প্রথম আলোর গোলটেবিল ব্যাংক কীভাবে চলছে, কীভাবে চলবে
ব্যাংক পরিচালনার যোগ্যতা কোনো সরকারের নেই
সত্য ও জবাবদিহি কমিশনে (ট্রুথ কমিশন) নিজেই দুর্নীতির কথা স্বীকার করেছিলেন সোনালী ব্যাংক থেকে সদ্য ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া কর্মকর্তা মইনুল হক। তাঁকে কীভাবে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) করা হলো—এই প্রশ্ন তুললেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।এই প্রশ্নকে কেন্দ্র করেই অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কী কাজ, তারা কীভাবে মইনুল হককে ডিএমডি করল, এর জবাবদিহি কী, তাদের যোগ্যতা ও দক্ষতা, লোকবলের প্রসঙ্গগুলো এসে পড়ে। একে একে আর্থিক খাতের বিশেষজ্ঞরা সবাই এই বিভাগ ভেঙে দেওয়ার প্রস্তাব করেন। তাঁরা বলেন, ব্যাংক পরিচালনার যোগ্যতা কোনো সরকারেরই নেই। কোম্পানি মডেলের ব্যাংক করে আমলাতান্ত্রিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা সাংঘর্ষিক।প্রস্তাব আসে, বেসরকারি ব্যাংকের মতো রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর নজরদারির সব দায়িত্বই বাংলাদেশ ব্যাংকের হাতে দিতে হবে। হলমার্কের ঘটনার পর দায় দিয়ে সোনালী ব্যাংকের গোটা পরিচালনা পর্ষদকেই বদলে ফেলতে হবে।আকবর আলি খান বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক চালানোর যোগ্যতা কোনো সরকারের নেই। ৪০ বছর ধরে এটা প্রমাণিত হয়েছে। সব বক্তার সুরও ছিল একই রকম। তবে আকবর আলি খান আরও এক ধাপ এগিয়ে প্রস্তাব করেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে। তিনি বলেন, সোনালী ব্যাংকে হলমার্ক কেলেঙ্কারির মধ্য দিয়ে বলা যায়, সরকারের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।হলমার্ক কেলেঙ্কারি স্বতন্ত্রভাবে তদন্ত করতে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি করার প্রস্তাব দেন আকবর আলি খান। এতেও সম্মতি মেলে অন্য আলোচকদের।ইব্রাহিম খালেদ বলেন, ‘আস্থা আনতে হলে কর্মকর্তাদের শুধু নয়, হলমার্ককে ধরতে হবে। দুদককে দিয়ে হবে কি না, জানি না। তবে র্যাবকে দিয়ে রিমান্ডে নিয়ে হলমার্কের কাছ থেকে টাকা আদায় করতে হবে। বলতে হবে ২০ গুণ টাকা কোথায় আছে। সরকারের শক্তি দিয়ে টাকা উদ্ধার করতে হবে।’প্রথম আলোর গোলটেবিল বৈঠকে গতকাল রোববার এই আলোচনা ও প্রস্তাব আসে। আলোচক ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ও আকবর আলি খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এম এ তসলিম ও সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি রায়হানা আনিসা ইউসুফ আলী। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ‘ব্যাংক কীভাবে চলছে, কীভাবে চলবে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সম্পাদক মতিউর রহমান উপস্থিত ছিলেন।অশনিসংকেত: সালেহউদ্দিন আহমেদ বলেন, হলমার্কের অর্থ হাতিয়ে নেওয়াটা নজিরবিহীন। এটা স্বাভাবিক ঋণ নয়। এটা অসৎ উদ্দেশ্যে অর্থায়ন করা হয়েছে। ভেতর ও বাইরে থেকে সব ব্যবস্থায় চিড় ধরিয়ে করা হয়েছে। কর্মকর্তাদের ও বাইরের শক্তির যোগসাজশের অদ্ভুত এক সংযোগ হয়েছে এ ক্ষেত্রে। এটা একটা অশনিসংকেত।একইভাবে এম এ তসলিম একের পর এক অপরাধের বর্ণনা করে তা সামষ্টিক অর্থনীতি ও দেশের জন্য ভালো নয় বলে উল্লেখ করেন।