চট্টগ্রামে পাঁচটি উড়ালসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
ব্যর্থতা ঢাকতেই আন্দোলনের হুমকি বিএনপির: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নিজেদের শাসনামলে ব্যর্থতার পরিচয় দিয়ে এখন আবার সরকারকে আন্দোলনের হুমকি দিচ্ছে। ২০০১ সালে প্রহসনের নির্বাচনে ক্ষমতায় আসার পর তারা লুটপাট ছাড়া জাতিকে আর কিছুই দিতে পারেনি। গত নির্বাচনে বিএনপি ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল অভিযোগ করে তিনি বলেন, বিএনপির বাড়াবাড়ির কারণেই ১/১১ সৃষ্টি হয়েছিল। আর কেউ যেন জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে পাঁচটি উড়ালসেতুর (ফ্লাইওভার) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে এ কথা বলেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই উড়ালসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিডিএর চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম।শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি আমার পথে কাঁটা বিছিয়ে দেবেন বলেছেন। আপনারা কাঁটার খোঁচা ছাড়া আর কী দেবেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আপনারা তো জনগণকেই কাঁটার খোঁচা দিয়েছেন।’ প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশে বলেন, যারা দুর্নীতি-লুটপাট করেছে, জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে, মানুষ হত্যা করেছে, তাদের সম্পর্কে সজাগ থাকবেন। তাদের স্থান বাংলার মাটিতে হবে না। জাতির জনকের হত্যার বিচারের রায় হয়েছে। চার নেতা হত্যার বিচারও শুরু হবে। যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।প্রধানমন্ত্রী বলেন, বহদ্দারহাটের জংশনে ২৬০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি ফ্লাইওভারের নির্মাণকাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, খাদ্য মজুদ করার জন্য চট্টগ্রামের সিএসডি গুদাম আবার চালু করা হচ্ছে। কিছুদিনের মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সংযোগকারী তৃতীয় কর্ণফুলী সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। কক্সবাজারের দুমদুম পর্যন্ত রেললাইন করা হবে। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এ ছাড়া অচিরেই কর্ণফুলী গ্যাস সিস্টেম লিমিটেডের কাজ শুরু হবে। ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে ইস্টার্ন রিফাইনারির ধারণক্ষমতা ১৩ লাখ টন থেকে ৩০ লাখ টনে উন্নীত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০১১ সালের মধ্যে এ কাজ শেষ করা হবে। এর ফলে বিশ্ববাজার থেকে ব্যারেলপ্রতি ১০ ডলার কম দামে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। গত এক বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে আমাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। পিলখানার নৃশংস হত্যাকাণ্ড, ঘূর্ণিঝড় আইলাসহ বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকতে হয়েছে। শত প্রতিকূলতার মধ্যেও আমরা দেশজ উত্পাদন ও প্রবৃদ্ধি সন্তোষজনক পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। বৈদেশিক মুদ্রার মজুদ সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও চট্টগ্রামের মহাজোটের সাংসদেরা। তবে সীতাকুণ্ডের আওয়ামী লীগ দলীয় সাংসদ এ বি এম আবুল কাশেমকে সাংসদদের সারিতে দেখা যায়নি।