ব্যবহার বেশি দেখিয়ে জন্মনিয়ন্ত্রণের সামগ্রী আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার দুটি পরিবারকল্যাণ কেন্দ্রে (এফডব্লিউসি) মাত্র নয় দিনে তিন হাজার ২০০ জন নারীকে ডিপো-প্রোভেরা ইনজেকশন দেওয়া হয়েছে। অর্থাৎ ওই দুই কেন্দ্রে প্রতিদিন গড়ে ৩৫৫ নারী জন্মনিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি হিসেবে এই ইনজেকশন নিয়েছেন। কর্মকর্তাদের কাছে বিষয়টি অসম্ভব মনে হলেও কেন্দ্র দুটির কাগজপত্রে ২০০৭ সালের জানুয়ারি মাসের ওই নয় দিনে ডিপো-প্রোভেরা ব্যবহারের এমন হিসাবই দিয়েছেন সংশ্লিষ্ট মাঠকর্মী (ডব্লিউভিএ)।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরীক্ষা শাখার তদন্তে ওই দুই কেন্দ্রে জন্মনিয়ন্ত্রণসামগ্রীর এই বেশি ব্যবহার দেখিয়ে আত্মসাতের বিষয়টি ধরা পড়েছে। তদন্তে জেলা ও উপজেলা কেন্দ্রের পাশাপাশি মাঠপর্যায়েও জন্মনিয়ন্ত্রণসামগ্রীর এভাবে আত্মসাৎ হওয়ার অনেক ঘটনা প্রকাশ পেয়েছে। এসব ঘটনায় কয়েকজন কর্মকর্তা ও মাঠকর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলেও অনেকের ব্যাপারে শৈথিল্য দেখানোর অভিযোগ রয়েছে।অধিদপ্তরের সম্প্রতি বদলি হওয়া মহাপরিচালক বেগম দিলরুবা প্রথম আলোকে বলেন, ‘চুরির অভিযোগ আমাদের কাছে আসামাত্রই আমরা তা তদন্ত করে দেখি। অভিযোগ সত্য প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।’অধিদপ্তরের সূত্র জানায়, ২০০৯ সালে জামালপুর আঞ্চলিক পণ্যাগার থেকে জন্মনিয়ন্ত্রণসামগ্রী চুরির ঘটনা ধরা পড়ে। এরই পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক মো. আবদুল কাইয়ুম সারা দেশের ২১টি আঞ্চলিক পণ্যাগারের মধ্যে ১৭টির হিসাব নিরীক্ষা করার সিদ্ধান্ত নেন। পরে ১৭টি আঞ্চলিক পণ্যাগারের পাশাপাশি জেলা পর্যায়ের কার্যালয়সহ ৭৯টি ক্ষেত্রে তদন্তের জন্য পাঁচটি দল গঠন করা হয়। এরই মধ্যে ৪০টিতে তদন্ত শেষ হয়েছে। ১৪ ডিসেম্বর পর্যন্ত এগুলোর মধ্যে ৩১টির তদন্ত প্রতিবেদন জমা পড়েছে।তদন্তের বিষয়ে অধিদপ্তরের নিরীক্ষা শাখার নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, কুড়িগ্রামের একটি ইউনিয়ন থেকেই চার লাখ ৯১ হাজার টাকা মূল্যের ডিপো-প্রোভেরা ইনজেকশন চুরির প্রমাণ মিলেছে। নীলফামারীতে ৬৩ লাখ ১১ হাজার টাকা মূল্যের এই ইনজেকশন চুরি হয়েছে। তিনি বলেন, সব তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে দেখা যাবে, সব মিলে কয়েক কোটি টাকার জন্মনিয়ন্ত্রণসামগ্রী চুরি হয়েছে।