ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তদারকের কাজটি কার!
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এর ফলে ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের শাসন আরও দুর্বল হয়ে পড়ছে। যেসব বিষয় দেখভালের দায়িত্ব ছিল কেবল কেন্দ্রীয় ব্যাংকের, সেসবও এখন অর্থ মন্ত্রণালয় সরাসরি করছে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকের এর আগে জারি করা বিধিবিধান অনুসরণের ক্ষেত্রেও ক্রমশ জটিলতা তৈরি হচ্ছে। যদিও সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী—এই চারটি বাণিজ্যিক ব্যাংকই কোম্পানিতে রূপান্তরিত হয়ে যাওয়ার পর বিধিগতভাবে সরকারের এই ব্যাংকগুলোর ওপর তেমন কোনো কর্তৃত্ব থাকার কথা নয়।অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নামের নতুন একটি বিভাগ থেকে এখন প্রতিনিয়ত রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে। সম্প্রতি এ বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় রাষ্ট্রমালিকানাধীন সব ব্যাংকের কার্যক্রম নিয়মিতভাবে পর্যালোচনা, এসব প্রতিষ্ঠানের সঙ্গে সভা করা এবং সময় সময় বিভিন্ন ধরনের নির্দেশনা জারি করে নিবিড়ভাবে তদারকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র জানায়, গত ২১ মার্চ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে এক সভায় রাষ্ট্রীয় মালিকানাধীন সব ব্যাংকের কার্যক্রম নিয়মিতভাবে পর্যালোচনা এবং নির্দেশনা জারি করে নিবিড়ভাবে তদারকির সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এখন কর্মসম্পাদন নির্দেশক (পারফরমেন্স ইনডিকেটর) তৈরি করে দেওয়া হবে সচিবালয় থেকে। ওই সূচকের ভিত্তিতে সচিবালয়ে নিয়মিত প্রতিবেদন পাঠাতে হবে তাদের। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পর্ষদ সভার কার্যবিবরণী সচিবালয়ে পাঠাতে হবে। কার্যবিবরণীর সঙ্গে বাধ্যতামূলকভাবে থাকতে হবে পর্ষদের নেওয়া উল্লেখযোগ্য বিষয় ও সিদ্ধান্তের সংক্ষিপ্তসার। সভায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে নিয়মিত সভা আয়োজনেরও সিদ্ধান্ত হয়। যদিও ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে যেকোনো নির্দেশনা দেওয়া বাংলাদেশ ব্যাংকের কাজ। ২১ মার্চের সভায় একটি সিদ্ধান্তে আরও বলা হয়েছে, সাংসদদের কোনো সুপারিশ থাকলে মাসে একবার নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করে মন্ত্রীকে অবহিত করা হবে। পরবর্তী সময়ে তা পরিচালনা পর্ষদ ও সমন্বয় অধিশাখা তা সমন্বয় করবে। যোগাযোগ করলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গঠনের প্রস্তাবটি বাংলাদেশ ব্যাংক থেকে যায়নি। সরকারের সিদ্ধান্তেই এটি গঠিত হয়েছে।’ এর বেশি মন্তব্য করতে চান না বলে তিনি জানান। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, কোম্পানি হয়ে যাওয়ার পর বাংকগুলোর সব দায়দায়িত্ব এখন পরিচালনা পর্ষদের। কোম্পানির সাংগঠনিক বিষয়াবলি চলবে সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী। আর ব্যবসায়িক বিষয়াবলি চলবে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী। সুতরাং শেয়ারহোল্ডার হিসেবে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশগ্রহণ এবং পরিচালক নিয়োগ দেওয়া ছাড়া সরকারের আর কোনো কাজ নেই। গত ৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অধীনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গঠন করা হয়। পরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল গত ১১ ফেব্রুয়ারি সচিবালয়ে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা খর্ব হওয়ার ব্যাপারে প্রশ্ন তোলে। গত ২১ মার্চ অনুষ্ঠিত সমন্বয় সভার শুরুতেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী কেন্দ্রীয় ব্যাংক ও বিশ্বব্যাংক প্রতিনিধিদলের আপত্তির বিষয়গুলো উত্থাপন করেন। সভার কার্যবিবরণী মতে, সভায় সচিব বলেছেন, নতুন বিভাগের কার্যপ্রণালী বিধিতে বাংলাদেশ ব্যাংকের যাবতীয় কার্যাবলি অন্তর্ভুক্ত করা হয়েছে—বিভাগ গঠনের পরপরই বাংলাদেশ ব্যাংক থেকে এমন একটি অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অবস্থান স্পষ্টকরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে উপস্থিত কর্মকর্তাদের কাছে তা জানতে চান তিনি। সূত্রমতে, বিভাগের দুই যুগ্ম সচিব এ সময় জানান, বিষয়টির যথাযথ নিষ্পত্তি হয়ে গেছে এবং এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে কীভাবে নিষ্পত্তি হয়েছে, সচিব তাঁদের কাছে তা জানতে চাননি, তাঁরাও ব্যাখ্যা করে বলেননি।যোগাযোগ করলে সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নামে কোনো বিভাগের আসলে দরকার নেই। এতে বাহুল্য ও অপ্রয়োজনীয় কাজ বাড়বে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কাজ ভাগ হওয়া ছাড়া আর কিছুই হবে না।’নতুন বিভাগটি হওয়ায় ব্যাংকগুলোর ওপর রাজনৈতিক প্রভাব খাটানোসহ অদক্ষতা ও কাজের দ্বৈততা বাড়বে বলেও মনে করেন সাবেক এই অর্থ উপদেষ্টা। মির্জ্জা আজিজ বলেন, ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক একভাবে এবং বেসরকারি ব্যাংক অন্যভাবে পরিচালিত হওয়ার আশঙ্কা রয়েছে—যা ব্যাংক খাতের জন্য সুখকর হবে না।’রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রথম আলোকে বলেন, নতুন বিভাগ গঠনের কারণে কাজের দ্বৈততা সৃষ্টি হবে এবং সচিবালয় থেকে আসবে রাজনৈতিক তদবির। এখন একই বিষয়ে একবার বাংলাদেশ ব্যাংক আরেকবার নতুন বিভাগের নির্দেশনা মানতে হবে এবং নির্দেশনা ভিন্ন হলে বিভ্রান্তিতে থাকতে হবে তাঁদের। যোগাযোগ করলে বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাজই করবে। এতে মন্ত্রণালয় কোনো হস্তক্ষেপ করবে না। আর সমন্বয় সভায় নেওয়া সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সাংঘর্ষিকও হবে না।’ সচিব আরও বলেন, ‘শেয়ারহোল্ডার হিসেবে রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দেখভালের এখতিয়ার অবশ্যই এ বিভাগের রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কেউ কেউ হয়তো বিষয়টি বুঝে উঠতে চাইছেন না।’ যোগাযোগ করলে বিশ্বব্যাংক বাংলাদেশের জ্যেষ্ঠ বেসরকারি খাত বিশেষজ্ঞ খুরশীদ আলম প্রথম আলোকে বলেন, ‘পরিচালনা পর্ষদের কাজ পর্ষদকেই করতে দেওয়া উচিত। আদেশ-নির্দেশ দিয়ে পর্ষদের ওপর সরকারের হস্তক্ষেপে সুশাসন পিছিয়ে পড়ার শঙ্কা থাকে।’ তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কোনো কাজে হস্তক্ষেপ করা হবে না বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আশ্বস্ত করা হয়েছে। আদতে কী হবে—সময়ই বলে দেবে।