ব্যয় সংকোচননীতির প্রতিবাদে ধর্মঘট চলছে গ্রিসে
বিভিন্ন খাতে সরকারি ব্যয় সংকোচন পরিকল্পনার প্রতিবাদে আজ মঙ্গলবার গ্রিসে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন হাজার হাজার শ্রমিক। শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, সরকারের নতুন এ সংকোচন পরিকল্পনা গরিবদের আরও নিঃস্ব করবে। আর ঝিমিয়ে পড়া অর্থনীতিকে আরও দুরবস্থায় ফেলবে।গ্রিসের বেসরকারি খাতের শ্রমিকদের সংগঠন জিএসইই এবং সরকারি খাতের শ্রমিকদের ইউনিয়ন এডিইডিওয়াই এ ধর্মঘটের ডাক দিয়েছে। ব্যয় সংকোচন ও সংস্কারের প্রতিবাদে গত দুই মাসে ডাকা তৃতীয় ধর্মঘট এটি। ধর্মঘটের সময় সারা দেশে তীব্র যানজট তৈরি হয়েছে। বন্ধ ছিল স্কুল, ব্যাংক ও সরকারি দপ্তরগুলো। জরুরি ব্যবস্থাপনায় চালানো হয়েছে হাসপাতালগুলো।ব্যয় সংকোচন পরিকল্পনা মেনে নিতে গ্রিসের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। জাতীয় দেউলিয়াত্ব থেকে রক্ষা পেতে এই আহ্বান জানানো হয়। কিন্তু গ্রিসের জনগণের এক-চতুর্থাংশেরই চাকরি নেই। দারিদ্র্য ও আত্মহত্যার সংখ্যা বাড়ছে। রাজনৈতিক দলগুলোর প্রতিও ক্ষোভ রয়েছে অনেকের। অবসর-ভাতা এক-চতুর্থাংশ ও ছুটির দিনের বোনাস কমানোর একটি প্যাকেজ বাস্তবায়ন করতে চায় গ্রিস সরকার। ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে তিন হাজার ১০০ কোটি ইউরো সাহায্য পাওয়া নিশ্চিত করতে এ ব্যবস্থা নিতে চায় দেশটির সরকার। আগামীকাল বৃহস্পতিবার গ্রিসের পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হবে। এতে সরকারি পরিকল্পনার পক্ষেই ভোট পড়বে বলে আশা করছে ক্ষমতাসীন জোট। তবে জোটের সবচেয়ে ছোট দল এ পরিকল্পনায় সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। ধর্মঘট আহ্বানকারী শ্রমিক সংগঠন জিএসইইর সাধারণ সম্পাদক নিকোস কিউটসোকিস বলেন, মঙ্গলবার (আজ) ও বুধবারের (কাল) হরতাল ডাকা হয়েছে ব্যয় সংকোচন ও সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন না করার বার্তা হিসেবে। তিনি বলেন, ব্যাংকঋণ পরিশোধের জন্য মানুষকে ভুক্তভোগী হতে হবে, এমন সিদ্ধান্ত খুবই অযৌক্তিক।