ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. লুত্ফর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও রাজধানীর মতিঝিল থানায় এসব মামলা করেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা চারটি মামলার আসামিরা হলেন: মেসার্স ফাইবার গার্ডেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, তাঁর স্ত্রী ও পরিচালক শামীমা ইয়াসমিন; একই প্রতিষ্ঠানের পরিচালক সেলিম হোসেন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নারায়ণগঞ্জ টানবাজার শাখার বরখাস্ত হওয়া ব্যবস্থাপক আবু তাহের।মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নারায়ণগঞ্জ টানবাজার শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ১২ কোটি ৯০ লাখ ১১ হাজার ২৫৪ টাকা আত্মসাত্ করেন। ২০০৪ সালের ২৫ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৭ মে পর্যন্ত সময়ে এ ঘটনা ঘটেছে। মতিঝিল থানায় করা একটি মামলার আসামিরা হলেন: মেসার্স ফাইবার গার্ডেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, মেসার্স মিশা নিটওয়্যারসের মালিক মো. সোহেল ইসলাম এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখার সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ফরেন এক্সচেঞ্জ শাখার ইনচার্জ মো. সৈয়দ হাসান ইমাম। এই মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখা থেকে ২৭ লাখ ৩৯ হাজার ৮০৯ টাকা আত্মসাত্ করেন।