শিল্প ও ব্যবসা-বাণিজ্যের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ারবাজারে খাটানো অর্থ সমন্বয় করার সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গতকাল রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, এক কোটি বা তার বেশি অঙ্কের টাকা ঋণ করে যেসব গ্রহীতা ভিন্ন খাতে তা ব্যবহার করেছেন, সেসব ঋণ সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে। একইভাবে যেসব গ্রাহক এক নামে ঋণ করে ভিন্ন খাতে তা ব্যবহার করেছেন, তা সরেজমিন তদন্ত করে ব্যাংকগুলোকে বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে।এদিকে আগের দিন অর্থাৎ বুধবারের মতো গতকালও মুদ্রাবাজারে নগদ অর্থের জন্য ছিল হাহাকার। এদিনও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মুদ্রাবাজার থেকে স্বল্পসময়ের জন্য অর্থ সংগ্রহ করতে (কলমানি) সর্বোচ্চ ১৮০ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয়েছে। যেসব ব্যাংক এত উচ্চ সুদে কলমানি নিচ্ছে তাদের শীর্ষস্থানীয় নির্বাহীকে কেন্দ্রীয় ব্যাংকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, শীর্ষস্থানীয় নির্বাহীদের কাছে তাঁদের ব্যাংকের তহবিল ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হবে।বিকেল চারটায় শেয়ার বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, সদস্য ইয়াসিন আলী, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে গভর্নর আতিউর রহমানের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী, মুরশিদ কুলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠক শেষে এসইসির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, তাঁরা দুই নিয়ন্ত্রক সংস্থা একটি সমন্বয় সভা করেছেন। এখন থেকে নিয়মিত সমন্বয় সভা করবেন। তিনি জানান, ইতিমধ্যেই এসইসি শেয়ারবাজারকে সহায়তা দিতে কিছু সিদ্ধান্ত নিয়েছে।জিয়াউল হক খোন্দকার গতকালের বাজার পতনকে বড় ধরনের সংশোধন উল্লেখ করে বলেন, এর মধ্যে কোনো কারসাজি আছে কি না তা খতিয়ে দেখতে হবে। তিনি এসইসির চারটি সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, এসইসি ঋণসীমা (শেয়ারের লোন মার্জিন) বাড়িয়েছে, ব্রোকারেজ মার্জিন প্রত্যাহার করেছে, ঋণ দেওয়ার ক্ষেত্রে নেট সম্পদ সূত্র প্রত্যাহার করেছে এবং দুটি কোম্পানিকে ‘তাৎক্ষণিক বাজার’ থেকে ‘নিয়মিত বাজারে’ ছেড়ে দেওয়া হয়েছে।জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, তাঁরা ইতিমধ্যেই ব্যাংক থেকে ঋণ নিয়ে ভিন্ন খাতে খাটানো অর্থ সমন্বয়ের সময়সীমা এক দফা বাড়িয়েছেন। এসইসির সঙ্গে বৈঠকের পর আরও এক দফা বাড়ানোর চিঠি আজ সোমবার ব্যাংকগুলোতে পাঠানো হবে। ডেপুটি গভর্নর জানান, মুদ্রাবাজারে নগদ অর্থের ঘাটতি সামাল দিতে তাঁরা গতকাল অতিরিক্ত এক হাজার কোটি টাকা বাজারে সরবরাহ বাড়িয়েছেন। প্রসঙ্গত, ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই অর্থ শেয়ারবাজারে খাটানোর তথ্য পেয়ে কেন্দ্রীয় ব্যাংক তা আগামী ১৫ জানুয়ারির মধ্যে সমন্বয় এবং এর বিস্তারিত তথ্য ১৪ ডিসেম্বরের মধ্যে পাঠাতে নির্দেশ দিয়েছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক এই সময়সীমা ১৫ দিন এবং গতকাল আবারও ১৫ দিন বাড়াল। কলমানি পরিস্থিতি: গতকাল মুদ্রাবাজার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বনিম্ন আট শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ১৮০ শতাংশ সুদ হারে কলমানি নিয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ দরে এক-আধটা লেনদেন হয়েছে। জানা গেছে, সকালের দিকেই কলমানির সুদের হার বেড়ে যায়। এ সময় সর্বনিম্ন সুদ হার উঠে যায় ৫৫ শতাংশে। বেশির ভাগ লেনদেন হয় ১০০ থেকে ১৫০ শতাংশের মধ্যে। বাংলাদেশ ব্যাংক রেপো ও তারল্য-সহায়তার মাধ্যমে বাজারে বড় অঙ্কের নগদ অর্থ সরবরাহ করলে দুপুরের পর মুদ্রাবাজারে সুদের হার কমে আসে। শেষদিকে ৫০ শতাংশের নিচে বেশ কিছু লেনদেন হয়েছে। আগের কার্যদিবস অর্থাৎ বুধবার কলমানির সর্বোচ্চ সুদের হার ছিল ১৭৫ শতাংশ। মুদ্রাবাজার পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক গতকাল বাজারে প্রায় সাত হাজার কোটি টাকা ধার দিয়েছে। গতকাল রেপোর মাধ্যমে ২৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তিন হাজার ২৭৫ কোটি টাকা জোগান দেয় বাংলাদেশ ব্যাংক, যা আগের দিনের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা বেশি। অন্যদিকে ১৪টি প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গতকাল তিন হাজার ৮৩৮ কোটি টাকার তারল্য-সহায়তা দেওয়া হয়েছে। রেপো ও তারল্য-সহায়তার সুদের হার ছিল সাড়ে পাঁচ শতাংশ। তবে রেপো নিলামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ অর্থ চেয়েছে, কেন্দ্রীয় ব্যাংক তার ২৫ শতাংশ জোগান দেয়। রেপোর চাহিদা ছিল ১২ হাজার ৪৫৫ কোটি টাকা। সূত্রগুলো জানায়, গত কয়েক দিনের ধারাবাহিকতায় গতকালও ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা আরও বেড়ে যায়। সকালে একটি বড় বেসরকারি ব্যাংক কলমানিতে ২৮০ কোটি টাকা ধার করে। ব্যাংকটি ১১৫ থেকে ১৭৫ শতাংশ সুদে অর্থ ধার করে। গতকালের মুদ্রাবাজার ছিল ক্রেতার বাজার।