ব্যাংক কোম্পানি বিল উত্থাপিত, মূলধনের ২৫ শতাংশের বেশি বিনিয়োগ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ব্যাংক কোম্পানি তাদের মূলধন ও রিজার্ভের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে না। এই বিধান রেখে আজ সোমবার জাতীয় সংসদে ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল ২০১৩ উত্থাপিত হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিলটি উত্থাপন করেন। উত্থাপনের পর বিলটি দুদিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানিগুলো নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানো এবং ব্যাংকিং খাতের ঝুঁকি কমানোর পাশাপাশি পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এই বিল আনা হয়েছে। ২৬-ক ধারায় বলা হয়েছে, ব্যাংকের মূলধন ও রিজার্ভের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে না। যেসব কোম্পানির ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করেছে, তাদের তিন বছরের মধ্যে এই অঙ্ক ২৫ শতাংশে নামিয়ে আনতে হবে। আরও বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার এক বছর মেয়াদ অতিক্রম করার পর ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপক ওই কোম্পানিতে কোনো শেয়ার ধারণ করতে পারবেন না। ৪৬ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কোম্পানির প্রধান নির্বাহীকে অপসারণ করতে পারবে। আইনে ১৩ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, সব ব্যাংক কোম্পানিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত পরিমাণে, হারে ও পন্থায় মূলধন সংরক্ষণ করতে হবে। তবে বাংলাদেশ ব্যাংক বিশেষায়িত ব্যাংককে এই ধারার বিধান হতে অব্যাহতি দিতে পারবে। ১৪-খ ধারায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একক বা যৌথভাবে কোনো ব্যাংক কোম্পানির উল্লেখযোগ্য শেয়ারের ধারক হতে পারবে না। ১৫ ধারার সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, এ আইন কার্যকর হওয়ার এক বছর পর হতে কোনো ব্যাংক কোম্পানিতে ২০ জনের বেশি পরিচালক থাকবেন না। কোনো ব্যাংক কোম্পানিতে একই পরিবার হতে একই সময়ে একজনের বেশি পরিচালক থাকতে পারবেন না। ১৫-ক ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। কোনো পরিচালক টানা দুই মেয়াদের বেশি পরিচালক পদে থাকতে পারবেন না। ১৫-গ ধারায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানিতে অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। এই নিরীক্ষা স্বাধীনভাবে পরিচালিত হবে এবং এর প্রতিবেদন ব্যাংকের অডিট কমিটির কাছে পেশ করতে হবে।