ব্যাংক কোম্পানি আইন সংশোধনী বিলম্বিত হচ্ছে
ব্যাংক কোম্পানি আইন সংশোধনী প্রস্তাবনার ওপর ব্যাপকভিত্তিক আলোচনা করার পরিকল্পনা রয়েছে সরকারের। আইনের দুর্বলতম দিকগুলোতে সংশোধন আনার বিষয়ে সরকার খুবই সতর্ক রয়েছে।জাতীয় সংসদের চলতি অধিবেশনে এটি উপস্থাপনের কথা থাকলেও আইনগত বিষয়গুলো কার্যকরভাবে খতিয়ে দেখার কারণে সংশোধনী প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল এ বিষয়ে বলেন, ‘অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় সংশোধনীর ব্যাপারে বিভিন্ন আইনগত ইস্যু উঠে আসছে। ভবিষ্যতে যেকোনো ধরনের আইনগত জটিলতা এড়াতে এগুলোকে বিবেচনা আনার প্রয়োজন রয়েছে।’মোস্তফা কামাল এর আগে জানিয়েছিলেন চলতি অধিবেশনেই ব্যাংক কোম্পানি আইন সংসদে উপস্থাপন করা হবে। কিন্তু আইনগত কারণে এটি বিলম্বিত হচ্ছে। তিনি বলেন, ‘আইনগত বিষয়গুলো যদি সঠিকভাবে না দেখি, তাহলে ভবিষ্যতে যে কেউ সংশোধনীর ব্যাপারে চ্যালেঞ্জ করতে পারে।’ সরকার গত বছর ব্যাংক কোম্পানি অধ্যাদেশ, ২০০৭ সংশোধনের উদ্যোগ গ্রহণ করে।বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান এ বিষয়ে বলেন, ব্যাংক কোম্পানি আইনকে অবশ্যই সংশোধনের মাধ্যমে সময়োপযোগী করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তার দায়িত্ব শেষ করেছে। এখন অর্থ মন্ত্রণালয়কে পরবর্তী কাজটুকু শেষ করতে হবে। বাসস।