নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা ৩৩তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র পূরণ ও টাকা জমা দিতে পারেননি, তাঁদের আবেদন আমলে নেবে না সরকারি কর্মকমিশন (পিএসসি)।৩৩তম বিসিএস থেকে প্রথমবারের মতো অনলাইনে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।গত ৮ মার্চ সকাল ১০টা থেকে আবেদনপত্র জমাদান শুরু হয়ে ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে। তবে শেষ দিন শনিবার অনেক প্রার্থী টেলিটকে টাকা জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন।এ বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি জারির সময় বলা হয়েছে অবশ্যই ৭ এপ্রিলের মধ্যে আবেদনপত্র পূরণ ও টেলিটকে টাকা জমা দিতে হবে। শেষদিকে চাপ পড়তে পারে—এমন আশঙ্কায় প্রার্থীদের শেষদিনের আগেই সব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বারবার সতর্ক করা হয়। কাজেই যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে ব্যর্থ হয়েছেন, তাঁদের আবেদন আমলে নেওয়ার কোনো সুযোগ নেই।পিএসসি সূত্রে জানা গেছে, ৩৩তম বিসিএস পরীক্ষায় মোট এক লাখ ৮৩ হাজার ৬২৭ জন প্রার্থী সফলভাবে আবেদনপত্র জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেছেন। এর আগে ৩১তম বিসিএসে আবেদনকারী ছিল এক লাখ ৬৪ হাজার ১৬৭ জন।