ব্যাংক অনুমোদন হয়নি, দপ্তর খোলা হয়েছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স বা নিবন্ধন পাওয়া তো দূরের কথা, বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদনপত্রই চায়নি। কিন্তু কার্যালয় খুলে, সাইনবোর্ড টাঙিয়ে নিয়োগ-প্রক্রিয়া শুরু করে দিয়েছে ‘দি ফারমার্স ব্যাংক লি.’ (প্রস্তাবিত)। প্রস্তাবিত এ ব্যাংকটির মূল উদ্যোক্তা আওয়ামী লীগদলীয় প্রভাবশালী সাংসদ, সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি ও তাঁর সহযোগী উদ্যোক্তারা অনুমোদন পাওয়ার বিষয়ে এতটাই নিশ্চিত যে, একধরনের আনুষ্ঠানিক কার্যক্রমও তাঁরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। লোক নিয়োগে কারও কারও সাক্ষাৎকারও (ইন্টারভিউ) নেওয়া হয়েছে বলে জানা গেছে। গুলশান-১-এর জব্বার টাওয়ারের ১৩ তলায় গিয়ে দেখা গেল প্রস্তাবিত ফারমার্স ব্যাংকের সাইনবোর্ড। ভেতরে কার্যালয় তৈরির কাজ চলছে। তবে এ নিয়ে কেউই কথা বলতে চাননি। নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিতে সরকারের ওপর রাজনৈতিক চাপ রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই বলেছেন, বেসরকারি খাতে নতুন ব্যাংকের অনুমোদন দেওয়ার বিষয়টি সরকারের একটি রাজনৈতিক ইচ্ছা। ফলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাই নতুন ব্যাংকের অনুমোদন পাবেন বলে মনে করা হচ্ছে। এ কারণেই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মহীউদ্দীন খান আলমগীরের আবেদন করা ব্যাংকের নামে রীতিমতো কার্যালয় খোলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এভাবে কার্যালয় খুলে কার্যক্রম চালানো নজিরবিহীন।তবে এ বিষয়ে গতকাল মঙ্গলবার রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলোকে বলেন, আনুষ্ঠানিক অনুমোদন না পেলে তো কোনো কাজ করা যাবে না। তবে তাঁদের কাছে অনেকে চাকরি পেতে এসে নাম-ঠিকানা দিয়ে যাচ্ছেন—এ পর্যন্তই।মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, বাংলাদেশে আরও কিছু ব্যাংকের নিবন্ধন দেওয়ার সুযোগ রয়েছে। বিশেষত কিছু ক্ষেত্রে এখনো কাজ করার ও মনোযোগ দেওয়ার সুযোগ রয়েছে। তা ছাড়া নতুন কয়েকটি ব্যাংক এলে ব্যাংকিং খাতে সুস্থ প্রতিযোগিতাও হবে।২০০১ সালের পর থেকে দেশে নতুন কোনো তফসিলি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়নি। তার পরও বাংলাদেশ ব্যাংকের কাছে ৮২টি নতুন ব্যাংক স্থাপনের আবেদন জমা আছে। এর মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নতুন করে ২০টি আবেদন জমা হয়। প্রস্তাবিত ফারমার্স ব্যাংক এর অন্যতম। মূল উদ্যোক্তা হিসেবে মহীউদ্দীন খান আলমগীরের এসএমই ব্যাংক নামে আরও একটি ব্যাংকের আবেদন রয়েছে। দেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা ৪৭। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি বাণিজ্যিক, ৩০টি বেসরকারি, নয়টি বিদেশি ও চারটি বিশেষায়িত ব্যাংক রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের পর্ষদ গত মাসে অর্থমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে মতামত জানিয়ে দেয়, দেশে এখন নতুন ব্যাংকের আর প্রয়োজন নেই। পর্ষদ অর্থনীতির আকার, প্রতিযোগী ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশে তফসিলি ব্যাংক বেশি বলেই অর্থমন্ত্রীকে জানায়।