ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ উঠিয়ে দেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ উঠিয়ে দেওয়া উচিত বলে মনে করে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত উপকমিটি। একই সঙ্গে কমিটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়োগে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার প্রতি সমর্থন জানিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে উপকমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকে হল-মার্ক কেলেঙ্কারির ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মত নেওয়া হয়। উপকমিটির আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গোলাম দস্তগীর গাজী ও এ কে এম মাঈদুল ইসলাম অংশ নেন। উপকমিটির ডাকে সাড়া দিয়ে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মাঈদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকার ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়োগ দিলে কেন্দ্রীয় ব্যাংক তা কোনো কারণে বাতিল করে না। কেন্দ্রীয় ব্যাংকের সুষ্ঠু তদারকি ক্ষমতার জন্য এ ব্যাংক বিভাগটি উঠিয়ে দেওয়া উচিত। তিনি বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়োগে বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা আছে, তার প্রতি সমর্থন জানিয়েছে কমিটি। এতে অভিজ্ঞ ব্যক্তিরা পরিচালনা পর্ষদে নিয়োগ পেতে পারবেন।সূত্র জানায়, হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংক যোগ্যতার পরিচয় দিয়েছে বলে কমিটি মত প্রকাশ করেছে।কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংক সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, হল-মার্ক অর্থ কেলেঙ্কারির ঘটনা তদন্তের কাজ কমিটি শেষ করেছে। কমিটি দ্রুত প্রতিবেদন জমা দেবে। গত ৩ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে হল-মার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির বিষয়টি খতিয়ে দেখতে উপকমিটি গঠন করা হয়। বহুল আলোচিত হল-মার্ক গ্রুপসহ ছয়টি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের শেরাটন হোটেল শাখা (বর্তমানে রূপসী বাংলা) থেকে বিধিবহির্ভূতভাবে প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকা ঋণ নেয়। এর মধ্যে ঋণপত্র জালিয়াতির মাধ্যমে হল-মার্ক ও প্যাডসর্বস্ব কয়েকটি প্রতিষ্ঠানের নামে এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, হল-মার্কের এমডি তানভীর মাহমুদ, জেনারেল ম্যানেজার (জিএম) তুষার আহমেদ, সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক (ডিজিএম) কে এম আজিজুর রহমান ও সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদকে জিজ্ঞাসাবাদ করা হয়।