ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ অধিকাংশ সদস্য রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক তদবিরেই কমিটিতে তাঁদের নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ।বিএনপি-জামায়াত জোট সরকারের সময় অনিয়ম ও দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়ে মিল্ক ভিটা। এর পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মিল্ক ভিটার একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২০০৯ সালের ১১ মার্চ আগেরটি বাতিল করে নয় সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি করে দেয়। ওই কমিটির দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটির হাতে দায়িত্ব দেওয়া।কমিটির সভাপতি অহিদুল্লাহ্ মোল্লা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি স্বীকারও করে তিনি প্রথম আলোকে বলেন, ‘অন্তর্বর্তীকালীন কমিটিতে দলীয় লোক দেওয়া যাবে না—এমন কোনো বিধান প্রতিষ্ঠানের আইনে নেই।’কমিটির সহসভাপতি করা হয়েছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক শফিকুর রহমানকে। কার্যত তিনিই এখন এ কমিটির দণ্ডমুণ্ডের কর্তা।কমিটির ছয় সদস্যের মধ্যে শাহাদত্ হোসেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। রাজনৈতিক পরিচয়ের কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন কমিটিতে আছি। নির্বাচন হওয়ার পর যথাস্থানে ফিরে যাব।’সন্ধ্যারাণী বালা গোপালগঞ্জ জেলার টেকেরহাটের মনোনীত সমবায়ী সদস্য। তিনি আগে মিল্ক ভিটার পরিচালক ছিলেন। তিনিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।রইজ উদ্দিন পাবনা জেলার ফরিদপুর উপজেলা বিএনপির একজন সাবেক নেতা। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একজন প্রার্থীর পক্ষে কাজ করেন তিনি। ওই নেতার সুপারিশেই তিনি মিল্ক ভিটার সদস্যপদ পেয়েছেন বলে জানা গেছে।তবে রইজ উদ্দিন বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই। ১৯৯১ সাল থেকে সমবায়ী হিসেবে আছি।’সরকারের মনোনীত সদস্য হিসেবে ব্যবস্থাপনা কমিটিতে আছেন, গাজীপুর উপজেলা কৃষক লীগের সভাপতি এ এস এম আকবর আলী চৌধুরী। রাজনৈতিক পরিচয় স্বীকার করে বলেন, ‘প্রতিষ্ঠানের স্বার্থে আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন পর্যন্ত আমরা আছি।’কমিটির অন্য সদস্যরা হলেন: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মোখলেসুর রহমান, সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক আবদুল লতিফ খান, মেজর (অব.) গোলাম কিবরিয়া।