ব্যবস্থাপত্র দেয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা বিভাগে এমআর (মাসিক নিয়ন্ত্রণ) করে পরিবার কল্যাণ পরিদর্শক মরিয়ম বেগম। আর ওই রোগীর ব্যবস্থাপত্র লিখে দেন র‌্যাংগস ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানির ক্ষেতলাল উপজেলার দায়িত্বে থাকা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একরাম হোসেন। উপজেলার সূর্যবান গ্রামের এমআর করা রোগী আলেয়া বেগমের অভিযোগের ভিত্তিতে ৯ ডিসেম্বর সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগে প্রতি মাসে গড়ে প্রায় আট থেকে ১০ জন মহিলা এমআর করতে আসেন। স্বাস্থ্য পরিদর্শক মরিয়ম বেগম রোগীদের এমআর করা শেষে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একরাম হোসেনের লেখা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বেশ কিছু দামি ওষুধের তালিকাসংবলিত ব্যবস্থাপত্র রোগীদের হাতে তুলে দেন। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় ওই রিপ্রেজেন্টেটিভের দ্বারা প্রভাবিত হয়ে ওই পরিদর্শিকা তাঁর টেবিলের ড্রয়ারে এ ধরনের ব্যবস্থাপত্র আগে থেকেই সংগ্রহ করে রাখেন। এমআর করা শেষে ড্রয়ার থেকে সব রোগীকে ওই একই ধরনের ওষুধের তালিকাসংবলিত ব্যবস্থাপত্রের একটি কপি ছিঁড়ে দেওয়া হয়। এতে করে গ্রামের গরিব অসহায় রোগীদের প্রয়োজন ছাড়াও অতিরিক্ত ওষুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে। এ ছাড়া ওই রিপ্রেজেন্টিটিভ একরাম হোসেন স্থানীয় হওয়ায় তাঁর প্রভাব খাটিয়ে হাসপাতালের অন্যান্য চিকিৎসককেও ব্যবস্থাপত্রে তাঁর কোম্পানির ওষুধ লিখতে প্রভাবিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে পরিদর্শক মরিয়ম বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘র‌্যাংগস কোম্পানির রিপ্রেজেন্টেটিভ একরাম হোসেন আমাকে প্রায়ই এসে ওই সব ব্যবস্থাপত্র দিয়ে যান। সব রোগীর ক্ষেত্রে এই ধরনের ওষুধই সাধারণত প্রয়োজন হয়। তাই তাঁর লেখা ব্যবস্থাপত্রই আমি রোগীদের দিই। তাতে রোগীদের কোনো সমস্যা এ পর্যন্ত হয়নি। আরও একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে টাকা-পয়সা দেন না। তবে মাঝেমধ্যে কিছু ফ্রি ওষুধপত্র দেন।’এদিকে একরাম হোসেন বলেন, ‘এমআর-সংক্রান্ত ব্যবস্থাপত্র সচরাচর এভাবেই দেওয়া হয়। শুধু ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সেই নয়। পার্শ্ববর্তী আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সেও এভাবেই ব্যবস্থাপত্র সরবরাহ করে থাকি। এতে রোগীদের তো কোনো সমস্যা হয় না। কারণ, এমআর করতে কোন ধরনের ওষুধপত্র লাগে, তা আমরা জানি।’উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ‘আমি টেকনিক্যাল কোনো ব্যক্তি নই। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।’ তবে তিনি সংবাদটি প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জি এম শাহা বলেন, ‘স্বাস্থ্য পরিদর্শিকা এমআর করতে পারলেও ব্যবস্থাপত্র দেওয়ার এখতিয়ার তাঁর নেই। এমআর শেষে রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে আমাদের কাছে রেফার্ড করতে হয়। ওই পরিদর্শিকা যা করেছেন, তা একেবারেই অন্যায়। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ জয়পুরহাট সিভিল সার্জন মো. মোজাম্মেল হক বলেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ পরিদর্শিকার এই কর্মকাণ্ড শুধু ভুলই নয়, ঝুঁকিপূর্ণও। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মহোদয়কে জানানো হবে।