ব্যবস্থাপনায় ছয়টি পেশাগত কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাজীবী বা আগ্রহী ব্যক্তিরা যদি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে চান, তা কর্মক্ষেত্রে সফলতা পেতে তাঁদের জন্য বেশ সহজ হবে। কারণ কর্মক্ষেত্রে দক্ষতার প্রমাণ দিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রশিক্ষণপ্রক্রিয়ায়ও যুক্ত হচ্ছে নতুন ধারা আবার পুরোনো পদ্ধতিতে আসছে পরিবর্তন। বিশেষ করে ব্যবস্থাপনা ক্ষেত্রে যাঁরা পেশাজীবন শুরু করেছেন বা করতে চান, তাঁদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিশেষায়িত ডিগ্রি বা প্রশিক্ষণ থাকা জরুরি। কারণ প্রতিটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অনেকটা নির্ভরশীল তার দক্ষ ব্যবস্থাপনার ওপর। প্রতিষ্ঠানের উন্নয়নে দক্ষ ব্যবস্থাপকের ভূমিকা অপরিহার্য। তাই এ ক্ষেত্রে পেশাজীবীদের সময়ের সঙ্গে তালমিলিয়ে নিজেকে গড়ে তুলতে ব্যর্থ হলে পিছিয়ে পড়ার প্রবল আশঙ্কা থাকে। সেজন্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা বিষয়ে কিছু পেশাগত কোর্স পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানের কার্যক্রম: বিআইএমের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা আবদুস সামাদ চৌধুুরী জানান, ১৯৬১ সালে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার নামে যাত্রা শুরু হলেও ১৯৯৭ সালে তা পাল্টে নামকরণ হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। এটি প্রতিষ্ঠার পর থেকেই ব্যবস্থাপনা বিষয়ে নানা কোর্স পরিচালনা করছে। বিআইএমের উদ্দেশ্য হলো বিজনেস সেক্টরে বা ব্যবসায় খাতে ব্যবস্থাপনা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। এখানে দুটি ভাগে কোর্স পরিচালিত হয়। একটি স্বল্পমেয়াদি, অপরটি ডিপ্লোমা কোর্স। ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় বিআইএমের ২০১২ সালের ডিপ্লোমা পর্যায়ে কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র অবশ্যই আগামী ২২ ডিসেম্বরের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনেও আবেদনের সুযোগ আছে। তবে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ সারা বছরই রুটিনমাফিক পরিচালিত হয়।কেন প্রশিক্ষণ: একাডেমিক পড়াশোনার পাশাপাশি পেশাগত প্রশিক্ষণ এখন যুগের চাহিদা। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান যুগের সঙ্গে পরিবর্তন হচ্ছে। ফলে এ ধরনের পেশাজীবীদেরও দক্ষতা বাড়ানো জরুরি। দক্ষতা বাড়াতে এসব পেশাগত প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ চাকরি পাওয়ার ক্ষেত্রে যেমন সহায়ক, তেমনি তা পেশাজীবীদের দক্ষতা বাড়াতে পারে বলে উল্লেখ করেন আবদুুস সামাদ চৌধুরী। ডিপ্লোমা কোর্স: বিআইএমে ডিপ্লোমা কোর্সে মোট ছয়টি বিষয়ে পড়ানো হয়। বিষয়গুলো হলো—মানবসম্পদ ব্যবস্থাপনা (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট), আর্থিক ব্যবস্থাপনা (ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট), বিপণন ব্যবস্থাপনা (মার্কেটিং ম্যানেজমেন্ট), শিল্প ব্যবস্থাপনা (ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট) ও কম্পিউটার বিজ্ঞান। কোর্সগুলো এক মাস মেয়াদি। শুধু মানবসম্পদ কোর্সে দিনের একটি ও সান্ধ্যকালীন চারটি মিলিয়ে মোট পাঁচটি ব্যাচে ২৯০ জন নেওয়া হবে। অন্যান্য কোর্সে প্রতিটি ব্যাচে ৬০ জন করে প্রশিক্ষণার্থী পড়ার সুযোগ পাবেন। এ ছাড়া সোশ্যাল কমপ্লায়েন্স শীর্ষক ছয় মাস মেয়াদি নতুন আরেকটি কোর্স চালু হয়েছে। এ কোর্সে বছরে দুবার প্রশিক্ষাণার্থীরা ভর্তির সুযোগ পাবেন। কম্পিউটার বিজ্ঞান কোর্সের জন্য ৩০ হাজার টাকা, বাকি সব কোর্সের ক্ষেত্রে ২৫ হাজার টাকা খরচ হবে। যা এককালীন পরিশোধ করতে হবে। স্বল্পমেয়াদি প্রশিক্ষণ: আগ্রহী প্রার্থীরা এই ইনস্টিটিউটে প্রতিবছর এক থেকে চার সপ্তাহ মেয়াদি বিভিন্ন ধরনের ৮০টিরও বেশি কোর্স ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ নিতে পারেন। এর মধ্যে অফিস ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, সুপারভাইজরি স্কিল অ্যান্ড লিডার ডেভেলপমেন্ট, সময় ব্যবস্থাপনা, গ্রাহকসেবা, মানবসম্পদ উন্নয়ন, প্রকল্প ব্যবস্থাপনা, মিডিয়া ম্যানেজমেন্ট (পাবলিক রিলেসন অ্যান্ড ইভেন্ট), শ্রম আইন ব্যবস্থাপনা, প্র্যাকটিক্যাল ইনকাম ট্যাক্স, ই-ট্রেডিং, ইন্টারন্যাল অডিট, বিপণন পরিসংখ্যান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাধারণ ব্যবস্থাপনা, ডেভেলপিং মার্কেটিং স্কিল, কম্পিউটার অ্যাপলিকেশন প্রভৃতি উল্লেখযোগ্য। এসব কোর্সের ফি এক হাজার ৬০০ টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত।প্রশিক্ষণ পদ্ধতি: আবদুস সামাদ চৌধুরী আরও বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে বিআইএমের কোর্সগুলো সাজানো হয়। প্রয়োজনে নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পাশাপাশি কিছু পরিবর্তন করা হয়। উন্নত প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার তাত্ত্বিক ও ব্যবহারিক দুই দিকেই গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের বিভিন্ন কেস স্টাডি দেওয়া হয়। শ্রেণীকক্ষে বক্তৃতা, দলগত আলোচনা, ভিডিও ক্লিপ প্রদর্শন, শিক্ষণীয় স্লাইড প্রদর্শন, চিত্র ও রেখাচিত্রের ব্যবহার এবং ইন্টার্নশিপের ব্যবস্থা রয়েছে। উপস্থিতি ও ক্লাসটেস্টের ওপর আলাদা মূল্যায়ন করা হয়। বিআইএম থেকে প্রশিক্ষণ নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত এ কে এম মজিবুল হক বলেন, বিআইএমের কোর্সগুলো আধুনিক ও কার্যকর। কর্মক্ষেত্রে পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের ভালো করতে হলে মনোযোগ দিয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে।ভর্তির যোগ্যতা: খোঁজ নিয়ে জানা যায়, ডিপ্লোমা বা দীর্ঘমেয়াদি কোর্সের জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই ডিগ্রি বা স্নাতকে (সম্মান) উত্তীর্ণ হতে হবে। তবে কম্পিউটার কোর্সের ক্ষেত্রে এএমআইই সম্পন্নকারী ডিপ্লোমা প্রকৌশলীরাও আবেদন করতে পারবেন। স্বল্পমেয়াদি কোর্সের ক্ষেত্রে যোগ্যতার কিছু ভিন্নতা রয়েছে। এসব কোর্সে বিষয়ের ওপর নির্ভর করে বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়। তবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ২০ শতাংশ সদ্য স্নাতক পাস ৮০ শতাংশ পেশাজীবীদের মধ্য থেকে নেওয়া হয়। অন্যান্য সুযোগ-সুবিধা: বিআইএমে প্রশিক্ষণার্থীদের সুবিধার্থে নামকরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞ শিক্ষক এনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়। বিআইএম প্রতিষ্ঠান বা বিশেষ গ্রাহকের প্রয়োজনীয় ও উপযোগী বিশেষ কোর্স পরিচালনা করে। বিআইএমের ঢাকা ক্যাম্পাসে দুটি ও চট্টগ্রামে একটি আধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে। রয়েছে সমৃদ্ধ গ্রন্থাগার, যা সবার জন্য উন্মুক্ত। প্রতিষ্ঠানটি নানা ধরনের গবেষণা প্রকল্পের কাজও করে থাকে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জনবল নিয়োগের ক্ষেত্রেও বিআইএম থেকে সহযোগিতা নেওয়ার সুযোগ আছে বলে জানান আবদুস সামাদ চৌধুরী। বিআইএম ব্যবস্থাপনা বিষয়ে উন্নয়নের জন্য ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট নামে একটি ত্রৈমাসিক জার্নাল নিয়মিত প্রকাশ করে। এ ছাড়া প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে আবাসিক সুবিধা। বিস্তারিত জানতে: ঢাকা ক্যাম্পাস: ৪ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭। ফোন: ০২-৮১১৭৪০৫-৭, ই-মেইল: [email protected]চট্টগ্রাম ক্যাম্পাস: চান্দাগাঁও আবাসিক এলাকা, কুলাউড়াঘাট রোড, বহদ্দারহাট, চট্টগ্রাম-৪২১২। ফোন: ০৩১-৬৭০৩৩২, ই-মেইল: [email protected]খুলনা ক্যাম্পাস: বয়রা, খুলনা-৯০০০।ফোন: ০৪১-৭৬২৩৯১, ই-মেইল: [email protected]দেখতে পারেন ওয়েব: www.bim.org.bd