তার পরও রাজনৈতিক চাপে দেওয়া হচ্ছে নতুন ব্যাংক। সরকারের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এ নিয়ে সমীক্ষাও তৈরি করছে বলে জানা গেছে। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজন আছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। নতুন ব্যাংকের আবেদন: নতুন ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে ২০০৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের একটি গাইডলাইন ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। সেখানে ব্যাংকের আবেদন কীভাবে করতে হবে, অফেরতযোগ্য কত টাকা দিয়ে কারা কীভাবে কত পরিশোধিত মূলধন নিয়ে আবেদন করবেন, তার বিস্তারিত শর্ত উল্লেখ রয়েছে। বিভিন্ন সময় জমা পড়া নতুন ব্যাংকের আবেদনগুলো এই গাইডলাইন অনুসারে হয়নি বলে জানা যায়। নিয়ম অনুসারে, কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক স্থাপনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তখন এই গাইডলাইন অনুযায়ী নতুন করে আবেদন করতে হবে।বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যেসব ব্যাংক স্থাপনের আবেদন জমা হয়েছে, তার মূল উদ্যোক্তাদের মধ্যে প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও শিক্ষাবিদ আছেন। তালিকায় জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর ব্যাংক প্রতিষ্ঠারও একটি আবেদন রয়েছে। অধ্যাপক দ্বীন মোহাম্মদ ও অধ্যাপক আজিজুর রহমানকে সঙ্গে নিয়ে কবীর চৌধুরীর প্রস্তাবিত ব্যাংকের নাম সেলফ এমপ্লয়মেন্ট ব্যাংক।মহীউদ্দীন খান আলমগীরের ফারমার্স ব্যাংকের আবেদনে মূল উদ্যোক্তা হিসেবে আছেন মো. আতাহারুদ্দিন ও এবাদুল করিম। আর এসএমই ব্যাংকে পরিচালক হিসেবে মজিবুর রহমান, এম এ রশিদ ও এ এইচ এম তাজুল ইসলামের নাম রয়েছে। মধুমতি ব্যাংকের আবেদনে চেয়ারম্যানের নাম রয়েছে হুমায়ন কবির নামের এক ব্যক্তির। কিন্তু এর মূল উদ্যোক্তা পরিচালক প্রভাবশালী সাংসদ শেখ ফজলে নূর তাপস ও শেখ সালাহউদ্দিন। এস এম শওকত আলীর আবেদন করা ব্যাংকের নাম ক্যাপিটাল ব্যাংক। প্রবাসী কমার্শিয়াল ব্যাংকের আবেদনে চেয়ারম্যান হিসেবে আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা ফরাসত আলী। মূল উদ্যোক্তা পরিচালকের তালিকায় নাম আছে মোহাম্মদ মনজুরুল ইসলাম, মাহফুজুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী কুতুবউদ্দিন আহমেদের। এনজিও ব্যক্তিত্ব হোসনে আরা বেগমের প্রস্তাবিত ব্যাংকের নাম টিএমএসএস ক্ষুদ্র পুঁজি ব্যাংক। রূপায়ণ ব্যাংক প্রতিষ্ঠার আবেদন করেছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান। বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমান আবেদন করেছেন রুরাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার। এই ব্যাংকের মূল উদ্যোক্তা হিসেবে নাম আছে মজিবর রহমানের জামাতা মিজবার রহমান এবং এইচ এম তাজুল ইসলামের।