ব্যর্থতার কথা স্বীকার করলেন এনএসআই কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র চালান আটকের আগে এ বিষয়ে আগাম খবর দিতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সহকারী পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী।গতকাল সোমবার আদালতে দেওয়া সাক্ষ্যে মোহাম্মদ আলী বলেন, ‘এ ঘটনার ব্যাপারে আমরা আগাম কোনো তথ্য দিতে পারিনি। এই ব্যর্থতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে কোনো কৈফিয়ত তলব করে নাই। কোনো তদন্ত কমিটিও গঠন করা হয়নি।’চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে মোহাম্মদ আলী চৌধুরী সাক্ষ্য দেন।২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। গতকাল আদালতে মোহাম্মদ আলী চৌধুরী বলেন, ঘটনার সময় তিনি চট্টগ্রামে এনএসআইয়ের উপপরিচালক জহির শাহের অধীনে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে একই পদে তিনি ঢাকায় কর্মরত আছেন। তিনি বলেন, ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনাটি পরদিন সকালে টেলিফোনে উপপরিচালক জহির শাহের কাছ থেকে তিনি জানতে পারেন। ওই দিন উপপরিচালক এ ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য মাঠ কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় পাঠান। উপপরিচালক ঘটনা সম্পর্কে একটি প্রাথমিক প্রতিবেদন সদর দপ্তরে পাঠান। পরে তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন।আদালতে দিনের কার্যক্রম শেষে বিশেষ ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ সাংবাদিকদের বলেন, মোহাম্মদ আলী চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে এ ঘটনার সঙ্গে সেই সময়ের এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। এ ঘটনা এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানত। তাই তারা কোনো পূর্বাভাস দিতে পারেনি। এমনকি পূর্বাভাস দিতে না পারার ব্যর্থতার জন্য কাউকে শাস্তিও দেয়নি। সাক্ষ্য শেষে মোহাম্মদ আলী চৌধুরীকে আসামিপক্ষের দুই আইনজীবী জেরা করেন।গতকাল বেলা একটায় আদালতের কার্যক্রম শুরু হয়। শুরুতেই এই মামলার আরেক সাক্ষী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক ডিটাচমেন্ট কমান্ডার কর্নেল (অব.) এ কে এম রেজাউর রহমানকে জেরা করেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা আসামি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর আইনজীবী কামরুল ইসলাম ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এই মামলায় আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাব্বির আলী, উপকমিশনার (বন্দর) আবদুল্লাহ হেল বাকী ও মোহাম্মদ আলী সাক্ষ্য দিতে পারেন।