ব্যর্থ রাষ্ট্রের গ্লানি সামান্য কমেছে বাংলাদেশের
ব্যর্থ রাষ্ট্রের গ্লানি কিছুটা হলেও কমেছে বাংলাদেশের। ২০১০ সালে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ব্যর্থতার সূচক ২ শতাংশ কমিয়ে বাংলাদেশ এগিয়েছে পাঁচ ধাপ। তবে এখনো বিপদাপন্ন রাষ্ট্রের তালিকায় থেকে বের হতে পারেনি বাংলাদেশ।মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান ফান্ড ফর পিস এবং যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ফরেন পলিসি সাময়িকী যৌথভাবে এই তালিকা তৈরি করেছে। তালিকায় এ বছর বাংলাদেশের অবস্থান ২৪তম। এর আগের বছর অর্থাৎ ২০০৯ সালে ১৯তম অবস্থানে ছিল।সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ১২টি নির্ধারকের ওপর ভিত্তি করে ব্যর্থ রাষ্ট্রের এই তালিকা করা হয়েছে। এই নির্ধারকগুলোর ভিত্তিতে চলতি বছর বাংলাদেশের সূচক ৯৬ দশমিক ১ পয়েন্ট। গত বছর ছিল ৯৮ দশমিক ১। এক বছরে সূচক কমেছে ২ শতাংশ। ১০০ দশমিক ৩ পয়েন্ট নিয়ে ২০০৮ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২।তালিকার ১৭৭টি দেশের মধ্যে ব্যর্থতার দিক দিয়ে শীর্ষে আছে আফ্রিকার দেশ সোমালিয়া এবং দ্বিতীয় অবস্থানে শাদ। সোমালিয়ার পয়েন্ট ১১৪ দশমিক ৩। ১৮ দশমিক ৭ পয়েন্ট নিয়ে সবচেয়ে সফল দেশ নরওয়ে।তালিকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান ষষ্ঠ, পাকিস্তান দশম, মিয়ানমার ১৬তম, শ্রীলঙ্কা ২৫তম ও নেপাল ২৬তম অবস্থানে আছে।জনসংখ্যার চাপ, শরণার্থী বৃদ্ধির কারণে সৃষ্ট গুরুতর মানবিক বিপর্যয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রতিহিংসা বা গোষ্ঠীগত দুঃখ-দুর্দশা ও অভিবাসন—এই চারটি বিষয়ের ওপর ভিত্তি করে সামজিক ক্ষেত্রের অবস্থা নির্ণয় করা হয়েছে।দেশের ভেতরে অসম অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক বিপর্যয়ের ভিত্তিতে অর্থনৈতিক ক্ষেত্রের অবস্থা নির্ণয় করা হয়েছে। রাজনৈতিক অবস্থা পরিমাপ করা হয়েছে রাষ্ট্রে অপরাধের প্রবণতা বৃদ্ধি বা আইনের অভাব, জনপ্রশাসনের অবনতি, আইনের স্বেচ্চাচারী ব্যবহার ও মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন, নিরাপত্তা বাহিনী কর্তৃক ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ প্রতিষ্ঠা, এলিট শ্রেণীর উত্থান এবং বহিঃশক্তির হস্তক্ষেপের ওপর ভিত্তি করে।প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠান দুটি ব্যর্থ রাষ্ট্রের এই তালিকা প্রকাশ করে আসছে।