ব্যর্থতা ঢাকতে যুদ্ধাপরাধের বিচার ও সংবিধান সংশোধন: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। আর এই ব্যর্থতা ঢাকার জন্যই যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধান সংশোধনের প্রসঙ্গ তুলছে।গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে জনমত সংগঠিত করার কর্মসূচি হিসেবে চলমান মতবিনিময় সভায় আজ বৃহস্পতিবার এসব কথা বলেন জামায়াতের দুই ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারি জেনারেল। বড় মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজনে জামায়াতপন্থী ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নেতারা।প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য নানা ইস্যু তুলছে। বাহাত্তরের পর পানি অনেক গড়িয়েছে। ৭৪ গেছে, ৭৫ গেছে। আবার সেদিকে যাবেন কেমনে? সরকার যদি বাহাত্তরের সংবিধানে ফিরে গিয়ে বিসমিল্লাহ বা আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস কথাগুলো সংবিধান থেকে তুলে দেয়, তাহলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না।ক্ষমতাসীন দলের সমালোচনা করে মকবুল আহমাদ বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়। তারা দেশের মানুষের ঈমান, আকিদা-বিরোধী শক্তি। নইলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে কীভাবে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের কথা বলে?বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, এই সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি, গোলাগুলিতে সরকার উন্নতি করেছে। সীমাহীন ব্যর্থতা ঢাকার জন্যই তারা যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধান সংশোধনের প্রসঙ্গ তুলছে।বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে সরকারের উদ্যোগের বিষয়ে এ টি এম আজহার বলেন, চাইলেও এটা করা যাবে না। এটা বাহাত্তর নয়, ২০১০ সাল। সংবিধান থেকে বিসমিল্লাহ, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দিতে পারবে না। এটা করলে তাারা ক্ষমতায় থাকতে পারবেন না।সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকার নতুন নতুন ইস্যু তৈরি করে অস্থিতিশীলতা তৈরি করছে। এটা করে তারা ক্ষমতায় থাকতে পারবে না। আমরা আপনাদের পতনের আন্দোলন করতে চাই না। আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকুন, আমরা এটা চাই। তবে জনগণকে বাধ্য করবেন না পাঁচ বছর পূর্বেই আপনাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে।’