ব্যবস্থাপনায় শৈথিল্যে নতুন সংক্রমণের ব্যাপক আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জটিল ব্যাধি ওষুধ প্রতিরোধী যক্ষ্মা বা এমডিআর টিবির (মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি) ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। খোদ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষই যথাযথ রোগী ব্যবস্থাপনা করছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রমণ প্রতিরোধ নীতিমালা লঙ্ঘন করে এমডিআর টিবি আক্রান্তদের অন্য রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছে তারা। এতে ব্যাপকভাবে এমডিআর সংক্রমণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এমডিআর যক্ষ্মা রোগীদের শুধু বক্ষব্যাধি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। এ হাসপাতালের ১৪ ও ১৫ নম্বর মহিলা ওয়ার্ড দুটিতে ৪৪ জন এমডিআর যক্ষ্মা রোগীর চিকিৎসা হচ্ছে। কর্তব্যরত নার্স জানান, সাধারণ যক্ষ্মা ও অন্য রোগে আক্রান্তরাও সেখানে আছেন। ওষুধের মাত্রা ঠিক না থাকলে, নিয়মিত সেবন না করলে অথবা নির্দিষ্ট মেয়াদ শেষ না করলে যক্ষ্মার জীবাণু ওষুধ সহনশীল হয়ে ওঠে। জীবাণু তখন ওই আগের ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এটাই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা এমডিআর যক্ষ্মা।বক্ষব্যাধি বিশেষজ্ঞ এ কে এম শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘সংক্রমণ ছড়ায় এমন রোগে আক্রান্ত ব্যক্তিদের সম্পূর্ণ পৃথক কক্ষ বা ওয়ার্ডে রাখা উচিত। এমডিআর রোগীর সঙ্গে সাধারণ যক্ষ্মা রোগী রাখা উচিত নয়। আবার যক্ষ্মা রোগীর সঙ্গে একই ওয়ার্ডে অন্য কোনো রোগী রাখা ঠিক নয়।’হাসপাতাল কর্তৃপক্ষ ও জাতীয় কর্মসূচির কর্মকর্তারা বলেছেন, শয্যার তুলনায় রোগী বেশি হওয়ায় তাঁরা একই ওয়ার্ডে বিভিন্ন ধরনের রোগী রাখতে বাধ্য হচ্ছেন। তবে ওয়ার্ডের মধ্যে এমডিআর রোগীদের পৃথক রাখার ব্যবস্থা আছে।আশঙ্কার কারণ: এমডিআর যক্ষ্মা এমন একটি ব্যাধি, যার চিকিৎসাপদ্ধতি সাধারণ যক্ষ্মার চেয়ে জটিল ও সময়সাপেক্ষ। সুতরাং এ রোগের সংক্রমণ বাড়লে তা এমনিতেই নাজুক জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা বাজেটের ওপর চাপ বাড়াবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এমডিআর যক্ষ্মার রোগীকে একটানা ২৪ মাস (সাধারণ যক্ষ্মায় মাত্র নয় মাস) ওষুধ সেবন করতে হয়। এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ যক্ষ্মার ওষুধের চেয়ে অনেক বেশি। এসব কারণে চিকিৎসার মাঝে অনেক রোগী মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ে। এর জন্য হাসপাতালে চিকিৎসাধীন এমডিআর যক্ষ্মা রোগীদের মানসিক সহায়তা দেওয়ার জন্য বক্ষব্যাধি হাসপাতাল একজন মনোরোগবিদও নিয়োগ দিয়েছে।প্রথম আলোকে ওই মনোরোগবিদ বলেন, ওষুধের কারণে প্রায় সব রোগীরই বমি, ডায়রিয়া ও জন্ডিস দেখা দেয়। অনেকের কিডনিতে সমস্যা হয়। কানে শোনা, মাথা ঘোরানো বা ঘুমের ব্যাঘাতেরও অভিযোগ করেন অনেক রোগী। কারও কারও বিষণ্নতা দেখা দেয় এবং অনেকে ভারসাম্য হারিয়ে ফেলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমডিআর যক্ষ্মার ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার যে তালিকা দিয়েছে, তা আরও দীর্ঘ।হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, অধিকাংশ রোগী ওষুধ সেবন করতে চান না। ওষুধের ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার নজিরও আছে।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী কে জামান এমডিআর যক্ষ্মা নিয়ে গবেষণা করছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এমডিআর যক্ষ্মার রোগী সরাসরি এমডিআর যক্ষ্মারই জীবাণুু ছড়ায়।দেশের পরিস্থিতি: বাংলাদেশে এমডিআর যক্ষ্মা নিয়ে সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে ২০০৯ সালে চীনে এমডিআর যক্ষ্মা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনে বলা হয়েছিল, বাংলাদেশে এমন রোগীর সংখ্যা সাড়ে ১৪ হাজার।সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলেছেন, জরিপ শুরু হয়েছে। দুই বছর পর সঠিক সংখ্যা জানা যাবে।