ব্যস্ত রাজধানীতে গতিহীন চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে বহুতল সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ভবন আছে ১৮টি। এসব ভবনে কর্মরত ব্যক্তিরা ৭৫০টি গাড়ি ব্যবহার করেন। আর এসব ভবনে গাড়ি রাখা যায় ৪৪২টি। এ ছাড়া এই ১৮টি ভবনে প্রতিদিন নানা কাজে অসংখ্য লোক গাড়ি নিয়ে আসেন। ফলে অন্তত ৪০০ গাড়ি রাস্তায় এলোমেলো দাঁড়িয়ে থাকে। এই গাড়িগুলো কারওয়ান বাজার থেকে বের হয়ে ভিআইপি সড়কে উঠতে গেলেই জট লেগে যায়।রাজধানীর কারওয়ান বাজারে এই জরিপ চালিয়েছেন তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার কামরুল ইসলাম। জরিপে দেখা গেছে, প্রতিদিন রাতে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক কারওয়ান বাজারে আসা-যাওয়া করছে। এর সঙ্গে আছে এক হাজারের বেশি তিন চাকার ভ্যান। গড়ে আড়াই লাখ লোক এ বাজারে আসা-যাওয়া করে। এসব লোকজন ও যানবাহনের চাপের পাশাপাশি বাস থামিয়ে লোক ওঠানো-নামানোও যানজটের বড় কারণ।ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলেন, কারওয়ান বাজারের মতো রাজধানীর সব স্থানেই যানজটের মূল কারণ প্রায় একই। বেশি যানবাহনের বিপরীতে রাস্তা যেমন কম, তেমনি মোড়গুলোও অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যখন-তখন সিগন্যাল বাতি নষ্ট হওয়ার ঘটনা। তবে কোথাও কোথাও ট্রাফিক পুলিশের অদক্ষতার কারণেও যানজট হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করেছেন।রাজধানীর বিভিন্ন রাস্তায় যানজটের কারণ অনুসন্ধানে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে প্রথম আলোর পক্ষ থেকে সরেজমিন তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব স্থান হলো মৌচাক, মগবাজার, কাকরাইল, ফকিরাপুল, সোনারগাঁও মোড়-পান্থপথ, নিউমার্কেট-মিরপুর রোড ও মিরপুর ১০ নম্বর। এতে দেখা গেছে, বেশির ভাগ স্থানেই যানজটের মূল কারণ রাস্তা দখল করে অবৈধ পার্কিং, যেখানে-সেখানে লোক তোলার জন্য বাস থামানো, মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে রাখা, অপরিকল্পিত সিএনজি স্টেশন এবং রাস্তা পারাপারে নিয়ম না মানা।বেলা সাড়ে ১১টা। মৌচাক মোড়ে ঠাঁয় দাঁড়িয়ে সব যানবাহন। ১০ মিনিট পর যখন চালু হলো, তখন গাড়িগুলোর গতি ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার। গায়ে গায়ে লাগানো একেকটা গাড়ি। ফাঁকে ফাঁকে রিকশা। প্রায় থেমে থেমেই চলছে গাড়িগুলো।গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মৌচাক-মগবাজার মোড় পর্যন্ত অবস্থান করে দেখা গেছে দীর্ঘ যানজট। রাস্তা ধরে মানুষের হাঁটাচলা, ফুটপাতের অবৈধ দখল ও রাস্তায় গাড়ি দাঁড় করানোর মতো ঘটনা সর্বত্র।বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত শাহনেওয়াজ মৃধা বলেন, নিত্যদিনই এখানে যানজট হয়। মৌচাকের আশপাশে গাড়ির চেয়ে পায়ে হেঁটেই দ্রুত গন্তব্যে যাওয়া যায়। মৌচাকের মেজবাহউদ্দিন প্লাজা শপিং কমপ্লেক্সের সামনে দেখা গেল, ভবন নির্মাণে ব্যবহূত বালু রেখে ফুটপাত বন্ধ করে রাখা হয়েছে। মানুষ চলছে রাস্তা দিয়ে। ফুটপাতের ওই অংশটুকুতে রেলিং নেই। যেদিকে রেলিং আছে, সেদিকে রেলিংকে ‘বেড়া’ বানিয়ে পসরা সাজিয়ে বসেছে হকাররা। আশপাশের বিপণিবিতানে আসা লোকজন রাস্তায় রিকশা দাঁড় করিয়ে ভাড়া মেটাচ্ছেন। অনেক রিকশাচালক আবার যাত্রীর অপেক্ষায় রিকশা নিয়ে দাঁড়িয়ে থাকেন। বলাকা কোম্পানি ও গুলশান-মতিঝিল পথে চলাচলকারী বাসগুলো মোড়ে দাঁড়িয়ে যাত্রী তোলে। মৌচাক থেকে মগবাজার মোড় পর্যন্ত পুরো পথেই ফুটপাত দখল করে গাড়ি রাখা হয়েছে।