ব্যস্ততা দেয় না অবসর
ঈদের দিন সরকারি, বেসরকারি বিনোদনকেন্দ্রগুলোয় মানুষের ঢল নামে। সেসব কেন্দ্রের কর্মীদের ঈদের দিনই সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে। আবার ছুটির অবসরে বিনোদন পেতে অনেকে চোখ রাখে প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে। তাই এগুলো চালু রাখতে কাজ করতে হয় সংশ্লিষ্ট কর্মীদের।ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে যায় ঢাকা। কিন্তু যারা শহরে থেকে যায়, তাদের জন্য যেমন দরকার নিরাপত্তা তেমনি দরকার পানি, বিদ্যুৎ, গ্যাস আর টেলিফোনসেবা। তাই এসবের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনেক কর্মী ঈদের দিনও হাত-পা গুটিয়ে ঘরে বসে টিভি দেখার সময় পান না।এ ক্ষেত্রে ঢাকা ওয়াসার গভীর নলকূপের কর্মীদের ঈদের দিনও ঠিক সময়মতো পানি তুলতে নলকূপ চালু করার কাজটি করতে হবে। ডিপিডিসি (ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিডেট), ডেসকোর (ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেড) বিভিন্ন নিয়ন্ত্রণকক্ষ ও গ্রিড উপকেন্দ্রগুলো ২৪ ঘণ্টাই চালু রাখতে হয়। তাই নিয়ন্ত্রণকক্ষ ও গ্রিড উপকেন্দ্রগুলোয় কর্মরত প্রকৌশলী, ফোরম্যান, টেকনিশিয়ান, লাইনম্যানদের সবাই ঈদের ছুটি পান না। অন্যান্য ধর্মাবলম্বী ও ঢাকায় যাঁদের বাসা, তাঁরা সেদিন দায়িত্বে থাকেন বলে ডিপিডিসি ও ডেসকো সূত্র জানায়।ঈদের দিন রান্নাঘরগুলো বিরাম পায় না, চুলায় একের পর এক হাঁড়ি থাকেই। আর চুলার আগুনের উৎস গ্যাস সরবরাহ সচল রাখতে তিতাসের (তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড) একশ্রেণীর কর্মীরা অন্য দিনের মতোই কর্তব্যকর্ম চালিয়ে যান। এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের যেসব কর্মী ঈদের দিনও কাজ করবেন, তাঁরা হচ্ছেন সহকারী বিভাগীয় প্রকৌশলী, উপসহকারী বিভাগীয় প্রকৌশলী, মনিটরিং অফিসার, পরিদর্শক, প্রকৌশলী, টেকনিশিয়ান, লাইনম্যান ও অপারেটর।বিটিভির পর্দায় ঈদের দিনও একঝলক আবহাওয়ার খবর নিয়ে হাজির হন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কোনো এক কর্মী। তাই আবহাওয়ার খবর আগাম জোগাড় করতে ঈদের দিনও কাজ করবেন ওই অধিদপ্তরের সিনিয়র অবজারভার, আবহাওয়া সহকারী ও ফোরকাস্টিং অফিসার।ঈদের দিনও নিরানন্দ বয়ে আনতে পারে অগ্নিকাণ্ডের মতো কোনো দুর্ঘটনা। আর এ রকম দুর্ঘটনায় ডাক পড়ে দমকল বাহিনীর। তাই এই বাহিনীর প্রতিটি বিভাগের কিছু লোক ঈদের ছুটি পান, বাকিরা কর্মরত থাকেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম নয় ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ)। তবে তার কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা, যানবাহন নিয়ন্ত্রণসহ মানুষের জানমাল নিরাপদ রাখা। এ প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার (পশ্চিম) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘ঈদের দিন আমরা ছুটি পাই না বললেই চলে। ওই দিন আমাদের কাজ আরও বেশি থাকে। রাস্তাঘাট ছাড়াও ঈদগাহ, ঈদ মেলা ও বিভিন্ন বিনোদনকেন্দ্রে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হয়।’আসছে ঈদের দিন দমকল বাহিনী ও ডিএমপিকে সাধারণ দিনের বাইরে বাড়তি কাজের জন্যও প্রস্তুত থাকতে হবে। কেননা, তাদের হাইকোর্টের পাশে জাতীয় ঈদগাহে এবারও আগের বছরের মতোই দায়িত্ব পালন করতে হবে। জাতীয় ঈদগাহে দেশের বিশেষ ব্যক্তিদের আগমনকে কেন্দ্র করেই সেখানে দায়িত্ব থাকে তাদের। সেখানে নিজ নিজ সেবা নিয়ে আরও হাজির থাকবে ডিসিসি (ঢাকা সিটি করপোরেশন), গণপূর্ত অধিদপ্তরের ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকা ওয়াসা, গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। নগরকর্তা হিসেবে খোদ ডিসিসির মেয়র জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন। এ প্রসঙ্গে ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা জানান, রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর বিষয়টি ‘প্রটোকল’-এর মধ্যে পড়ে। তাই প্রতি ঈদে তাঁকে এ দায়িত্ব পালন করতে হয়।মেয়রের মতে, সেবামূলক সংস্থা বলে ঈদের দিনও ডিসিসির কাজ থাকে। এর মধ্যে নগরের সড়কবাতি সচল রাখতে ওই দিন কাজ করবেন এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা। আর নগরের রাজপথ, অলিগলি পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা বিভাগকে সারা বছরের মতোই কাজ করতে হবে পরিচ্ছন্নতা বিভাগের সর্বস্তরের কর্মীদের।