সরকারের ‘ডটস প্লাস’ কর্মসূচির আওতায় এমডিআর যক্ষ্মা রোগীদের সেবা দেওয়া হয়। কর্মসূচির সমন্বয়কারী ওয়াহিদুজ্জামান আখন্দ বলেন, সরকারি কর্মসূচির আওতায় ২০০৮ সাল থেকে ৪৬০ জন এমডিআর রোগী শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৭ জন মারা গেছেন ও ৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অনিয়মিতভাবে ওষুধ সেবন করে ৫৭ জন এবং হাসপাতাল থেকে পালিয়ে গেছেন সাতজন। শেষের ৬৪ জনের এক্সডিআর যক্ষ্মা হওয়ার আশঙ্কা খুব বেশি। এমডিআরের চিকিৎসায় ঘাটতি বা অবহেলায় এক্সডিআর যক্ষ্মা হতে পারে, যার কোনো চিকিৎসা এখনো নেই। ৪৬০ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪৫ জন। অন্যরা এনজিও প্রতিনিধিদের মাধ্যমে হাসপাতালে নির্দিষ্ট দিন এসে ওষুধ নিয়ে যান।বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে ২০০৮ ও ২০১০ সালে আন্তর্জাতিক একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি মূল্যায়ন করে প্রতিবেদন দিয়েছে। দুটি প্রতিবেদনেই এ দেশের এমডিআর যক্ষ্মা পরিস্থিতিকে উদ্বেগজনক বলে বর্ণনা করা হয়েছে। নীতি লঙ্ঘন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রমণ প্রতিরোধবিষয়ক নীতিমালায় বলা হয়েছে, যক্ষ্মার মতো সংক্রামক ব্যাধির চিকিৎসা হয় এমন হাসপাতালে সংক্রমণ প্রতিরোধে একটি কমিটি থাকবে। এই কমিটির কাজ হবে সংক্রমণ প্রতিরোধের নীতি ও কর্মকৌশল ঠিক করা।বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কোনো কমিটি তাদের নেই। তবে পরিচালক এ কে এম মোস্তফা হোসেন বলেন, সংক্রমণ যেন না ছড়ায় সে ব্যাপারে হাসপাতালের অধ্যাপক এবং কর্মকর্তারা সচেতন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যক্ষ্মা সংক্রমণ প্রতিরোধ নির্দেশিকায় বলা হয়েছে, এমডিআর যক্ষ্মা রোগী অত্যাবশ্যকীয় পরীক্ষার প্রয়োজন ছাড়া কক্ষের বাইরে যাবে না। হাসপাতালে ঘোরাঘুরির কোনো অনুমতিও তাঁরা পাবেন না। তবে নির্দিষ্ট এলাকার মধ্যে তাঁরা মুক্ত বাতাসে চলাফেরা বা শরীর চর্চা করতে পারবেন।অথচ বক্ষব্যাধি হাসপাতালে এমডিআর যক্ষ্মা রোগীকে হরহামেশাই ঘোরাঘুরি করতে দেখা গেছে। স্বাস্থ্যকর্মীরা স্বীকার করেছেন, রোগীরা মাঝেমধ্যে বহির্বিভাগে, এমনকি বাইরে চায়ের দোকানেও যায়।গত দুই মাসে চারবার গিয়ে দেখা গেছে ডটস প্লাস কর্মসূচির কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা মাস্ক পরেন না। তিনজন কর্মকর্তা বলেছেন, তাঁরা সারাক্ষণ নিরাপত্তাহীনতায় ভোগেন। হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, নয়জন অধ্যাপকের তত্ত্বাবধানে এমডিআর যক্ষ্মার রোগীরা হাসপাতালে ভর্তি হন। তবে একাধিক রোগী ও সহায়তাদানকারী স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেছেন, অধ্যাপকেরা নিয়মিত ওয়ার্ড পরিদর্শন করেন না।পরিচালকসহ কর্মকর্তারা এ অবস্থার পরিবর্তনের দাবি করেছেন। পরিচালক মোস্তফা হোসেন বলেন, তাঁরা ২০০ শয্যার পৃথক এমডিআর ওয়ার্ডের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, সব এমডিআর রোগীর একজন অধ্যাপকের তত্ত্বাবধানে চিকিৎসা হওয়া উচিত। সব স্বাস্থ্যকর্মী ও রোগীর জন্য মাস্কের ব্যবস্থা করারও তাগিদ দেন তিনি।বেসরকারি অভিজ্ঞতা: ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান ১৯৯৭ সাল থেকে এমডিআর যক্ষ্মা রোগীদের একটি পরীক্ষামূলক প্রকল্পের আওতায় সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানের পরিচালক (চিকিৎসা) অং ক্য জাই মগ সম্প্রতি প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ৯৮৮ জন এমডিআর রোগী চিকিৎসার জন্য তাঁদের তালিকাভুক্ত হয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির ময়মনসিংহ, নেত্রকোনা ও জলছত্র (টাঙ্গাইল) হাসপাতালে ১৪২ জন চিকিৎসা নিচ্ছেন। পরিচালক জানান, তাঁরা ৮৫ শতাংশ রোগীকে সুস্থ করতে সক্ষম হয়েছেন।নতুন সংক্রমণ বন্ধের ব্যাপারে অং ক্য জাই মগ বলেন, ডেমিয়েন ফাউন্ডেশনের সবগুলো হাসপাতালে এমডিআর ও সাধারণ যক্ষ্মার রোগী সম্পূর্ণ আলাদাভাবে থাকেন। প্রত্যেক রোগীর মুখে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। তিনি জানান, যক্ষ্মার জীবাণুর প্রকোপ কমানোর জন্য তাঁরা রোগীদের কক্ষে বিশেষ আলোকরশ্মি ব্যবহার করেন।