ব্যাংক খাতে সবচেয়ে বড় কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতি করে অর্থ আত্মসাতের পরিমাণ তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে একা হলমার্কই নিয়েছে দুই হাজার ৬৬৭ কোটি ৪৫ লাখ টাকা। একটি ব্যাংকের একটি শাখায় একটি কোম্পানির এই পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা আর কোথাও ঘটেছে বলে ব্যাংকিং খাতের কেউ বলতে পারেননি। বাংলাদেশে এর আগে বিভিন্ন সময়ে ঋণের নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটলেও অঙ্কের বিচারে এটি সর্ববৃহৎ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এটিই ব্যাংক খাতে বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি।এর আগে ২০০৭ সালে চট্টগ্রামের এক অখ্যাত ব্যবসায়ী নুরুন্নবী বন্দর নগরের বিভিন্ন ব্যাংক থেকে স্থানীয় ঋণপত্রের (এলসি) স্বীকৃতিপত্র দিয়ে বের করে নেন ৬২২ কোটি টাকা। এসব তথ্য-উপাত্তসহ কেন্দ্রীয় ব্যাংক সেই সময় দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠায়। ২০০৬ সালে বেসরকারি খাতের ওরিয়েন্টাল ব্যাংকের উদ্যোক্তারা হাতিয়ে নিয়েছিল ৫৯৬ কোটি টাকা। এ ঘটনায় তৎকালে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয় এবং ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অপসারণ করা হয়। পরে ব্যাংকটি পুনর্গঠন করতে হয়। প্রথম বাংলাদেশ ব্যাংক প্রশাসক বসিয়ে ব্যাংকটির আর্থিক অবস্থার প্রকৃত চিত্র বের করে। পরে বিশেষ আইন করে পরিশোধিত মূলধন বাড়িয়ে ব্যাংকটি বিক্রি করা হয় মালয়েশিয়ার এক ব্যবসায়ী গোষ্ঠীর কাছে। এর আগে ২০০২ সালে ওম প্রকাশ আগরওয়াল নামে এক ব্যবসায়ী পাঁচটি ব্যাংক থেকে জালিয়াতি করে প্রায় ৩০০ কোটি টাকা তুলে নিয়ে উধাও হয়ে যান। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট পাঁচটি ব্যাংকের এমডিকে অপসারণ করেছিল।প্রতিটি জালিয়াতি ও অনিয়মের ঘটনাই প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে প্রথম তথ্য বের হয়ে আসে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিয়েছে। হলমার্কের ক্ষেত্রেও একই হয়েছে। এর আগে আশি ও নব্বইয়ের দশকেও ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার সংস্কৃতি চালু ছিল। তবে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি ও অর্থ জালিয়াতির ঘটনা সব অতীতকে হার মানিয়েছে। এসব বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, দেখা যাচ্ছে, প্রতিটি ঘটনাতেই ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে। কিন্তু বারবারই দেখা যাচ্ছে, যে গ্রাহক এই জালিয়াতি করে অর্থ নিয়ে যাচ্ছেন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষের কাছে একটা খারাপ ঈঙ্গিত যাচ্ছে। সাধারণ মানুষ মনে করছেন, এঁরা এতটাই ক্ষমতাবান যে এঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যাচ্ছে না। বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়াম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ আরও বলেন, ‘হলমার্ক যে বিপুল পরিমাণ অর্থ বের করে নিয়ে গেছে তার পুরোটাই যে খরচ হয়েছে আমি মনে করি না। দুদক হোক, আর গোয়েন্দাদের দিয়েই হোক, হলমার্কের কাছ থেকে টাকা উদ্ধারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদের আইনের আওতায়ও নিতে হবে। কেবল তা হলেই ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।’