মৌলভীবাজার পৌরসভার ব্যস্ত সড়কের ফুটপাতগুলো দিয়ে পায়ে চলার মতো সুযোগ নেই। মানুষ বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে মূল রাস্তা দিয়েই চলাচল করে। বিভিন্ন সময় পৌর কর্তৃপক্ষ ফুটপাত দিয়ে মানুষের স্বাভাবিক চলাচলকে বাধামুক্ত করার কথা বলে এবং মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তু বাস্তবে বছরের বেশির ভাগ সময়ই ফুটপাতগুলো বিভিন্ন রকম পণ্য, দোকানের মালামাল, মৌসুমি ফল ও সবজি বিক্রেতাদের দখলে থাকে। তবে পৌর এলাকার যেসব সড়কের ফুটপাতে টাইলস লাগানো হয়েছে, সেই ফুটপাতগুলো এখন অনেকটা বাধামুক্ত এবং পরিষ্কার। কিন্তু অন্যগুলোর অবস্থা যেমন ছিল, তেমনি আছে। বছরের পর বছর ধরে দৃশ্যপট খুব একটা বদল হচ্ছে না।পথচারী এমদাদুল ইসলাম সাইফুর রহমান সড়কের মূল রাস্তা দিয়ে হাঁটছিলেন। ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে কেন হাঁটছেন—জানতে চাইলে বললেন, ‘ফুটপাত আছে নাকি! সব তো দখলে।’ এলাকাবাসী জানান, মৌলভীবাজার শহরের ব্যস্ততম সড়কগুলোর ফুটপাতের অবস্থা বিগত কয়েক বছর ধরে একই রকম। মাঝেমধ্যে পৌরসভার পক্ষ থেকে দু-একটা অভিযান পরিচালনা করা হয়। ফুটপাতের ওপর রাখা জিনিসপত্র পৌরসভার গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেটা খুবই সাময়িক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পৌরসভার অভিযান থেমে গেলেই ব্যবসায়ীরা আবার বিভিন্ন ধরনের পণ্য এনে ফুটপাতের ওপর রেখে দেন। পুনরায় ফুটপাত দখল হয়ে যায়। এমনিতেই রাস্তার বিভিন্ন স্থানে ফুটপাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। অনেক জায়গায় ফুটপাতের পরিসর অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে। তার ওপর ফুটপাতের ওপর মালামাল, দোকানের দিকচিহ্ন দিয়ে রাখা ছোট ছোট সাইনবোর্ড রাখায় ফুটপাতের অনেক স্থানেই আর চলাচল করার উপায় নেই। তখন বাধ্য হয়ে লোকজন মূল সড়ক ধরেই হাঁটেন। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। এতে বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরাই বেশি সমস্যায় পড়েন। সাইফুর রহমান সড়ক (পুরোনো সেন্ট্রাল রোড) জেলা শহরের অন্যতম প্রধান সড়ক। সড়কের দুই পাশের ফুটপাতের অবস্থা অত্যন্ত নাজুক। ইচ্ছা হলেই কারও পক্ষে এই সড়কের ফুটপাত ধরে হেঁটে চলা মুশকিল। এই সড়কটির চৌমোহনা এলাকা থেকে পশ্চিমবাজার; সেখান থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কুসুমবাগ পর্যন্ত ফুটপাতে চলাচলের মরতা অবস্থা নেই। পথচারী জুলফিকার আলী ভুট্টো প্রথম আলোকে বলেন, ‘ফুটপাত দিয়ে হাঁটা যায় না। ফুটপাত এখন শাকসবজির দখলে। কুসুমবাগ এলাকায় ফুটপাতে ফল-ফ্রুটের দোকান। চৌমোহনা থেকে কুসুমবাগ পর্যন্ত বিভিন্ন স্থানে পানের দোকান, চা-স্টল বসিয়ে দেওয়া হয়েছে।’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুটপাতের ওপর স্টেশনারি দোকান, মুদি দোকানসহ বিভিন্ন রকম দোকানের মালামাল রাখা হয়েছে। সড়কের পুরোনো থানা এলাকার নদীর পাড়ে কোনো ফুটপাত নেই। সেখানে পায়ে চলা মানুষকে বাধ্য হয়ে মূল সড়ক ধরেই হাঁটতে হয়। এতে করে প্রায়ই রিকশা ও গাড়ির সঙ্গে পথচারীর দুর্ঘটনা ঘটছে। পুরোনো থানা এলাকা থেকে পশ্চিম দিকেরও একই অবস্থা। সেখানে একপাশে ফুটপাত আছে; কিন্তু সেটিও পায়ে চলার উপযোগী না। অন্যদিকে পশ্চিমবাজার হচ্ছে শহরের সবচেয়ে জমজমাট বাণিজ্যিক কেন্দ্র। সেই এলাকায় ফুটপাত আছে কি না তা বোঝার উপায় নেই। সেখানে রাস্তার সঙ্গে ফুটপাত একেবারে মিশে গেছে। অনেক স্থানে দোকানগুলোর পণ্য