পর্ষদ ভেঙে দিতে হবে: সালেহউদ্দিন আহমেদ সোনালী ব্যাংকের পর্ষদের দায়বদ্ধতার প্রশ্ন তুলে বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয়। প্রতি সপ্তাহে পর্ষদের সভা হয়। ব্যাংকভেদে বড় ঋণ পর্ষদে ওঠে। তিনি বাংলাদেশ ব্যাংককে আরও একটু শক্ত হয়ে পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ নয়, বরং তারাই ভেঙে দিতে পারত বলে মত দেন।ইব্রাহিম খালেদও পর্ষদ ভেঙে দেওয়ার পক্ষে মত দেন। সালেহউদ্দিন আহমেদ সোনালী ব্যাংকের এমডি ছিলেন উল্লেখ করে ইব্রাহিম খালেদকে প্রশ্ন করেন, এই ব্যাংকের পরিশোধিত মূলধন এক হাজার ১২৫ কোটি টাকা, সংরক্ষিত মূলধন সাড়ে চার হাজার কোটি টাকা, তাহলে কীভাবে একক গ্রাহক ঋণসীমা অতিক্রম করে এই দায় সৃষ্টি করা হলো? ইব্রাহিম খালেদ বলেন, ‘আমি এটা বুঝিও না, কীভাবে আপনার জবাব দেব!’টাকা আদায় করতে হবেই: এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে যাঁরাই জড়িত, তাঁদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা নিতে হবে। দণ্ডবিধি, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, অর্থঋণ আদালত ও এনবিআর আইন—যে আইনেই হোক, প্রয়োগ করতে হবে। আকবর আলি খান হলমার্ক কেলেঙ্কারি উদ্ঘাটনে সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে কমিটি করার প্রস্তাব দেন। আব্দুল কাইয়ুম সমাপ্তি বক্তব্যে তাঁর প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি করেন। এর আগেই ইব্রাহিম খালেদ র্যাবকে দিয়ে হলমার্কের কাছ থেকে টাকা আদায়ের প্রস্তাব করেন। সালেহউদ্দিন আহমেদ উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে কালক্ষেপণ হচ্ছে। অতিদ্রুত ও দৃশ্যত ব্যবস্থা নিতে হবে। নিয়োগে বাছাই কমিটি: রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে পরিচালক ও শীর্ষ নির্বাহী নিয়োগে সার্চ বা বাছাই কমিটি গঠনের প্রস্তাব করেন ইব্রাহিম খালেদ। তিনি বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে লোক নির্বাচন পদ্ধতিতে সমস্যা আছে। আমলাতান্ত্রিক ও কোম্পানি মডেলের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গঠন সাংঘর্ষিক। এই বিভাগ তৈরি করে ব্যাংক খাতকে সংকটে ফেলে দেওয়া হয়েছে। এই বিভাগ তুলে না দিলে সংকট কাটানো যাবে না। একই সঙ্গে জনমনের ধারণাকে বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ দেওয়ার সুপারিশ করেন তিনি। তিনি বলেন, কাঠামো গুরুত্বপূর্ণ, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনের মানুষটি।রায়হানা আনিসা ইউসুফ আলী বলেন, তাঁর দায়িত্বকালীন জনমনের ধারণাকে বিবেচনায় নিয়ে পদোন্নতি দিয়েছিলেন। তার পরও কয়েকটি ক্ষেত্রে সেটা ধরে রাখতে পারেনি সোনালী ব্যাংক। হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে পর্ষদ বলছে তারা জানে না, এটা হতে পারে না।গণমাধ্যম আয়না: আকবর আলি খান ভালো কাজের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী গণমাধ্যমের সমালোচনা করেছেন। আমি ধন্যবাদ জানাই।’ তিনি আরও বলেন, ‘আয়নায় যে চেহারা দেখা যায়, সেটা আয়নার দোষ নয়, সেটা চেহারার দোষ। গণমাধ্যম আয়না। গণমাধ্যম এটা সৃষ্টি করেনি। আমি গণমাধ্যমের সাহসী ভূমিকায় অভিনন্দন জানাই।’ তিনি একই সঙ্গে আওয়ামী লীগের নেতাদেরও অভিনন্দন জানান। বলেন, এই প্রথম আওয়ামী লীগের নেতারা সঠিকভাবে বলেছেন। সরকার ও দলের মধ্যে যে প্রভেদ থাকে, এটা তারই প্রমাণ। এটা গণতান্ত্রিক অগ্রগতি বলে তিনি মত দেন।