ব্যর্থতা ঢাকতে ভেলকিবাজি: ফখরুল
রাজধানীর শাহবাগে চলমান প্রজন্ম চত্বরের আন্দোলনের দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘সব ক্ষেত্রে ব্যর্থতা ঢাকতে সরকার ভেলকিবাজি শুরু করেছে। তাদের জাদুকরি খেলা জনগণের কাছে ধরা পড়ে গেছে। এখন যতই ছলচাতুরি করা হোক না কেন, এটা প্রমাণ হয়ে গেছে, আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ।’আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এর আলোচনা সভায় এসব কথা বলেন ফখরুল।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একতরফা নির্বাচন করে বাকশালী প্রেতাত্মা নিয়ে ক্ষমতাসীনেরা আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। কিন্তু বিএনপি নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না, হতেও দেবে না। তিনি বলেন, ‘এখন বসে থাকার আর সময় নেই। মানুষকে জেগে উঠতে হবে। মরণপণ সংগ্রামের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।’মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।২৩ ফেব্রুয়ারি জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশআজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় ২৩ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করার দাবিতে ১৮ দলীয় জোটের উদ্যোগে জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত হয়। এ ছাড়া ২৬ ও ২৭ ফেব্রুয়ারি বিএনপির জেলা ও মহানগরে নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।