ফুটপাতে এসে উপচে পড়েছে। পশ্চিমবাজার এলাকার খেয়াঘাট চৌমোহনা থেকে পশ্চিম দিকের অবস্থাও একই রকম। কোথাও দোকানের মালামাল, কোথাও হোটেলের তন্দুরির চুলা বসানো হয়েছে ফুটপাতের ওপর। আবার অনেক রড-সিমেন্টের দোকানের জিনিসপত্র আছে ফুটপাতের ওপর। এই সড়কের কুসুমবাগ এলাকার ফুটপাত পুরোপুরি ব্যবসায়ী ও হকারদের দখলে। ফুটপাতে যার যেভাবে খুশি নানা রকম পসরা নিয়ে বসেছে। এই অংশটি ঢাকা-সিলেট মহাসড়কে পড়েছে বলে সব সময় ব্যস্ত থাকে। তা ছাড়া সদর উপজেলার পশ্চিমাঞ্চলের মানুষ এ সড়ক দিয়েই চলাচল করে। বাধ্য হয়ে লোকজনকে এই ব্যস্ত সড়কের ওপর দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। একই অবস্থা সড়কটির কুসুমবাগ এলাকা থেকে বেড়িরপাড় পয়েন্ট পর্যন্ত। রাস্তার এই অংশেও ফুটপাতের ব্যবহার করতে পারছেন না পথচারীরা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একই অবস্থা শহরের সৈয়দ মুজতবা আলী সড়কের (পুরোনো হাসপাতাল সড়ক)। এই সড়কের পশ্চিমবাজার এলাকার ফুটপাত আছে কি না বোঝা যায় না। দুদিকেই বিভিন্ন দোকানোর নানা রকম পণ্যের স্তূপ। বাজার এলাকায় অনেক স্থানের ম্যানসন বা দোকান ভবনের সঙ্গে ফুটপাত মিশে গেছে। পশ্চিমবাজার এলাকার কুদরত উল্লাহ সড়কে ফুটপাত বলতে কিছু আছে কি না বোঝা যায় না। দুই পাশের ফুটপাতে দোকানগুলোর মালামাল রাখা হয়েছে। এই সড়কটি সংকীর্ণ হলেও একটি ব্যস্ত সড়ক। ফুটপাত ব্যবহার করা সম্ভব হয় না বলে পথচারীদের রাস্তা দিয়ে চলতে দারুণ দুর্ভোগে পড়তে হয়। এ ছাড়া প্রায়ই বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এই সড়কে ট্রাক ঢুকে পড়ে। মালামাল উঠানামা করতে গিয়ে চলাচলের জায়গা আরও সংর্কীর্ণ হয়ে পড়ে। পশ্চিমবাজার এলাকার জামে মসজিদ থেকে পুরো বাজার এলাকায় ফুটপাতের অস্তিত্ব নেই। এদিকে শহরের চৌমোহনা এলাকা থেকে শমশেরনগর সড়কের ১ নম্বর পুল পর্যন্ত দুই পাশে ফুটপাত আছে। কিন্তু বিশেষ করে চৌমোহনার কাছাকাছি অংশের ফুটপাতে পথচারীদের চলার কোনো সুযোগ নেই। পান ও চায়ের দোকান রয়েছে ফুটপাতের অংশজুড়ে। দিনের প্রায় বেশির ভাগ সময়ই বাইসাইকেল, মোটরসাইকেল ফুটপাতের ওপর ফেলে রাখা হয়। এই সড়কটিতে এলোপাতাড়ি গাড়ি দাঁড় করে রাখার কারণে মূল সড়ক দিয়েও পথচারীদের চলাচল মুশকিল হয়ে পড়ে। চৌমোহনা থেকে মনু নদীর ব্রিজ অংশের ফুটপাতও অনেকটা রাস্তার সঙ্গে বিলীন হয়ে আছে। রাস্তার ওপর দু-একটি স্থানে আবর্জনা ফেলে রাখা হচ্ছে। অনেকে মৌসুমি সবজি নিয়ে বসেছেন। অনেক সময় ফল, সবজি ও অন্যান্য পণ্য নিয়ে ভ্যানগাড়ি দাঁড়িয়ে থাকে। এ এলাকায় মনু সেতুর ঢালু অংশের ফুটপাতটিও অসম্পূর্ণ। এখানে রাস্তা দিয়ে চলার সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক দিন থেকে এখানে ফুটপাত দিয়ে চলার মতো অবস্থা নেই। কিন্তু ফুটপাত মেরামত বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এই পথ দিয়ে মৌলভীবাজার সদরের একাংশ, রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলাবাসী জেলা সদরে আসা-যাওয়া করেন। ফলে এই সড়কটিতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানবাহন ও পথচারীর চাপ থাকে।মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন প্রথম আলোকে বলেন, ‘কোর্ট রোড, শাহ মোস্তফা সড়ক, হাসপাতাল সড়ক এখন পরিষ্কার। অন্যান্য সড়কের ফুটপাতও আমরা অবৈধ দখল থেকে উচ্ছেদ করেছি। হয়তো উচ্ছেদের পরে আবার কিছু লোকজন বসে গেছে। মাঝেমধ্যে ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করতে হয়। আবার উচ্ছেদ করা হবে।’