ব্যর্থতা ঢাকতে নির্যাতন চালাচ্ছে সরকার: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় খন্দকার মোশাররফ এ কথা বলেন। বিএনপি-সমর্থক পেশাজীবীদের নেতা এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে অ্যাগরিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) ওই সভার আয়োজন করে।খন্দকার মোশাররফ বলেন, ‘নির্বাচন হবে কি না, এটাই এখন দেশে সবচেয়ে বড় সংকট। সে সংকট সমাধান না করে সরকার এখানে সেখানে নতুন ইস্যু সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’ খন্দকার মোশাররফ অভিযোগ করেন, সব ক্ষেত্রে দেশ বিপর্যয়ের মুখে। সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে বেপরোয়া হয়ে গেছে। নিজেদের ভরাডুবি নিশ্চিত জেনে সরকার যা ইচ্ছা তা করছে। খন্দকার মোশাররফ দাবি করেন, এখন দেশে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। সরকারের প্রতি এই চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, ‘পরীক্ষা করতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।’বিএনপির এই নেতা বলেন, গায়ের জোরে নির্বাচন করতে গেলে যে সংঘাত হবে তার দায় সরকারকেই নিতে হবে।সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।