ব্যাংক উদ্যোক্তারা নীতি নির্ধারণে থাকতে চান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারণে প্রতিনিধিত্ব চায় বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে গতকাল বুধবার বিএবির ১৪ দফার মধ্যে এ দাবিটিও রয়েছে। সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেশ কিছু সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পুরোটা সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল জলিল, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।যোগাযোগ করা হলে নজরুল ইসলাম মজুমদার ফোনে প্রথম আলোকে বলেন, ব্যাংকগুলোতে যে আর্থিক বা তারল্য-সংকট চলছে, সে বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি উত্থাপন না করে প্রধানমন্ত্রীর কাছে দাবি প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাঁরা এই দাবিগুলো করে আসছেন। প্রধানমন্ত্রী কী বললেন, প্রশ্নে নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বিষয়গুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।বিএবির দাবির মধ্যে রয়েছে বিধিবদ্ধ জমা (এসএলআর) ও তার নগদ অংশ সিআরআর এক শতাংশ হারে কমিয়ে ব্যাংক খাতে সেই অর্থ ফেরত দিতে হবে। তারা বলেছে, ব্যাংকগুলো এখন গভীর তারল্য-সংকটে রয়েছে। এতে বর্তমান পরিস্থিতিতে খাদ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা ব্যাহত হচ্ছে।প্রসঙ্গত, উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশ ব্যাংক গত ডিসেম্বরে দশমিক ৫ শতাংশ হারে এবং গত বছর মে মাসে আরও এক দফা দশমিক ৫ শতাংশ হারে সিআরআর বৃদ্ধি করে। আর বিএবি গতকাল দাবি করেছে, আমানতের বিপরীতে সাধারণ ব্যাংকে ৯০ শতাংশ ও ইসলামী ব্যাংকগুলোতে ৯৫ শতাংশ হারে ঋণ দেওয়ার সুযোগ দিতে হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ব্যাংকের মোট মূলধনসহ (টায়ার ওয়ান ক্যাপিটাল) আমানত-ঋণ অনুপাত সাধারণ ব্যাংকের ক্ষেত্রে ৮৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকে ৯০ শতাংশের বেশি না হওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করে। অথচ গত ডিসেম্বর পর্যন্ত হিসাবে কোনো ব্যাংকের ঋণ-আমানত অনুপাত ১০০ শতাংশের বেশি হয়েছে। এ কারণে মুদ্রাবাজারে বড় ধরনের তারল্য-সংকট দেখা দেয়। প্রসঙ্গত, ব্যাংকগুলো বিধিবদ্ধ জমা বা এসএলআর সংরক্ষণ করে আমানতে ৮১ শতাংশ ঋণ দিতে পারে। এর সঙ্গে মূলধন যোগ করলে তার হার ব্যাংকভেদে ভিন্ন হয়।বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তর্জাতিক মান-সম্পর্কিত ব্যাসেল কমিটির সুপারিশ অনুসারে বাংলাদেশ ব্যাংক ২০১১ সালের ডিসেম্বরে ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার অনুপাত (সিএআর) ১০ শতাংশে উন্নীত করতে চায়। আর জুনে ৯ শতাংশে উন্নীত করার নির্দেশনা রয়েছে। কিন্তু বিএবি দাবি করেছে, জুন সময়টা বৃদ্ধি করে ডিসেম্বরে নিতে হবে এবং ২০১২ সালের জানুয়ারি থেকে তা ১০ শতাংশে উন্নীত করতে হবে। ব্যাংকগুলো থেকে এক নামে ঋণ নিয়ে কোনো কোনো গ্রহীতা ভিন্ন খাতে অর্থাৎ শেয়ারবাজারে খাটিয়েছে। বাংলাদেশ ব্যাংক এসব ঋণ সমন্বয় করতে ইতিপূর্বে দুই দফা সময় বৃদ্ধি করেছে। বিএবি দাবি তুলেছে, এই সময় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দেওয়া হোক। বিএবি চায় ট্রেজারি বিলের পুনঃ ক্রয় চুক্তি বা রেপো নিলামে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর ১০০ ভাগ চাহিদা পূরণ করুক।আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমার হিসাব হয় বাজারদরের ভিত্তিতে। কিন্তু বিএবি দাবি করেছে, এই হিসাব করতে হবে শেয়ার কেনার দরে। একই সঙ্গে বিএবি ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগে আইনি সীমা ১০ শতাংশ পরিপালনে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে। বিএবি মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগের সীমা বৃদ্ধির দাবি করে বলেছে, বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলো তাদের পরিশোধিত মূলধনের পাঁচ গুণ শেয়ারে বিনিয়োগ করতে পারে, যা ১০ গুণে উন্নীত করতে হবে।বিএবি আরও বলেছে, ঋণের সুদের ১৩ শতাংশ সীমা প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) ঋণের সুদের হারের ওপর দেওয়া সীমা প্রত্যাহারের পরামর্শ দিয়েছে।বিএবি দাবি করেছে, কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করে বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাবে। সংগঠনটি অশ্রেণীকৃত, শ্রেণীকৃত ঋণ ও অগ্রিমের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশন) অর্থকে পুরোপুরি করমুক্ত রাখার দাবি করেছে। তারা শেয়ারে মূলধনি আয়ের ওপর বর্তমানে ১০ শতাংশ হারে যে কর ধার্য করা আছে, তা পুরোপুরি তুলে দেওয়ার দাবি করেছে। একই সঙ্গে বিএবি সরকারের বিভিন্ন অর্থ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও বেসরকারি ব্যাংকে সমানভাবে রাখার দাবি জানায়।এদিকে বাসস জানিয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো খাদ্যশস্য আমদানির জন্য ঋণের বিদ্যমান সুদের হার ১৩-১৪ থেকে কমিয়ে ১২ শতাংশ করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদকে উদ্ধৃত করে সরকারি সংবাদ সংস্থাটি জানায়, বৈঠকে শেখ হাসিনা সুদের হার কমানোর পরামর্শ দিলে ব্যাংকের চেয়ারম্যানরা তাৎক্ষণিকভাবে তা ১২ শতাংশ করার বিষয়ে সম্মত হন। বৈঠকে প্রধানমন্ত্রী কেউ যেন খাদ্য-সংকটের কবলে না পড়ে, সে জন্য পর্যাপ্ত খাদ্য মজুদের ওপর গুরুত্বারোপ করেন।