ব্যাংক নোট থেকে জ্ঞানেন্দ্রের ছবি সরাচ্ছে নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, দেশে চালু সব নোট থেকে সাবেক রাজা জ্ঞানেন্দ্রের ছবি সরিয়ে ফেলা হবে। এখন থেকে নোটগুলোয় সেই জায়গায় মাউন্ট এভারেস্টের ছবি থাকবে। আর এরই মাধ্যমে নেপালে রাজতন্ত্রের সর্বশেষ চিহ্নটিও মুছে ফেলা হবে।কাঠমান্ডুতে কেন্দ্রীয় ব্যাংকের একজন মুখপাত্র জানিয়েছেন, সাবেক রাজা জ্ঞানেন্দ্রের ছবির পরিবর্তে এখন নোটগুলোতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের ছবি থাকবে। দেশে সব নতুন নোট এখন এই ছবিযুক্ত করেই ছাপানো হবে।রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বছর দুই পরেই এ সিদ্ধান্ত নেওয়া হলো। উল্লেখ্য, ওই ঘটনার মাধ্যমেই নেপালে ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।ব্যাংকের মুখপাত্র অবশ্য বলেছেন, রাজার ছবিসংবলিত নোটগুলো চালু থাকবে। পর্যায়ক্রমে সেগুলো তুলে নেওয়া হবে। এভাবে তুলে নেওয়ার কাজটা ২০১১ সালের মাঝামাঝি শেষ হবে।—পিটিআই