চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
ব্যবহারিক ক্লাসের উপকরণ নেই, শিক্ষাকার্যক্রম ব্যাহত
প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অর্থাভাবে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবহারিক ক্লাসের উপকরণ কেনা যাচ্ছে না। ফলে ব্যবহারিকভিত্তিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষাব্যবস্থা এখন চলছে শুধু তত্ত্বীয় শিক্ষার ওপর ভিত্তি করে। পাঠ্যবইয়ের সংকটও তীব্র। ১১ বিষয়ের বইয়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে এখন পর্যন্ত পৌঁছেছে তিন বিষয়ের বই। এদিকে নয় মাস ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় শিক্ষকেরা শ্রেণীকক্ষে অমনোযোগী হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের আওতায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর একটি প্রকল্পের অধীন চাঁপাইনবাবগঞ্জসহ দেশের সাতটি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। প্রতিটি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের জন্য ব্যয় হয় ১১ কোটি ২২ লাখ টাকা। বেকার তরুণ-তরুণীদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে এসব প্রতিষ্ঠানে ইলেকটনিক্স, ইলেকট্রিক্যাল, ফ্রুট অ্যান্ড ফুড প্রসেসিং এবং প্রিজারভেশন, অটোমোটিভ, কম্পিউটার অপারেশন, গার্মেন্টস, রেফ্রিজারেশনসহ মোট সাতটি ট্রেডে শিক্ষাকার্যক্রম শুরু করা হয়। ২০০০ সালের ১ জুলাই হওয়া নয় বছর মেয়াদি এ প্রকল্প শেষ হয় গত বছরের জুন মাসে। এর পরপরই মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার। চিঠি পেয়ে শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখলেও অর্থাভাবে প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষাব্যবস্থা ক্রমেই নাজুক হতে থাকে।রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশন ট্রেডের নবম শ্রেণীর শিক্ষার্থী সাদাকাতুল বারী, বিদ্যুৎ ট্রেডের সাব্বির হোসেন ও ওমর ফারুক জানান, ব্যবহারিক ক্লাসের উপকরণ অর্থাৎ কাঁচামালের অভাবে গত কয়েক মাস থেকে তাঁদের ব্যবহারিক ক্লাস হচ্ছে না। শুধু শিক্ষকেরা তত্ত্বীয় ক্লাস নিচ্ছেন। ওই ক্লাসে কীভাবে ব্যবহারিক ক্লাস করতে হবে শিক্ষকেরা তা বললেও শিক্ষার্থীরা কিছুই বোঝে না। ব্যবহারিক ক্লাস কী আর মুখে বলে হয়। টেক্সটাইল ট্রেডের নবম শ্রেণীর শিক্ষার্থী নিত্যানন্দ সিংহ জানায়, প্রায় প্রতিটি ট্রেডে ১১টি বিষয় রয়েছে। ওই ১১টি বিষয়ের বই শিক্ষার্থীদের বিনা মূল্যে কেন্দ্র থেকেই সরবরাহ করার কথা। কিন্তু নতুন বছরের আড়াই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র ৩টি বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। বই-ই যদি না থাকে তবে কিভাবে পড়ালেখা হবে।রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশন ট্রেডের সিনিয়র ইন্সট্রাক্টর শাহীন আক্তার জানান, তাঁর ট্রেডের ব্যবহারিক ক্লাসের জন্য বিভিন্ন ধরনের কপার টিউব, বেজিং রড, সোল্ডারিং লিড, ফ্রিওন গ্যাস, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে এসব উপকরণের কিছু কেনা যাচ্ছে না। গত বছরের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর আগের কেনা উপকরণ দিয়ে প্রায় এক মাস ব্যবহারিক ক্লাস করানো হয়েছে। এর পর থেকে এখন পর্যন্ত তার ট্রেডে আর কোনো ব্যবহারিক ক্লাস হয়নি। বিদ্যুৎ ট্রেডের ইন্সট্রাক্টর নুরুল ইসলাম জানান, তাঁর ট্রেডেরও ব্যবহারিক ক্লাসে ব্যবহূত কেব্ল, সুইচ, সুপার এনামেল ওয়্যারসহ বাল্ব, হোল্ডার নেই নয় মাস থেকে। বাকি পাঁচটি ট্রেডের অবস্থাও একই রকম। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর তেমন কোনো ব্যবহারিক ক্লাস হয়নি এসব ট্রেডে।কেন্দ্রের অধ্যক্ষ আবদুর রহিম বলেন, সবাই জানে কারিগরি শিক্ষা ব্যবহারিকভিত্তিক একটি শিক্ষাব্যবস্থা। উপকরণের অভাবে ব্যবহারিক ক্লাস না হওয়ায় অপূরণীয় ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের। তবে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি একেবারেই অসহায়। কিছুই করার নেই। প্রতি বছর কেন্দ্রের জন্য বরাদ্দ অর্থের সঙ্গে প্রশিক্ষণ কাঁচামাল কেনার জন্য টাকা দেওয়া হয়। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেটা বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানের নিজস্ব কোনো তহবিলও নেই কাঁচামাল কেনার জন্য। তিনি বলেন, এ বছর শিক্ষার্থীদের হাতে সময়মতো বই দেওয়া সম্ভব হয়নি। প্রয়োজনীয় বই পাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছি। কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছি না।তিনি আরও বলেন, বেতন-ভাতা প্রদানসহ প্রতিষ্ঠানে অর্থ বরাদ্দের জন্য সারা দেশের সাতটি টিটিসির শিক্ষকেরা কয়েক মাস আগে আন্দোলনে নামেন। এর ফলে ওই সাতটি কেন্দ্রের জন্য পাঁচ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকা বিশেষ বিবেচনায় বরাদ্দ করা হয়। ৮ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে তিন কোটি ৮৬ লাখ ৩৩ হাজার টাকার শর্তসাপেক্ষে ছাড়করণের সম্মতিও দেওয়া হয়। কিন্তু অর্থ ছাড়করণে অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখার দেওয়া প্রথম শর্ত নিয়েই দ্বিধাবিভক্ত হয়ে গেছেন শিক্ষক-কর্মচারীরা। আটটি শর্তের মধ্যে প্রথম শর্তেই বলা হয়েছে, বরাদ্দের টাকা থেকে প্রকল্পকালীন সাকল্যে বেতনের টাকার অঙ্কে বেতন প্রদান করতে হবে। তবে নতুন চুক্তির মেয়াদ হবে এক বছর। শিক্ষক-কর্মচারীদের চুক্তির যে ফরম দেওয়া হয়েছে তাতেও উল্লেখ করা হয়েছে এক বছর পর এই চুক্তিপত্রই অব্যাহতিপত্র হিসেবে গণ্য করা হবে। এ থেকে শিক্ষক-কর্মচারীদের একাংশ মনে করছে, এক বছর পরই তাঁদের আর চাকরি থাকবে না। তাঁদের মতে, শর্তসাপেক্ষে এ টাকা উত্তোলন না করে বরং চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য আন্দোলন করা প্রয়োজন। শিক্ষক-কর্মচারীদের আরেকটি অংশ মনে করছে, যেহেতু নয় মাস ধরে বেতন নেই সেহেতু এ মুহূর্তে বরাদ্দের টাকা ছাড় করাই জরুরি।