ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হজযাত্রীরা
এবারের ব্যবস্থাপনা নিয়ে হাজিরা বেশ সন্তুষ্ট। ঢাকার মগবাজার থেকে আসা মো. নাসিরউদ্দিন বললেন, ‘কয়েক বছর আগে পবিত্র হজ পালন করতে এসে বিড়ম্বনায় পড়েছিলাম। এবার আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না। স্বেচ্ছাসেবক ও কর্মীদের সহযোগিতা পাচ্ছি।’ যশোরের কোতোয়ালি এলাকার আবদুল হাকিম বলেন, ‘কাবা শরিফে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি। থাকা-খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না। সরকারি ব্যবস্থাপনায় বেশ সুবিধা হয়েছে।’ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন আরও বেশ কয়েকজন বাংলাদেশি হাজি। মক্কার মিসফালাহ এলাকায় বাংলাদেশ হজ মিশন। সৌদি আরবে বিশেষ করে মক্কায় প্রতিটি বাড়ির ধারণক্ষমতা অনুযায়ী তাসরিয়া (একজন হাজির থাকার জন্য চার মিটার জায়গা) থাকে। জানা যায়, এবার সরকারি ব্যবস্থাপনায় তাসরিয়া মেনে ছয় হাজার ৭০৩ জনের জন্য আটটি বাড়ি ভাড়া করা হয়েছে। এসব বাড়িতে লিফট, অত্যাধুনিক বাথরুমসহ সব ধরনের সুবিধা রয়েছে। চুরি-ছিনতাই রোধে হজ মিশনের গৃহীত পদক্ষেপ সৌদি কর্তৃপক্ষকে অবহিত করায় পুলিশি টহল বেড়েছে এবং অবস্থার উন্নতি হয়েছে।হজ প্রশাসনিক দলনেতা ও যুগ্ম সচিব কামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতি রাতে সমন্বয় সভা হয়। এসব সভায় হাজিদের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়।বাংলাদেশ হজ মিশনের চিকিৎসক দল মক্কা, মদিনা ও জেদ্দার চিকিৎসাকেন্দ্রগুলোতে ২৪ ঘণ্টা হাজিদের চিকিৎসাসেবা দিচ্ছে। মক্কায় হজ মিশনের প্রধান চিকিৎসাকেন্দ্রসহ দুটি স্যাটেলাইট কেন্দ্রে (সেবে আমির ও তোয়াইরিকি) চিকিৎসাসেবার পাশাপাশি বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। জানা গেছে, কেন্দ্রে আসা হাজিদের মধ্যে ঠান্ডাজনিত সর্দি-কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, ডায়াবেটিস ও হাইপারটেনশনের রোগীর সংখ্যা বেশি। চিকিৎসা দলের নেতা লেফটেন্যান্ট কর্নেল আবদুল লতিফ সবাইকে ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের নিয়ন্ত্রিত ব্যবহার, বিশুদ্ধ পানি ও খাবার গ্রহণ করার জন্য পরামর্শ দিয়েছেন।মক্কা-মদিনায় বাংলাদেশ হজ মিশনের নিচতলায় ও জেদ্দা হজ টার্মিনালে হজ ব্যবস্থাপনা আইটি সেল রয়েছে। বাংলাদেশি কোনো হাজি হারিয়ে গেলে এসব কেন্দ্রের মাধ্যমে খোঁজা হয় এবং হাজিদের স্বজনসহ সবাইকে তথ্যসেবা দেওয়া হয়। হজ ওয়েবসাইটে তথ্য প্রতিদিন হালনাগাদ করা হচ্ছে। হাজির নাম, জেলা, ট্রাভেল এজেন্সির নাম অথবা পাসপোর্ট নম্বর জানালেই তাঁর সম্পর্কে তথ্য জানা যায়।বাংলাদেশ থেকে আসা হজযাত্রীদের অভ্যর্থনা জানানো হয় সৌদি আরবের হজ টার্মিনালে ‘বাংলাদেশ প্লাজায়’। আগতদের বোঝার সুবিধার্থে সেখানে বাংলাদেশের পর্যাপ্ত পতাকা ও দিকনির্দেশনা রাখা হয়েছে। হজযাত্রীদের পানি পান, বিশ্রাম, অজু-নামাজের ব্যবস্থা রয়েছে বাংলাদেশ প্লাজায়। হজকর্মীরা মোয়াল্লেম অনুযায়ী হজযাত্রী ও তাঁদের মালামাল বাসে তুলে দেন। কূটনৈতিক যোগাযোগের ফলে হজযাত্রীদের ইমিগ্রেশনেও আগের চেয়ে কম সময় লাগছে।প্রতিদিন হাজিদের ছবি ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় এই ঠিকানায় www.hajj.gov.bd।জেদ্দা বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ থেকে গতকাল রোববার পর্যন্ত ৬২ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।আরও একজনের মৃত্যু: হজ পালন করতে এসে আরও এক বাংলাদেশি ইন্তেকাল করেছেন। তিনি হলেন নরসিংদীর শিবপুর উপজেলার আবদুল হাকিম ভূঁইয়া (৭৭)। জন্ডিসে আক্রান্ত হাকিম মক্কার শিশা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এ নিয়ে গতকাল পর্যন্ত ১০ জন বাংলাদেশি হাজি মারা গেলেন।