ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনো সম্পর্ক নেই। আজ রোববার বিকেলে মগবাজারের নিজস্ব বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমান আযমী এ দাবি করেন।আমান আযমী জানান, তিনি এবং তাঁর ছোট ভাই নুমান আযমীকে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িয়ে যেসব সংবাদ পরিবেশিত হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। একটি স্বার্থান্বেষী মহল তাঁদের পরিবারের সুনাম নষ্ট করার জন্য এসব সংবাদ পরিবেশন করছে। তিনি বলেন, ‘সেনাবাহিনীতে অভ্যুত্থানের চেষ্টার নিন্দা জানাই এবং এ কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’৩০ বছরের সামরিক জীবনে সততা, শৃঙ্খলা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বলে আযমী দাবি করেন। তিনি বলেন, ‘বর্তমান এবং সব সাবেক সেনাপ্রধান আমার দাবির পক্ষে সাক্ষ্য দেবেন। সেনাবাহিনীর জন্য ক্ষতিকর কোনো কাজ দূরের কথা বরং সেনাবাহিনীর উন্নতির জন্য কাজ করে গেছি।’অভ্যুত্থানের পরিকল্পনাকারী হংকংপ্রবাসী ইশরাক আহমেদকে গোলাম আযমের পরিবারের কেউ চেনেন না বলে দাবি করেন আযমী। তিনি বলেন, ‘আমার ছোট ভাই নুমান আযমী মালয়েশিয়া বা পাকিস্তানে অবস্থান করে ইশরাকের সঙ্গে চক্রান্ত করেছেন বলে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তাও মিথ্যা। প্রকৃত অর্থে নুমান বাংলাদেশ এবং যুক্তরাজ্য ছাড়া তৃতীয় কোনো দেশে জীবনেও যায়নি।’একটি বিদেশি টেলিভিশন চ্যানেলে নুমান আযমীর উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ সম্পর্কে আমান আযমী বলেন, ‘শুনেছি একটি মালয়েশিয়ান টেলিভিশন নুমানের সাক্ষাত্কার নিয়েছে। কিন্তু এর একটি শব্দও আমি শুনিনি।’ব্যর্থ সেনা অভ্যুত্থান সম্পর্কে সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনার মূল্যায়ন কী, জানতে চাইলে আমান আযমী সাংবাদিকদের বলেন, ‘এটি তদন্তাধীন বিষয়। সুতরাং এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’সেনাবাহিনী থেকে আপনাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে জানতে চাইলে আযমী বলেন, ‘সরকার গত বছরের ২৩ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়েছে। শুধু তা-ই নয়, সেনানিবাসে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। অথচ ৩০ বছরের চাকরি জীবনে আমার বিরুদ্ধে সামান্যতম শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল না।’