কলাপাড়ার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি মো. শাহআলম খান এ অভিযোগ করেন এবং এ ব্যাপারে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।অভিযোগপত্রে বলা হয়, মো. শাহআলম খান প্রতিষ্ঠাতা সদস্য হলেও বিদ্যালয়ে রক্ষিত কাগজপত্র থেকে তার প্রমাণাদি গায়েব করা হয়েছে। এমনকি শিক্ষা বোর্ডে রক্ষিত কাগজের কপি প্রধান শিক্ষকের কাছে দাখিল করা হলেও এর কোনো তোয়াক্কা করা হয়নি। নিয়ম রয়েছে, কমিটির মেয়াদ শেষ হওয়ার এক মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ২০১০ সালের ১৩ জানুয়ারি। অথচ প্রধান শিক্ষক গত ২৩ অক্টোবর হঠাত্ করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের তারিখ রাখা হয়েছে ৩১ ডিসেম্বর। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা হিসেবে ৭ ডিসেম্বর আলাদা একটি তফসিল দিয়েছেন। এ তফসিলেও একই দিন নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে। এ ছাড়া শাহআলম খানকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ৯ ডিসেম্বর নির্দেশ দিলেও প্রধান শিক্ষক তা উপেক্ষা করেছেন। মো. শাহআলম খান এ ব্যাপারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘সরকারি পরিপত্র অনুযায়ী প্রধান শিক্ষক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন না। তা ছাড়া শাহআলম খানকে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে নেওয়ার জন্য বলা হলেও প্রধান শিক্ষক তা করেননি। বিষয়টি আমি সংশ্লিষ্ট মহলে জানাব।’এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. শাহজালাল বলেন, ‘সবকিছু বিধি মোতাবেক করা হয়েছে। প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যাঁরা রয়েছেন, তাঁদের কাউকে বাদ দেওয়ার ঘটনা ঘটেনি। কোনো ধরনের অনিয়ম করার সুযোগ নেই।’