ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হজযাত্রীরা
‘গতবার বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে এসেছিলাম। তাঁরা হজের আগে-পরে কাবা শরিফের কাছাকাছি ভালো মানের আর হজের সময় অনেক দূরে খারাপ বাসায় রেখেছিলেন। এবার সরকারি ব্যবস্থাপনায় এসে কোনো সমস্যা হচ্ছে না। কাবা শরিফে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি।’ কথাগুলো বললেন নাটোরের লালপুর উপজেলার কামাল পারভেজ।কামাল পারভেজের মতো সরকারি ব্যবস্থাপনায় আসা আরও বেশ কয়েকজন বাংলাদেশি হজযাত্রী ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানালেন। মক্কার মিসফালাহ এলাকায় বাংলাদেশ হজ মিশন। সৌদি আরবে বিশেষ করে মক্কায় প্রতিটি বাড়ির ধারণক্ষমতা অনুযায়ী তাসরিয়া (একজন হাজির থাকার জন্য চার মিটার জায়গা) থাকে। এবার সরকারি ব্যবস্থাপনায় তাসরিয়া মেনে তিন হাজার ৭৯৯ জনের জন্য ১৩টি বাড়ি ভাড়া করা হয়েছে। এসব বাড়িতে লিফটসহ সব ধরনের সুবিধা রয়েছে।হজ প্রশাসনিক দলনেতা ও যুগ্ম সচিব নূরুল আমিনের সভাপতিত্বে প্রতি রাতে সমন্বয় সভা হয়। সভায় হাজিদের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। হাজিদের গাইডদের সভা হয় প্রতিদিন সকাল ১০টায়।নূরুল আমিন জানান, ‘হজ প্রশাসনিক দলের সদস্যরা প্রতিদিন বাড়ি পরিদর্শন করছেন এবং সমস্যা থাকলে তার তাৎক্ষণিক সমাধান করছেন। প্রত্যেক হাজির সমস্যা আমরা গুরুত্ব দিই। এখানে কে সরকারি ব্যবস্থাপনায় আর কে বেসরকারি ব্যবস্থাপনায়, তা দেখার অবকাশ নেই। সবাই বাংলাদেশ থেকে এসেছেন।’বাংলাদেশ হজ মিশনের চিকিৎসক দল মক্কা, মদিনা ও জেদ্দার চিকিৎসাকেন্দ্রগুলোতে ২৪ ঘণ্টা হাজিদের চিকিৎসাসেবা দিচ্ছে। মক্কায় হজ মিশনের প্রধান চিকিৎসাকেন্দ্রসহ স্যাটেলাইট কেন্দ্রে চিকিৎসাসেবার পাশাপাশি বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে। চিকিৎসাকেন্দ্র সূত্র জানায়, কেন্দ্রে আসা হাজিদের মধ্যে সর্দি-কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, ডায়াবেটিস ও হাইপারটেনশনের রোগীর সংখ্যা বেশি। চিকিৎসক দলের নেতা লেফটেন্যান্ট কর্নেল আবদুল ফারুক আহম্মদ ভূঁইয়া সবাইকে ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের নিয়ন্ত্রিত ব্যবহার, বিশুদ্ধ পানি ও খাবার গ্রহণ করার জন্য পরামর্শ দিয়েছেন।মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ মিশনের নিচতলায় ও জেদ্দা হজ টার্মিনালে হজ ব্যবস্থাপনা আইটি সেল রয়েছে।কোনো হজযাত্রী পথ ভুলে বাড়ি হারিয়ে ফেললে আইটি হেল্প ডেস্ক থেকে তথ্য বের করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশি কোনো হাজযাত্রী হারিয়ে গেলে এসব কেন্দ্রের মাধ্যমে খোঁজা হয় এবং হজযাত্রীদের স্বজনসহ সবাইকে তথ্যসেবা দেওয়া হয়। হজ ব্যবস্থাপনা আইটি সেলের দলনেতা রেজাউল করিম জানান, সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনায় আগতদের সেবা দেওয়া হচ্ছে।বাংলাদেশ থেকে আসা হজযাত্রীদের অভ্যর্থনা জানানো হয় সৌদি আরবের হজ টার্মিনালের ‘বাংলাদেশ প্লাজায়’। আগতদের বোঝার সুবিধার্থে সেখানে বাংলাদেশের পর্যাপ্ত পতাকা ও দিকনির্দেশনা রাখা হয়েছে। হজকর্মীরা মোয়াল্লেম অনুযায়ী হজযাত্রী ও তাঁদের মালামাল বাসে তুলে দেন।প্রতিদিন হাজিদের ছবি ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় এই ঠিকানায় www.hajj.gov.bd|জেদ্দা বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বুধবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৯ হাজার ৮৯৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।