একটার পর একটা আর্থিক অপরাধ: এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, অর্থনীতির সুশাসন ভেঙে পড়েছে। শেয়ারবাজার, ডেসটিনি, পদ্মা সেতুর পর হলমার্ক। এভাবে অর্থনীতির ন্যূনতম শৃঙ্খলা ভেঙে পড়েছে।এম এ তসলিম বলেন, বৃহত্তম আঙ্গিকে বলতে পারি, ব্যবস্থাপনা পদ্ধতি ভেঙে পড়েছে। প্রথমে শেয়ারবাজারে কেলেঙ্কারি। এর সঙ্গে ৩০ লাখ মানুষ জড়িত বলা হচ্ছে। কিন্তু এই কেলেঙ্কারি উদ্ঘাটনে দায়িত্ব পালন করা তদন্ত কমিটির যিনি চেয়ারম্যান, তাঁকেই কাঠগড়ায় দাঁড়াতে হলো। আর যাঁরা এটি ঘটালেন, তাঁরা নামী-দামি, তাঁদের মানহানি হবে বলে তাঁদের নাম প্রকাশ করাও যাবে না বলা হলো।এম এ তসলিম বলেন, একটা অপরাধ চাপা পড়ছে আরেক অপরাধ দিয়ে। সাবেক রেলমন্ত্রীর ঘটনা চাপা পড়ল একজন রাজনীতিবিদের গুম হওয়া দিয়ে। সেটি চাপা পড়ল সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি দিয়ে। এরপর কী আসবে কে জানে। প্রতিটি ক্ষেত্রে অপরাধী পার পেয়ে যাচ্ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়সহ সব জায়গাতেই এটা হচ্ছে। পুলিশের নেতৃত্বের শৃঙ্খলা ভেঙে পড়ার সংবাদ প্রকাশিত হয়েছে। সব জায়গাতেই এ অবস্থা হচ্ছে। ভুল সংকেত: অর্থমন্ত্রীর ‘চার হাজার কোটি টাকা এমন কিছু নয়’ বক্তব্যের সমালোচনা সবাই করেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, বলা হচ্ছে যে দুই হাজার কোটি টাকা পেয়ে যাব। এতে ভুল সংকেত যাচ্ছে। এর ফলে হলমার্ক সময় পেয়ে যাচ্ছে। তদবির করতে তৎপর হবে। তিনি যুক্তরাষ্ট্রে শেয়ার কেলেঙ্কারিতে বার্নার্ড লরেঞ্জ ম্যাডফের ৯৯ বছরের জেল হওয়ার প্রসঙ্গ তুলে বলেন, তাঁর ঘড়ি থেকে শুরু করে সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ক্ষেত্রেও তা-ই করা উচিত।মূল্যায়ন ও আইন সংশোধন: ইব্রাহিম খালেদ আইন সংশোধনের প্রস্তাবগুলো সচিবালয়ে না পাঠিয়ে সরাসরি সংসদে পাঠানো যায় কি না, সেই প্রস্তাব করেন। বিড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে—প্রশ্ন তোলেন এম এ তসলিম। ইব্রাহিম খালেদ বলেন, নাগরিক সমাজ, সাংবাদিক, শিক্ষক—সবাইকে এগিয়ে আসতে হবে। শক্তি সঞ্চয় করতে হবে। কারও কাছে মাথা নত করা যাবে না। ভয়াবহ অপরাধ প্রতিরোধে প্রতিষ্ঠান: বিলেতে বড় অপরাধ বিষয়ে তদন্ত ও ব্যবস্থা নিতে ‘ভয়াবহ অপরাধ প্রতিরোধ’ নামে একটি বিশেষ প্রতিষ্ঠান আছে উল্লেখ করে আকবর আলি খান এমন প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরির প্রস্তাব করেন। আকবর আলি খান আরও বলেন, হলমার্ক কেলেঙ্কারিতে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য রহস্যজনক। সোনালী ব্যাংকের এমডি বলছেন, এই টাকা না পেলে সমস্যা হবে। তাঁরা ঋণ দিতে পারছেন না বলে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আর অর্থ মন্ত্রণালয় বলছে, অল্প টাকা এতে কোনো সমস্যা হবে না। তা হলে এমডি কি মিথ্যা বলছেন—প্রশ্ন রাখেন তিনি।আকবর আলি খান আরও বলেন, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বাংলাদেশ ব্যাংক সুপারিশ করলে বলা হলো, এখতিয়ার নেই। অথচ গ্রামীণ ব্যাংক সরকারি আইন দিয়ে প্রতিষ্ঠিত। ব্যাংক কোম্পানি আইনের একই ধারায় এর এমডিকে বাংলাদেশ ব্যাংক অব্যাহতি দিল। তিনি এ নিয়েও সবশেষে প্রশ্ন তোলেন।