চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে নাটক লাভ ইউ বাবা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলী ফিদা একরাম তোজো। এতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া। বাংলাভিশনে আজ ফিফটি ফিফটি ধারাবাহিকের ৫০তম পর্ব দেখানো হবে। এতেও অভিনয় করেছেন তিনি। এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার ফাহিম। কথা হলো পার্থ বড়ুয়ার সঙ্গে।এখন কোন নাটকের কাজ করছেন?ফিফটি ফিফটি। আমি তো অনেক দিন দেশের বাইরে ছিলাম, যুক্তরাষ্ট্র আর কানাডায়। তাই কিছু কাজ জমে গিয়েছিল। সেগুলোই এখন শেষ করছি। আর আজ তো নাটকটির জন্য উল্লেখযোগ্য দিন। আজ এর অর্ধশত পর্ব দেখানো হবে। ‘লাভ ইউ বাবা’ নাটকটি নিয়ে কিছু বলুন।এ পর্যন্ত আমি যে কটি নাটকে কাজ করেছি, তার মধ্যে এটি অন্যতম একটি ভালো নাটক। চমৎকার গল্প। বছরখানেক আগে কাজ করেছিলাম। তখন খুব গরম ছিল। হলি ফ্যামিলি হাসপাতালের সামনে ছিনতাইয়ের একটি দৃশ্য ছিল। তাও আবার দুপুরে। বুঝতেই পারছেন। আরেকটি দৃশ্যে ব্যস্ত রাস্তায় বেপরোয়াভাবে আমি গাড়ি চালিয়েছি। ট্রাফিক সিগন্যালে থামার পর পাশ থেকে বাসের একজন চালক বিরক্ত হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, ‘ভাই, মাথা ঠিক আছে তো, এইভাবে গাড়ি চালায়?’ আমি তাঁকে বোঝানোর চেষ্টা করলাম, শুটিং হচ্ছে। সোলসের ‘জ্যাম’ অ্যালবাম সত্যিকারের জ্যামে পড়েছে?মনে হয় না। আমরা চেষ্টা করছি ঈদের আগেই অ্যালবামটি বাজারে আনতে। যদি না পারি, তবে ঈদের পরপরই ছেড়ে দেব। তবে সবকিছুই চূড়ান্ত হবে আগামী সপ্তাহে। যুক্তরাষ্ট্রে নাকি নাটকের কাজ করেছেন?হ্যাঁ, যুক্তরাষ্ট্রের লাসভেগাস, হিউস্টন, ডালাস, অস্টিন ও নিউইয়র্কে এবং কানাডার মন্ট্রিলে গান করেছি। গানের ফাঁকে নিউইয়র্কে একটি নাটকের কাজ করেছি। নাম আমেরিকান ড্রিম। নাটকটিতে আমার সঙ্গে আরও অভিনয় করেছেন হাসান মাসুদ, নওশীন ও সিদ্দিক। ঈদের কাজের খবর কী?আমি কিন্তু ঈদের জন্য একটি কিংবা দুটির বেশি কাজ করি না। এবারও তাই করছি। পুরো নাটকেই আমি বাক্প্রতিবন্ধী। নাম এই গল্পের নাম কী। শিমুও আছেন এই নাটকে।