ব্যাংকক এখন রণক্ষেত্র
থাই সেনাবাহিনী ব্যাংককে রেড শার্ট-ধারী বিক্ষোভকারীদের ঘাঁটি দখল করার লক্ষ্যে আজ শুক্রবারও গোলাগুলি চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন নিহত হয়েছে বলে জানা গেছে।সরকারের একজন মুখপাত্র পানিতান ওয়াট্টানায়াগর্ন বিবিসিকে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ব্যারিকেড ভাঙার চেষ্টা নয়, ওই এলাকাটাকে শুধু ঘিরে ফেলতে চেষ্টা করছে। হাজার হাজার বিক্ষোভকারী তাদের জনবল ও রসদ নিয়ে ব্যাংককের মূল বাণিজ্যিক এলাকা বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখেছে। থাই নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেলার জন্য এখনো গুলি চালাচ্ছে। হেলিকপ্টার থেকেও সেখানে গুলি ছোড়া হচ্ছে। গোলাগুলিতে ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক এবং একটি থাই পত্রিকার সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। সব মিলে জায়গাটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত রাতেই নিরাপত্তা বাহিনী শহরের কেন্দ্রে রেড শার্ট-ধারীদের ঘাঁটির বিদ্যুত্ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নতুন নির্বাচনের তারিখ ঘোষণা। এই রেড শার্ট-ধারীদের মধ্যে অনেকেই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক। থাকসিন ২০০৬ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার থাই বিক্ষোভকারী রেড শার্টে-ধারীদের প্রতি সহানুভূতিশীল একজন জেনারেল গুলিবিদ্ধ হয়েছেন।ওই জেনারেল হলেন খাটিয়া সওয়াজদিপাল; যিনি রেড শার্ট কমান্ডার নামে পরিচিত। তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।