ব্যবহারের সুযোগ পেলে আধুনিকায়নে সহায়তা দেবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমান রাজ্যসভার সাংসদ মণি শঙ্কর আয়ার বলেছেন, চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেলে ভারত এ বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণে সহায়তা দেবে। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন করবে। আজ বুধবার ভারতের মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরাটন হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মণি শঙ্কর আয়ার বলেন, চট্টগ্রাম বন্দর অবস্থান বঙ্গোপসাগরের তীরে হওয়ায় এ বন্দর উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। আধুনিকায়নের মাধ্যমে সুযোগ-সুবিধা বাড়ানো হলে সিঙ্গাপুরের বন্দর চেয়ে চট্টগ্রাম বন্দর উন্নত বন্দর হিসেবে বিশ্বে স্থান করে নেবে। তিনি বলেন, বন্দর ব্যবহারের সুযোগ পেলে বাংলাদেশের প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে ভারত আগ্রহী।আইবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ, মহাসচিব শ্যামল ঘোষ ও সফররত ভারতের মার্চেন্ট চেম্বারের প্রতিনিধি রিতেশ বাউরিসহ অন্য সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মণি শঙ্কর আয়ার ও আবদুল মাতলুব আহমাদ এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন।মণি শঙ্কর বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেছি। তিনি জানিয়েছেন, ‘বর্তমানে চট্টগ্রাম বন্দরের মোট ক্ষমতার মাত্র ২৫ শতাংশ ব্যবহূত হচ্ছে।’ কিন্তু সফররত ভারতীয় প্রতিনিধিদলের বিশেষজ্ঞরা চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে দেখেছেন, ক্ষমতার শতভাগ ব্যবহার করতে হলে এ বন্দরের আধুনিকায়ন প্রয়োজন। কারণ বর্তমানে যেসব যন্ত্রপাতি বন্দরে ব্যবহূত হচ্ছে, তা দিয়ে বড় বড় কনটেইনার ওঠানো-নামানো সম্ভব নয়। এ কারণে ব্যবহারের সুযোগ পেলে ভারত চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে সব ধরননের সহায়তা করবে।”অন্যদিকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আবদুস সালাম মুর্শেদী ভারত সরকারের কাছে শুল্কমুক্ত সুবিধার আওতায় কেবল আট কোটি পিস তৈরি পোশাক রপ্তানির পরিবর্তে বাংলাদেশের সব পোশাক রপ্তানির সুযোগ চান। এ বিষয়ে মণি শঙ্কর আয়ার বলেন, সদস্য হিসেবে অচিরেই তিনি বিষয়টি রাজ্যসভায় উত্থাপন করবেন। তাছাড়া বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে যাতে ভারতে শুল্কমুক্ত সুবিধা পায়, সে জন্য সরকারের সঙ্গে তিনি আলোচনাও করবেন।সফরকালে মার্চেন্ট চেম্বারের সদস্যরা বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে সিমেন্টের কাঁচামাল রপ্তানি, তথ্যপ্রযুক্তি উন্নয়ন, টাওয়ার নির্মাণ প্রভৃতি বিষয়ে ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেছেন বলে জানা গেছে।