ব্যাংক থেকে ঋণ না নিতে সরকারকে প্রস্তাব
ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়াকে দেশের ব্যবসায়ীরা সমর্থন করে না এবং এর ফলে বেসরকারি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, ‘সরকার যেন বাজেটের অন্যান্য জায়গায় কাটছাঁট করে, যেন ব্যাংক থেকে সরকারকে আর ঋণ নিতে না হয়—এমন একটি প্রস্তাব দেওয়া হয়েছে।’ এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ শনিবার সকালে এ কে আজাদ এসব কথা বলেন। পঞ্চম এসএমই মেলা আয়োজন উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।দেশের অর্থনীতি প্রচণ্ড চাপের মুখে আছে মন্তব্য করে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘সরকারকে বছরে ২১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। ব্যাংকে মারাত্মক তারল্য-সংকট দেখা দিয়েছে। সরকার ইতিমধ্যে ব্যাংক থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। আরও ২০ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার প্রস্তাব করেছে। সরকার এভাবে ব্যাংক ঋণ নেওয়ায় ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য টাকা পাচ্ছে না।’এক প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, ‘বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনেই ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার বিষয়ে আমরা বিরোধিতা করেছিলাম। ব্যাংক থেকে ঋণ নেওয়াকে আমরা সমর্থন করি না। নতুন করে যদি সরকার আরও ২০ হাজার কোটি টাকা ঋণ নেয় তাহলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।’