মৌচাক থেকে মগবাজার মোড় পর্যন্ত দূরত্ব ৮০০ মিটার। এই পথে দুই স্থানে সড়কের বিভাজন কেটে গাড়ি পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে ক্ষণে ক্ষণে গাড়ি পারাপার হচ্ছে। আর পেছনের গাড়ি ও সড়কের ওপর পাশের গাড়ির চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। মগবাজার মোড়কে কেন্দ্র করে দুটি সিএনজি স্টেশন স্থাপন করা হয়েছে। এর একটি রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি হাসপাতাল পেরিয়ে ট্রাফিক সিগন্যালের মুখে। অন্যটি সিগন্যাল পেরিয়ে মগবাজার রেলগেটের আগে। দুটি সিএনজি স্টেশনেই গ্যাস নেওয়ার জন্য অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারি। সারা দিনই সেখানে রাস্তার এক পাশ দখল করে গাড়ি দাঁড়িয়েছিল। কাকরাইল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশেই গাড়ির শোরুম। প্রতিটি শোরুমের সামনের ফুটপাত দখল করে গাড়ি রাখা হয়।এসব বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) সফিকুর রহমান প্রথম আলোকে বলেন, সিগন্যাল বাতির সময় নিয়ন্ত্রণ করে ডিসিসি। বাতি জ্বলার সময়ও তারাই ঠিক করে দিয়েছে। এ ব্যবস্থা পুলিশের হাতে নেওয়ার চেষ্টা করে তাঁরা ব্যর্থ হয়েছেন। ট্রাফিক আইন অমান্য করার বিষয়ে তিনি বলেন, শাস্তি সামান্য বলে চালকেরা মামলায় খুব একটা গুরুত্ব দেয় না। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পান্থপথের সোনাগাঁও ক্রসিং এবং কারওয়ান বাজার ও বাংলামোটরের দিকে বেশ যানজট দেখা গেল। পান্থপথ ও বসুন্ধরা শপিং মল থেকে আসা গাড়িগুলো সোনারগাঁও মোড়ে এসে সরু রাস্তায় পড়ছে। এতে করে সব গাড়ি রাস্তা অতিক্রম করতে পারছে না। গাড়ির গতিও কমে যাচ্ছে। ট্রাফিক পুলিশের পশ্চিম অঞ্চলের উপকমিশনার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, বিমানবন্দর সড়ক, বিজয়সরণি ও খামারবাড়ি সড়কের সব যান একসঙ্গে হয়ে সোনাগাঁও মোড়ে এসে ধাক্কা খাচ্ছে। সোনারগাঁও মোড়ে জায়গা অনেক কম। সার্ক ফোয়ারা থাকায় গাড়িগুলোকে বাঁক নিয়ে সোজা যেতে হয়। এতে করে গতি কমে যায়। সেখানে নিত্য যানজটের এটাই প্রধান কারণ বলে তিনি জানান। দুপুর একটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে দেখা গেল, একটার পর একটা বাস দাঁড়ানো। সড়কে শৃঙ্খলা বলতে কিছু নেই। আড়াআড়ি করে বাস দাঁড় করানোর কারণে পেছনের কোনো যান আর এগোতে পারছে না।বেলা আড়াইটার দিকে নিউমার্কেটের কাছে মিরপুর রোডে দেখা গেল ভিন্ন চিত্র। ঢাকা কলেজের উল্টো দিক থেকে শুরু করে গাউছিয়া পর্যন্ত রাস্তার বাঁদিকে এক সারিতে যানবাহন দাঁড় করানো আছে। মার্কেটের নিরাপত্তাকর্মীরা সেগুলো দেখাশোনার কাজ করছেন। সেখানে তাঁরাই ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন। একপাশে গাড়ি রাখায় রাস্তা সংকুচিত হয়েছে। মজার ব্যাপার হলো, মিরপুর সড়ক আটকে পার্কিং করা হলেও নিউমার্কেটের উল্টো পাশ এলিফ্যান্ট রোডের দিকে মার্কেটের সামনে কোনো গাড়ি দাঁড়াতে দেওয়া হয় না।সমাধান কাজে আসছে না: অবৈধ ও মেয়াদোত্তীর্ণ গাড়ির চলাচলও যানজট বাড়াচ্ছে। ট্রাফিক পুলিশ গত বছরের আগস্টে এসব গাড়ি উচ্ছেদে অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার গাড়ি জব্দ করে। পরে অবশ্য জরিমানা করে ও মুচলেকা নিয়ে এগুলো ছেড়ে দেওয়া হয়। পার্কিংয়ের স্থানে দোকান করা হয়েছে এমন ১৯৮টি বাড়ি চিহ্নিত করেছিল পুলিশ। আন্তমন্ত্রণালয় কমিটি সেসব পার্কিং উদ্ধারের সিদ্ধান্ত নিলেও তা আজও বাস্তবায়িত হয়নি।গত ডিসেম্বর থেকে ডিএমপি লেন মেনে ও সিগন্যাল বাতি অনুযায়ী যানবাহন চলাচলের ঘোষণা দেয়। কয়েক দিন ভালোভাবে চলার পর এখন আর তা কার্যকর নেই। ডিএমপি সূত্র জানায়, ঢাকায় সিগন্যাল বাতি আছে ৬৭টি স্থানে। এর মধ্যে আটটি ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে। বাকিগুলো ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নিয়ন্ত্রণ করে। ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাবে তা কার্যকর করা যায়নি। লেন মেনে গাড়ি চলার কথা এখনো মাইকে ঘোষণা করা হয়। কিন্তু রাস্তায় লেনই চিহ্নিত করা হয়নি।