রংপুরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
ব্যাংক থেকে অর্থ লুটের ঘটনায় ব্যবস্থা না হলে জবাব চাওয়া হবে
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘সোনালী ব্যাংক থেকে অর্থ লুটপাটের ঘটনায় সরকার কোনো ব্যবস্থা না নিলে আমরা ধরে নেব, এ ক্ষেত্রে রাষ্ট্রের বদান্যতা রয়েছে। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া না হলে মানবাধিকার কমিশন রাষ্ট্রের কাছে এর জবাব চাইবে।’রংপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার ‘মানবাধিকার উন্নয়নে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় মিজানুর রহমান এসব কথা বলেন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সোনালী ব্যাংক থেকে এই বিশাল অঙ্কের অর্থ লুটপাটের ঘটনা দেখা আমার-আপনার দায়িত্ব নয়। রাষ্ট্র এ দায় এড়াতে পারে না।’ তিনি বলেন, এ ব্যাপারে সরকার বা রাষ্ট্র কি কোনো ব্যবস্থা গ্রহণ করবে না? তারা (রাষ্ট্র) কোনো পদক্ষেপ না নিলে মানবাধিকার কমিশন রাষ্ট্রের কাছে এর জবাব চাইবে।র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমনের কথা উল্লেখ করে মিজানুর রহমান বলেন, একটা নিরীহ ছেলেকে চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হলো। রাষ্ট্র তাঁর চিকিৎসার কোনো ব্যবস্থাই নেয়নি। একটা বেসরকারি সংস্থা লিমনকে একটি কৃত্রিম পা দিয়েছে। অথচ হাইকোর্টের নির্দেশনা ছিল, লিমনের চিকিৎসার সব ব্যয় রাষ্ট্র বহন করবে। এই নির্দেশ আজ পর্যন্ত সরকার পালন করেনি। তিনি আরও বলেন, এ ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালতের আদেশের প্রতি সরকার শ্রদ্ধা প্রদর্শন না করে বরং আদালতের আদেশ অমান্য করেছে। এটা বিচার বিভাগের আদেশ অবজ্ঞা করার শামিল বলে তিনি মন্তব্য করেন। মিজানুর রহমান বলেন, সংবিধানের সপ্তম অনুচ্ছেদে বলা হয়েছে, ‘দেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ।’ কিন্তু ১৬ কোটি মানুষের জন্য এটা কার্যকর নয়। এটা গুটিকয়েক বিত্তশালীর জন্য ব্যবহূত হচ্ছে। জনগণের জন্য এটা ব্যবহূত না হয়ে অ-জনগণের জন্য ব্যবহূত হচ্ছে। এটা কখনো কাম্য হতে পারে না।মিজানুর রহমান বলেন, মানবাধিকার কমিশনের জনবল মাত্র ২৮ জন। এঁদের মধ্যে ১৬ জন অফিস সহকারী, নিরাপত্তাকর্মী, গাড়ির চালক ও অন্যান্য কর্মচারী। চারজন কর্মকর্তা আছেন, যাঁরা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। আর আটজন হচ্ছেন কমিশনের। মাত্র আটজন জনবল দিয়ে দেশের ১৬ কোটি মানুষের মানবাধিকার রক্ষায় কোনোভাবেই সঠিক দায়িত্ব পালন করা সম্ভব নয়। তিনি জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার দাবিতে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সচিব তাজুল ইসলাম চৌধুরী, রংপুর বিভাগীয় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) বিনয় কৃষ্ণ বালা, পুলিশ সুপার সালেহ মো. তানভীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল ফায়েজ মো. আলাউদ্দিন প্রমুখ। সেমিনারে রংপুরের সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।