ব্যাংক কোম্পানি আইন সংশোধন বিলসহ তিনটি বিল পাস
কোনো ব্যাংক কোম্পানি তাদের মূলধন ও রিজার্ভের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে না। এই বিধান রেখে আজ রোববার জাতীয় সংসদে ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল ২০১৩ পাস হয়েছে।একই সঙ্গে সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বোর্ড বিল ২০১৩ এবং জাতীয় নদীরক্ষা কমিশন বিল ২০১৩ আজ পাস হয়েছে। বিরোধী দলের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে বিল তিনটি পাস হতে তিন ঘণ্টার বেশি সময় লেগেছে। তিনটি বিলই পাসের ব্যাপারে বিরোধিতা করে বিরোধী দল। বিলের ওপর দেওয়া বিরোধী দলের সদস্যদের জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।ব্যাংক কোম্পানি বিলটি সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিলের ২৬-ক ধারায় বলা হয়েছে, ব্যাংকের মূলধন ও রিজার্ভের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে না। যেসব কোম্পানির ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করেছে, তাদের তিন বছরের মধ্যে এই অঙ্ক ২৫ শতাংশে নামিয়ে আনতে হবে। আরও বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার এক বছর মেয়াদ অতিক্রম করার পর ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপক ওই কোম্পানিতে কোনো শেয়ার ধারণ করতে পারবেন না। ৪৬ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কোম্পানির প্রধান নির্বাহীকে অপসারণ করতে পারবে। আইনে ১৩ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, সব ব্যাংক, কোম্পানিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত পরিমাণে, হারে ও পন্থায় মূলধন সংরক্ষণ করতে হবে। তবে বাংলাদেশ ব্যাংক বিশেষায়িত ব্যাংককে এই ধারার বিধান হতে অব্যাহতি দিতে পারবে। ১৪-খ ধারায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একক বা যৌথভাবে কোনো ব্যাংক কোম্পানির উল্লেখযোগ্য শেয়ারের ধারক হতে পারবে না। ১৫ ধারার সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, এ আইন কার্যকর হওয়ার এক বছর পর হতে কোনো ব্যাংক কোম্পানিতে তিনজন স্বতন্ত্রসহ ২০ জনের বেশি পরিচালক থাকবেন না। তবে পরিচালকের সংখ্যা ২০ জনের কম হলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা কমপক্ষে দুজন হবেন। স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিতে হবে। কোনো ব্যাংক কোম্পানিতে একই পরিবার হতে একই সময়ে একজনের বেশি পরিচালক থাকতে পারবেন না। ১৫-(ক)ক ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। কোনো পরিচালক টানা দুই মেয়াদের বেশি পরিচালক পদে থাকতে পারবে না। সড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বিলসড়ক রক্ষণাবেক্ষণ তহবিল বিল সংসদে উত্থাপন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বিলের ওপর আলোচনায় বিএনপির শাম্মী আক্তার বলেন, ‘পদ্মা সেতুর কাজ থেকে প্রধানমন্ত্রীর পরিবারের লোকজন কমিশন নিয়েছে। সেজন্য পদ্মা সেতু হয়নি। এখন সড়ক রক্ষণাবেক্ষণ তহবিলের নামে নির্বাচনী তহবিল গঠন করা হবে।’নিলোফার চৌধুরী বলেন, ‘যোগাযোগমন্ত্রী বান্ডিল খান না। কিন্তু প্যাকেট নেন।’ তবে স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বলেন, যোগাযোগমন্ত্রী সত্। তবে সরকারের শেষ বেলায় এই বিল অর্থহীন। বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী বলেন, যোগাযোগমন্ত্রীর আন্তরিকতার অভাব নেই। তবে অর্থের অভাবে তিনি কাজ করতে পারছেন না।বিরোধী দলের সদস্যদের সমালোচনার জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, যাত্রাবাড়ী ফ্লাইওভারের মূল অংশ সেপ্টেম্বরের মধ্যে চালু হবে। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। ক্ষমতায় গেলে এর বাস্তবায়ন কাজ আপনাদেরই করতে হবে। কেন বিরোধিতা করছেন?’ নদী রক্ষা কমিশন বিলজাতীয় নদী রক্ষা কমিশন বিল সংসদে উত্থাপন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিলের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, দেশের নদ-নদীগুলোকে অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত এবং নদীদূষণ বন্ধ করতে এ আইন করা হচ্ছে। আরও বলা হয়েছে, নদীর অবৈধ দখল, পরিবেশদূষণ, শিল্পবর্জ্য দিয়ে নদীদূষণ, তীরভূমিতে অবৈধ কাঠামো নির্মাণ বন্ধ করা, নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং পরিবহনযোগ্য নৌপথ গড়ে তোলার লক্ষ্যে এ কমিশন গঠন করা হচ্ছে। বিলের ওপর আলোচনায় মাহবুব উদ্দিন বলেন, সাড়ে চার বছরে সব নদী দখল হয়ে গেছে। এখন শেষ বেলায় নদী রক্ষা কমিশন হচ্ছে। বাংলা একাডেমী বিলবাংলা একাডেমীর প্রশাসনিক পুনর্গঠন ও কাজের পরিধি বাড়াতে ‘বাংলা একাডেমী বিল ২০১৩’ আজ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। পরে এটি দুই দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।বিলটি উত্থাপনের বিষয়ে বিরোধী দলের সাংসদ সৈয়দা আশিফা আশরাফী আপত্তি জানিয়ে বলেন, বাংলা একাডেমী দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইতিহাস বিকৃত করে বই প্রকাশ করে।জবাবে আবুল কালাম আজাদ বলেন, ‘যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা পড়ালেখা না করে বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন। বাংলা একাডেমীর কাজকর্ম দেশে বিদেশে স্বীকৃত।’ বিলটি পাস হলে ১৯৭৮ সালের বাংলা একাডেমী অধ্যাদেশ রহিত হয়ে যাবে। বিলের ওপর আরও আলোচনা করেন বিরোধী দলের শহীদ উদ্দিন চৌধুরী, মোশাররফ হোসেন, জেড এই এম মোস্তফা আলী, হারুনুর রশিদ, রাশেদা বেগম, লুত্ফর রহমান, রেহানা আক্তার প্রমুখ।সবশেষে সংসদের অধিবেশন কাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়।