ব্যবহার বেশি কাগজে: তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, কুড়িগ্রামের সদর, চিলমারী, রৌমারী, নাগেশ্বরী ও চর রাজীবপুর উপজেলায় জন্মনিয়ন্ত্রণসামগ্রী বিতরণ করা হয় রংপুর ও জামালপুর আঞ্চলিক পণ্যাগার থেকে। কাগজপত্রে চিলমারীতে বিভিন্ন সময়ে পাঁচ হাজার ২০০টি ডিপো-প্রোভেরা ইনজেকশন সরবরাহ দেখানো হলেও বাস্তবে ওই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে একটি ইনজেকশনও যায়নি। বিনা মূল্যে দেওয়া প্রতিটি ইনজেকশন সরকার ৫০ টাকা ৯২ পয়সায় কেনে। এর অর্থায়ন হয় বিদেশি ঋণে। অস্থায়ীভাবে জন্মনিয়ন্ত্রণের জন্য একজন নারীকে তিন মাস পরপর অর্থাৎ বছরে চারটি ইনজেকশন নিতে হয়।অধিদপ্তরের নিরীক্ষা শাখা সূত্র জানায়, নীলফামারীর তিনটি উপজেলা থেকে এক লাখ ৩২ হাজার ৬৭৮টি ও রংপুর সদর থেকে ৭৬ হাজার ২৩টি ডিপো-প্রোভেরা আত্মসাৎ হয়। অধিদপ্তরের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা জানান, এভাবে প্রায় প্রতিটি পণ্যাগার থেকেই এই ইনজেকশন আত্মসাৎ করা হচ্ছে।মাঠপর্যায়ের চিত্র: সূত্র জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার হাতিয়া পরিবারকল্যাণ কেন্দ্রে ২০০১ সালের জানুয়ারি থেকে ২০০৩ সালের মে মাস পর্যন্ত ডিপো-প্রোভেরা ইনজেকশন নেওয়া নারীর সংখ্যা দেখানো হয়েছে ৪৮৫। এই হিসাবে এ সময়ে এই কেন্দ্রে ইনজেকশনের প্রয়োজন ছিল চার হাজার ৬৮৮টি। কিন্তু কেন্দ্রটির পরিবারকল্যাণ সহকারী (ডব্লিউভিএ) ওই সময়ে ১৬ হাজার ১৭৯টি ইনজেকশনের ব্যবহার দেখিয়েছেন। অর্থাৎ ওই কেন্দ্রে ১১ হাজার ৪৯১টির বেশি ইনজেকশনের ব্যবহার দেখানো হয়েছে, যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।এক বছরে তিন হাজার ইমপ্ল্যান্ট!: অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরের হিসাব অনুযায়ী, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২০০৭-০৮ অর্থবছরে তিন হাজার ৩৭ জন নারী ইমপ্ল্যান্ট (অস্থায়ী বন্ধ্যাত্বকরণ) পদ্ধতি গ্রহণ করেছেন। অর্থাৎ প্রতি মাসে আড়াই শরও বেশি নারী এ পদ্ধতি গ্রহণ করেন।জানা যায়, একটি ইমপ্ল্যান্ট স্থাপনের জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সম্মানী পান মোট ২০০ টাকা। এ ছাড়া ইমপ্ল্যান্ট ব্যবহারের পর কারও জটিলতা হলে তা নিরাময়ের জন্যও আর্থিক সুবিধা পান তাঁরা। ওই এক বছরে এক হাজার ৫৮১ জন নারীর ক্ষেত্রে জটিলতা হওয়ার তথ্য দেওয়া হয়েছে। এই অনিয়মের ঘটনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।এনজিওর বিরুদ্ধেও রয়েছে অভিযোগ: একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দায়িত্ব পাওয়া দুটি এনজিও কাঞ্চন সমিতি ও বড়বাড়ী সমাজ উন্নয়ন সংস্থা ডিপো-প্রোভেরা কোথায়, কীভাবে বিতরণ করা হচ্ছে, তার হিসাব রাখে না। এ ছাড়া জন্মনিয়ন্ত্রণসামগ্রী বিনা মূল্যে বিতরণ করার কথা থাকলেও তারা সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নেয়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাঞ্চন সমিতির পরিচালক (স্মাইল সান ফ্রানচাইজ প্রোগ্রাম) এ এস এম মোস্তফা সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা কারও কাছ থেকে পণ্যমূল্য হিসেবে টাকা নিই না। আমরা সেবামূল্য হিসেবে প্রতি গ্রহীতার কাছ থেকে ২০ টাকা করে নিই।’ হিসাব না রাখার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, একেবারে দুর্গম এলাকায় মাঠপর্যায়ে মানসম্পন্ন দক্ষ কর্মী পাওয়া কঠিন। সরকারের বিধি মোতাবেক হিসাব রাখার চেষ্টা তাঁরা করছেন। যেসব দুর্বলতা সরকার চিহ্নিত করেছে, তা কাটিয়ে ওঠারও চেষ্টা চালানো হচ্ছে।ইনজেকশনগুলো কোথায় যায়: অতিরিক্ত হিসাব দেখিয়ে আত্মসাৎ করা ডিপো-প্রোভেরা ইনজেকশনগুলো কোথায় যায়, সে ব্যাপারে নিশ্চিত নন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা। কয়েকজন কর্মকর্তা বলেন, সরকারি বিনা মূল্যের জন্মনিয়ন্ত্রণসামগ্রী বিশেষ করে ডিপো-প্রোভেরা সীমান্ত দিয়ে ভারত ও মিয়ানমারে পাচার হয়। তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ নেই। এ ছাড়া এগুলো দোকানে বা সেবাগ্রহীতার কাছে বিক্রিও করা হয়।সম্প্রতি রৌমারীর একটি ওষুধের দোকানে বিনা মূল্যের ডিপো-প্রোভেরা ইনজেকশন দেখেন অধিদপ্তরের ঢাকার এক কর্মকর্তা। তিনি জানান, দোকানির কাছে ওই ইনজেকশনের উৎস জানতে চাইলে তিনি বলেন, পার্শ্ববর্তী উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে এসব নিয়মিত পান।এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূর-উন-নবী বলেন, ওই সব তদন্ত প্রতিবেদনের তথ্য সঠিক হলে তা হবে জাতির জন্য লজ্জার। প্রধানমন্ত্রীসহ সবাই যখন জনসংখ্যা কার্যক্রম বেগবান করার কথা বলছেন, তখন এ ধরনের ঘটনা জাতীয় কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে। তিনি আরও বলেন, দরিদ্র মানুষ জন্মনিয়ন্ত্রণসামগ্রী বিনা মূল্যে না পেলে তারা তা ব্যবহার করবে না।সূত্র জানায়, আঞ্চলিক পণ্যাগার, জেলা কার্যালয় ও উপজেলায় জন্মনিয়ন্ত্রণসামগ্রীর হিসাব নিরীক্ষার জন্য দায়িত্ব পাওয়া পাঁচটি দলের মধ্যে পঞ্চম দলটি ১০টি তদন্ত সফর করলেও ১৪ ডিসেম্বর পর্যন্ত কোনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। এই দলের সদস্য মিজানুর রহমান ১৫ ডিসেম্বর প্রথম আলোকে বলেন, তাঁরা চারটি প্রতিবেদন চূড়ান্ত করেছেন। তবে কোথাও কোনো অনিয়ম পাননি।একজন কর্মকর্তা বলেন, তদন্তে মাঠপর্যায়, উপজেলা ও জেলা পর্যায়ের বেশ কয়েকজন কর্মী ও কর্মকর্তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। প্রমাণসহ অধিদপ্তরে সেসব জমা দেওয়া হয়েছে। কিন্তু অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন গড়িমসি করছে।স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির বলেন, এসব প্রতিবেদন এখনো তাঁর হাতে পৌঁছায়নি। তবে ঘটনা সত্য হলে অবশ্যই দোষী ব্যক্তিদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।