দি ব্যাংক অব এনআরবির আবেদন করেছেন মোল্লা ফজলুর রহমান, নিজাম চৌধুরী ও আরিফুর রহমান। আরবান ডেভেলপমেন্ট ব্যাংকের আবেদনে নাম আছে সাজ্জাদুল ইসলাম, মো. হেলাল মিয়া ও বিজিএমইএর সাবেক পরিচালক মহসীন উদ্দিনের। ডাইনামিক ইসলামী ব্যাংকের আবেদনকারীরা হলেন বারেকুর রহমান, মো. হেলাল মিয়া ও তাজুল ইসলাম। রয়েল ব্যাংকের প্রস্তাবক হচ্ছেন নুরুল কাইয়ুম খান, জাহাঙ্গীর আলম খান ও আজিজুল খান চৌধুরী। কে টি আহমেদ আবেদন করেছেন বন্ড অ্যান্ড মর্টগেজ ব্যাংক (বিএমবি) প্রতিষ্ঠার। এক্সপ্রেস নামে ব্যাংক পেতে আবেদন করেছেন নাসিম আহমেদ, শাহরিয়ার আলম ও এবাদুল করিম। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ব্যাংকের প্রস্তাবক হুমায়ূন কবির, তাজুল ইসলাম ও নাসির আহমেদ চৌধুরী। অ্যাপোলো ব্যাংকের আবেদনে নাম আছে সামসুল হক ভূঁইয়া, এনামুল হক, শেখ হুমায়ূন রশীদ ও আনোয়ারা হকের। জিয়াউল হাসানের প্রস্তাবিত ব্যাংকের নাম ইউনিয়ন ব্যাংক। আমাদের ব্যাংক—এই নামে ব্যাংক পেতে চান সৈয়দা নূর আফজা। পিপলস ব্যাংকের মূল উদ্যোক্তার নাম ওয়াহিদুর রহমান।সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই এসব প্রস্তাবের পেছনে প্রভাবশালী রাজনীতিবিদেরা রয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগদলীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নাম নতুন করে উদ্যোক্তাদের তালিকায় নেওয়া হবে। সরকারি সূত্রগুলো বলছে, প্রথম দিকে নতুন ১৫টি ব্যাংক দেওয়ার আলোচনা থাকলেও এনআরবি ব্যাংক নিয়ে নতুন ব্যাংক হতে পারে পাঁচটির মতো। আইনি ক্ষমতা: ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী ব্যাংকের লাইসেন্স দেওয়ার একমাত্র ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী, এ বিষয়ে কিছু নির্দেশনা দেওয়ার ক্ষমতা আগে সরকারের ছিল। এর ভিত্তিতে অতীতে রাজনৈতিক বিবেচনায় নতুন ব্যাংক প্রতিষ্ঠার জন্য সরকার কমিটি গঠন করত। কিন্তু ২০০৩ সালে বাংলাদেশ ব্যাংক অর্ডারে সংশোধনী এনে সরকারের নির্দেশনা দেওয়ার ক্ষমতা তুলে দেওয়া হয়। বর্তমান সরকারের সময় সংসদে বিশেষ আইন প্রণয়ন করে প্রবাসী কল্যাণ ব্যাংক নামে একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। এর পরও এনআরবি ব্যাংক নামে আবার একটি তফসিলি ব্যাংক স্থাপনের প্রক্রিয়া এখন চলছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের একটি সূত্র জানায়, এনআরবি ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে প্রথম দিকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের মত ছিল, বর্তমানে বাংলাদেশে ব্যাংকের সংখ্যা যথেষ্ট। অর্থনীতির আয়তন অনুযায়ী নতুন করে ব্যাংক দেওয়ার প্রয়োজনীয়তাও নেই। বাংলাদেশের মতো অর্থনৈতিক আয়তনের দেশগুলোতে ১৫-১৬টি ব্যাংক রয়েছে। তার পরও এনআরবি ব্যাংক যেহেতু অনাবাসী প্রবাসীদের মূলধনে প্রতিষ্ঠা করা হবে এবং প্রধানমন্ত্রী এনআরবি ব্যাংকের বিষয়টি ঘোষণা করেছেন, তাই ভিন্নধর্মী বিবেচনায় বিষয়টি বাংলাদেশ ব্যাংক বিবেচনাধীন রেখেছে বলে সূত্র জানায়। কোন আমলে কয়টি ব্যাংক: স্বাধীনতার পর পাকিস্তান আমলের ব্যাংকগুলোকে রাষ্ট্রীয়করণ করা হলে ব্যাংকের সংখ্যা দাঁড়ায় ছয়টিতে। এরশাদের আমলে পূবালী ও উত্তরাকে বিরাষ্ট্রীয়করণের মাধ্যমে বেসরকারি খাতে ব্যাংকের যাত্রা শুরু হয়। এরশাদের আমলে বেসরকারি খাতে মোট নয়টি ব্যাংক স্থাপন করা হয়। এরপর বিএনপির আমলে নতুন আটটি এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের আমলে ২০০১ সাল পর্যন্ত আরও ১৩টি ব্যাংকের নিবন্ধন দেওয়া হয়।