ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ঘাড়ে দায় চাপালেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়ী বলে দাবি করেছেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদ্য মেয়াদ শেষ হওয়া ছয়জন সদস্য।গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় তাঁরা এই দাবি করেন। এঁদের জিজ্ঞাসাবাদ করে সংস্থার জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীনের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিটি।হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় নোটিশ পেয়ে দুদকে হাজির হন সোনালী বাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সুভাষ সিংহ রায়, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, জান্নাত আরা হেনরী, কে এম জামান, মো. আনোয়ার শহীদ ও এ এস এম নাঈম। প্রথম তিনজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত।দুই ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘সর্ষের মধ্যেই ভূত রয়েছে’ বলে মন্তব্য করেন সুভাষ সিংহ রায়। তাঁর দাবি, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ওপরই পরিচালনা পর্ষদের কার্যক্রম নির্ভর করে। আর সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সরকারের ‘শত্রুপক্ষ’ আখ্যায়িত করে এই সাবেক পর্ষদ সদস্য বলেন, ‘সরকার শত্রুদের সঙ্গে বসবাস করছে। এদের চিহ্নিত করা উচিত।’ঘটনার পর্যায় বর্ণনা করে সুভাষ সিংহ বলেন, গত বছরের ২ জানুয়ারি পরিচালনা পর্ষদ হলমার্কের ইনল্যান্ড বিল পার্চেজ (আইবিপি) ইস্যু না করার নির্দেশ দেয়। কিন্তু ওই নির্দেশ না মেনে হলমার্ক গ্রুপকে ঋণ দেওয়া হয়।সকাল ১০টায় সুভাষ সিংহের জিজ্ঞাসাবাদ শেষ হয়। এরপর বেলা ১১টায় শুরু হয় জান্নাত আরা হেনরীকে জিজ্ঞাসাবাদ। আড়াই ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। পরে হেনরী সাংবাদিকদের মুখোমুখি হন। তিনিও হলমার্কের ঘটনার জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়ী করেন। হলমার্কের ঋণ অনুমোদনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের, অর্থাৎ পরিচালনা পর্ষদের কোনো প্রভাব কোথাও ছিল না, এটা জানি। টোটাল দায়ভার ব্যাংক ম্যানেজমেন্টের, আমাদের কোনো দায়দায়িত্ব নেই।’বেলা একটা থেকে দুইটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় কে এম জামানকে। বের হয়ে তিনিও সাংবাদিকদের কাছে একই সুরে কথা বলেন এবং পরিচালনা পর্ষদের দায়দায়িত্ব এড়িয়ে যান। তিনি বলেন, ‘হলমার্কের কিছু অডিট আপত্তি এসেছিল। কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তা আমাদের কাছে যথাযথভাবে উপস্থাপন না করায় বিষয়টি আমাদের নজরে আসেনি। তিনি বলেন, ব্যাংকের রূপসী বাংলা (সাবেক শেরাটন) শাখা বোর্ডের কোনো অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয় হলমার্ককে।তদন্ত দলের মুখোমুখি হওয়ার পর বিকেল সাড়ে চারটায় সত্যেন্দ্র চন্দ্র সাংবাদিকদের বলেন, হলমার্কের পুরো বিষয়টি ছিল বিভিন্ন ধরনের এলসি নিয়ে জালিয়াতি। এগুলো পরিচালনা পর্ষদের কাছে কখনোই উপস্থাপন করা হয়নি। সত্যেন্দ্র চন্দ্র সোনালী ব্যাংকের নিরীক্ষা (অডিট) কমিটির সদস্য ছিলেন, তখনো কি হলমার্কের জালিয়াতি তাঁর চোখে পড়েনি—জানতে চাইলে তিনি বলেন, ‘স্বল্প সময়ের তদন্তে যাদের বিরুদ্ধে দুর্বলতা পাওয়া গেছে, তাদের চিহ্নিত করার চেষ্টা করেছি।’ অনিয়মের বিষয়ে তদন্ত করতে গিয়ে মাশরুরসহ দুজন কর্মকর্তার হঠাৎ বদলির বিষয়ে সত্যেন্দ্র চন্দ্র কিছুই জানেন না বলে দাবি করেন।আজ বৃহস্পতিবার দুদকে হাজির হবেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মো. সহিদ উল্লা মিয়া, কাশেম হুমায়ুন, পর্ষদের চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বাহারুল ইসলাম, সাইমুম সরওয়ার ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন) শাখা থেকে প্রায় চার হাজার কোটি টাকা সরিয়ে ফেলার বিষয়টি প্রকাশিত হয়। ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই সরিয়ে নিয়েছে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ।