ব্যাংক কোম্পানি আইন সংশোধনীর খসড়া অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক কোম্পানি আইন (সংশোধনী) ২০১৩-এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিদ্যমান ২০০৩-এর আইনটি আরও সময়োপযোগী করে দেশের ব্যাংকব্যবস্থাকে শক্তিশালী করতে এতে সংশোধন আনা হয়। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। খবর বাসসের।বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, বিদ্যমান আইনটি ২০০৩ সালে সংশোধন করা হয়। কিন্তু গত ১০ বছরে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে আন্তসীমান্ত ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন সংযুক্ত করে এই অনুমোদন দেওয়া হয়।আইনে প্রস্তাব করা হয়েছে, কোনো ব্যাংকের একজন পরিচালক তিন বছর মেয়াদে পর পর দুবার দায়িত্ব পালন করতে পারবেন। এমন দায়িত্ব পালনকারী কোনো পরিচালক পুনরায় একই ব্যাংকের পরিচালক হতে চাইলে তাঁকে কমপক্ষে এক মেয়াদ অপেক্ষা করতে হবে। এ ছাড়া, একই ব্যক্তি একাধিক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না।খসড়া আইনে বলা হয়েছে, পুঁজিবাজারে কোনো ব্যাংক কোম্পানি পেইড-আপ ক্যাপিটালের ১০ শতাংশের বেশি বিনিয়োগ করলে ওই প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা দিতে হবে। এ ধারার লঙ্ঘন অব্যাহত থাকলে পরবর্তী সময়ে এই আইন লঙ্ঘনের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন আরও ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।মোশাররাফ হোসাইন বলেন, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হচ্ছে ব্যাংকিং খাতে সুশাসন জোরদার করা, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ নিয়ন্ত্রণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ। এতে সমবায় কোম্পানিগুলোর বেআইনি ব্যাংকিং বন্ধে ব্যবস্থা নেওয়া এবং ঋণখেলাপিদের সংজ্ঞা ও সুযোগের ব্যাখ্যা রয়েছে।