খবর দেন।দুর্ঘটনা, না মালিকের দুরভিসন্ধি: তাজরীন ফ্যাশনস লিমিটেডের বহুতল ভবনের ঘটনাকে গত ২৭ নভেম্বর কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ‘দুর্ঘটনাজনিত কারণে’ সংঘটিত হয়েছে বলে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে ঘটনার পরদিন ‘অগ্নিসংযোগে প্রাণহানি ঘটানো ও জখমের’ অপরাধে মামলা করা হয়। কী ধরনের দুর্ঘটনার কারণে আগুনের সূত্রপাত হয়েছিল, তা উল্লেখ করা হয়নি। এমনকি ১১১ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হলেও হতাহতদের একজনেরও নাম উল্লেখ করা হয়নি। আবার জিডিতে হতাহত শ্রমিকদের বিষয়ে কিছু না বললেও ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে মালিকপক্ষ। অন্যদিকে তদন্ত কমিটির কাছে ৬৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। এই বিশাল তারতম্যের পেছনে কোনো দুরভিসন্ধি আছে কি না, তা বিবেচনার দাবি রাখে বলে মন্তব্য করেছে তদন্ত কমিটি।বিদ্যুৎ বিপর্যয় কি না: সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, নয়তলা ভবনটির নিচতলার মাঝামাঝি স্থানে প্রথম আগুনের সূত্রপাত হয়। কিন্তু যে জায়গায় আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে বিদ্যুতের লাইন নেই। কারখানার নিচতলার গুদামে কেউ ধূমপান করে না। অন্য অগ্নিদুর্ঘটনার মতো কোনো আলামত বা উপাত্ত পাওয়া যায়নি। নিচতলার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, তার পাশেই ১০০০ কেভিএ ১১/০৪১৫ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র ছিল। ওই বিদ্যুৎ উপকেন্দ্রে রক্ষিত জেনারেটর বা অন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জামের বিস্ফোরণজনিত কোনো আলামত পাওয়া যায়নি। পল্লী বিদ্যুৎ সমিতির মতে, পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ১৫ ফুট ভূগর্ভস্থ কেবলের মাধ্যমে কারখানায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। কারখানা থেকে ১৫ ফুট দূরে অবস্থিত খুঁটিতে ওই প্রতিষ্ঠানের একটি সচল বৈদ্যুতিক মিটার আছে, যা এখনো অক্ষত আছে এবং এতে আঘাত বা আলামত নেই। ফলে এ কথা বলা যায়, মিটারের সংযোগ থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই মর্মান্তিক ও ভয়াবহ অগ্নিকাণ্ড হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতে, আগুনের অস্বাভাবিক বিস্তার ও ধরন এবং একাধিক ফ্লোরে আগুন ছড়ানো সর্বোপরি দেরিতে সংবাদ জানানো ইত্যাদি বিবেচনা করে আগুন লাগার বিষয়টি রহস্যজনক।তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘নাশকতা’ বলে উল্লেখ করেছে এবং এ জন্য দায়ী করা হয়েছে ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রকৌশলী মাহবুবুল মোর্শেদ, কারখানার ম্যানেজার আবদুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শাহীদুজ্জামান দুলাল, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন, সহকারী প্রোডাকশন ম্যানেজার সোহেল রানা, এজিএম হারুনুর রশীদ ও নিরাপত্তা ইনচার্জ আল আমীনকে।