ব্যর্থ সেনা-অভ্যুত্থানে জড়িতদের বিচার হবে: এ কে খন্দকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থ সেনা-অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। জড়িতদের ধরতে গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে। আজ সোমবার সংসদে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ কে খন্দকার প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান।আহমেদ নাজনীন সুলতানার এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে এ কে খন্দকার বলেন, কিছু বিপথগামী অবসরপ্রাপ্ত ও চাকরিরত সেনা কর্মকর্তা এবং কিছু প্রবাসী বাংলাদেশি ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে দেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। সেনাবাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। এই প্রচেষ্টার সঙ্গে নিষিদ্ধঘোষিত একটি উগ্র ধর্মীয় সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে এখন পর্যন্ত ইশরাক আহমেদ নামের এক ব্যক্তির নাম পাওয়া গেছে।মন্ত্রী আরও জানান, তদন্ত শেষে অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে। এ জন্য সেনাবাহিনী পর্যায়ে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। পলাতক ব্যক্তিদের ধরার জন্য গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়। তারকাচিহ্নিত প্রশ্ন ও উত্তর টেবিলে উত্থাপিত হয়।তারানা হালিম প্রশ্ন করতে গিয়ে জানান, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে বাঁধ দিয়ে বিকল্প রাস্তা নির্মাণ করা হয়েছে। এই রাস্তা দিয়ে ত্রিপুরা রাজ্যের পালটানা বিদ্যুেকন্দ্রের ভারী যন্ত্রাংশ পরিবহন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এতে তিতাস নদীর নাব্যতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে।জবাবে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ জানান, এতে পরিবেশের ক্ষতির অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, তিতাস নদীর ওপর প্রায় ২৫০ ফুট দীর্ঘ ও ২০ ফুট প্রশস্ত একটি অস্থায়ী কাঁচা রাস্তা নির্মাণ করা হয়েছিল। এই কাঁচা রাস্তার নিচে ২১টি পাইপ ব্যবহার করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা হয়। অস্থায়ী রাস্তাটি গত ১২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে রাস্তাটি অপসারণ করা হয়।আসমা জেরীনের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী জানান, সরকার গত তিন বছরে নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ উত্পাদনকারী ৫২টি কারাখানা বন্ধ করে দিয়েছে।এ বি এম আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম জানান, দেশে এক লাখ ১৭ হাজার ৬৩১ একর সরকারি জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বেদখল অবস্থায় আছে।রেহানা আক্তারের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, বর্তমান সরকার এ পর্যন্ত এক লাখ এক হাজার ২৩৫টি পরিবারের মধ্যে ৫২ হাজার ১৭৪ একর কৃষি খাস জমি বন্দোবস্ত দিয়েছে।নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী ফারুক খান জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য কার্গো ভিলেজসহ আরও কিছু জায়গায় সিটি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। এরই মধ্যে ১৪৩টি ক্যামেরা স্থাপনের কাজ প্রক্রিয়াধীন।শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী জানান, বিমান পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হওয়ার পর প্রথম দুই বছরে লাভ করলেও পরের দুই বছরে লাভ করতে পারেনি।জাকিরুল আহমেদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধাদের স্থায়ী সনদ দেওয়ার জন্য ডেটাবেজ তৈরির কাজ চলছে। ডেটাবেজ তৈরি হলে স্থায়ী সনদ দেওয়া হবে।বেনজীর আহমদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, সরকার চলতি অর্থবছরে কৃষির জন্য ভর্তুকি খাতে চার হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ছাড় করা হয়েছে তিন হাজার ৯৫২ কোটি টাকা। আগের অর্থবছরে এ খাতে ভর্তুকি দেওয়া হয়েছে পাঁচ হাজার ৭০০ কোটি টাকা।