ব্যাংক স্থানান্তর হলেও উদ্ধার হয়নি রাইফেল-গুলি
বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী থেকে সোনালী ব্যাংকের একটি শাখা স্থানান্তর করা হলেও গত ৪ মাসে পুরোনো শাখায় থাকা ব্যাংকের একটি রাইফেল, ৩১টি গুলি (বুলেট),অগ্নিনির্বাপক যন্ত্র, দলিল-কাগজপত্রসহ অন্যান্য আসবাবপত্র উদ্ধার করা যায়নি। এলাকাবাসীর প্রতিরোধের কারণে ব্যাংক এসব উদ্ধার করতে পারছে না।এদিকে কৃষি ঋণের অনেক কাগজপত্রও আনতে না পারায় সরকারি কৃষি ঋণের সুবিধা নিতে পারছে না সাধারণ কৃষকেরা।সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী হাটে দেশ স্বাধীন হওয়ার পরে সোনালী ব্যাংকের একটি শাখা স্থাপন করা হয়। শাখার নাম দেওয়া হয় সোনালী ব্যাংক, হরিখালী হাট শাখা। শাখাটি প্রাথমিকভাবে লাভের মুখ দেখলেও ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ে টানা লোকসান গুনতে হয় । দীর্ঘ ১০ বছর একটানা লোকসানের কারণে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা হরিখালী শাখাটি স্থানান্তরের জন্য ২০০০ সালে সিদ্ধান্ত নেয়। কিন্তু স্থানীয় জনগণের বাঁধার মুখে তা সম্ভব হয়ে ওঠেনি। এভাবে আট বছর যাওয়ার পর ২০০৯ সালের জানুয়ারি মাসে ব্যাংকটি হঠাৎ রাতের আঁধারে সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজে সরিয়ে নেওয়া হয়। কাগজে-কলমে শাখাটি স্থানান্তর হলেও হরিখালী শাখার স্ট্রংরুম তালাবদ্ধ অবস্থায় থাকায় সেখানে রক্ষিত ৩১টি বুলেটসহ রাইফেল একটি, অগ্নিনির্বাপক যন্ত্র তিনটি, ফাইল কেবিনেট একটি, প্রজেক্ট গ্রাফ মেশিন একটি, স্টিলের ট্রাংক পাঁচটি, লোন লেজার কার্ড বক্স ও গুরুত্বপূর্ণ নথিপত্র, লেজার রেজিস্ট্রার, ভাউচারসহ অন্যান্য কাগজপত্রের ১০টি বস্তা আনা সম্ভব হয়নি ওই রাতে। রাতের আঁধারে ব্যাংক স্থানান্থর করায় এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ব্যাংকের কোনো জিনিস নিতে দেবে না বলে ঘোষণা দেয়। সোনাতলার মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, এলাকার মানুষের সহযোগিতা না নিয়ে রাতের আঁধারে তারা ব্যাংকটি সরিয়ে নিয়ে গেছে। সাধারণ মানুষের বক্তব্য, কেন তারা রাতে সরিয়ে নিয়ে গেল। ব্যাংকটি সরিয়ে নেওয়ার কারণে সাত কিলোমিটার দূরে গিয়ে বয়স্ক ও বিধবা ভাতা তুলতে যেতে হচ্ছে মানুষকে। এ জন্য গাড়ি ভাড়া করতে হচ্ছে এক শ টাকায়। মনোয়ার হোসেন আরও বলেন, বিষয়টি নিয়ে প্রশাসন এসে আলাপ করেছে স্থানীয় লোকজনের সঙ্গে। তাদের একটাই দাবি, হরিখালীতে ব্যাংক চাই। এ ব্যাপারে সৈয়দ আহম্মদ কলেজ সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আজাহার আলী জানান, থানায় মালামাল উদ্ধারের জন্য সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রশাসন থেকে চেষ্টা চলছে। সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ কবির জানান, বিষয়টি নিয়ে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা হয়েছে।