ব্যাংকক থেকে আসছে প্রিন্সের নতুন সঙ্গী
‘ও পাখি তোর যন্ত্রণা, আর তো প্রাণে সয় না...’ বাংলা সিনেমার গানটি খুব জনপ্রিয় হয়েছিল একসময়। দুর্লভ প্রজাতির ম্যাকাও দম্পতি প্রিন্স ও প্রিন্সেস এখন যন্ত্রণায় কাতর। ওদের বিচ্ছেদ ও নিঃসঙ্গতা মানুষের মধ্যে আকুলতা তৈরি করলেও দুই মালিক এখনো অনড় নিজ নিজ অবস্থানে।সর্বশেষ খবর হচ্ছে, পুরুষ পাখি প্রিন্সের জন্য নতুন ঘর বাঁধার তোড়জোড় চলছে। ওর সঙ্গে জুটি বাঁধতে আরেকটি মেয়ে পাখি আনা হচ্ছে ব্যাংকক থেকে। যেকোনো দিন বিমানে ঢাকায় এসে নামবে প্রিন্সের এই হবু সঙ্গী। প্রিন্সের মালিক ইকরাম সেলিমের বাবা সেলিমুজ্জামান প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, ‘মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলেই তো হয়। না হলে ছেলেকে বিয়ে দিতেই হবে।’ তিনি আরও বলেন, ‘উনি (প্রিন্সেসের মালিক) অনুমতি ছাড়াই জোড় বেঁধেছেন। পাখির বাচ্চা ফুটিয়ে বিক্রি করেছেন। এখন আমরা প্রিন্সকে ফেরত নিয়েছি। উনার এত মায়াকান্না থাকলে প্রিন্সেসকে সঙ্গে দিয়ে দিতে পারতেন।’অন্যদিকে প্রিন্সেসের মালিক আবদুল ওয়াদুদ বলছেন, ‘প্রিন্সকে আরেকটি পাখির সঙ্গে উনি বিয়ে দিতে পারেন না। এটা অমানবিক হবে। তাঁর দাবি, বিশেষজ্ঞ কমিটি গঠন করে ম্যাকাও দম্পতির সংসার রক্ষার পদক্ষেপ নেওয়া হোক। তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন, প্রয়োজনে আন্তর্জাতিক পরিবেশ আদালতেও যাবেন বলে জানান।৩ জানুয়ারির পর থেকে প্রিন্স ও প্রিন্সেস আলাদা থাকছে। প্রিন্সের ঠিকানা বসুন্ধরা আবাসিক এলাকায়, আর প্রিন্সেস থাকছে হাতিরপুল এলাকার মিনি চিড়িয়াখানায়। প্রিন্সের মালিকপক্ষ জানিয়েছে, পাখিটি সুস্থ-স্বাভাবিক আছে। প্রিন্সেসের মালিক বলছেন, তাঁর পাখিটি নিঃসঙ্গ অবস্থায় ভালো নেই। ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না।খুবই দুর্লভ এক জোড়া ব্লু গোল্ড ম্যাকাও পাখি প্রিন্স আর প্রিন্সেস। দুটি পাখির মালিক দুজন। ঘটনাক্রমে মিলন ঘটেছিল প্রিন্স আর প্রিন্সেসের। এখন ঝামেলা বেধেছে তাদের মালিকানা নিয়ে। এ বিষয়ে ৭ জানুয়ারি প্রথম আলোয় ‘ও পাখি তুই কান্দিস না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।প্রিন্সের মালিক লালন-পালনের জন্য পাখিটিকে দিয়েছিলেন আবদুল ওয়াদুদের কাছে। ওয়াদুদ প্রিন্সের জন্য সঙ্গী খুঁজে আনেন। সংসারে তাদের বাচ্চাও এসেছে। দুই মালিকের মনোভাব থেকে এটা স্পষ্ট যে প্রিন্স-প্রিন্সেসের জোড়া আর থাকছে না। সেলিমুজ্জামান জানান, বিদেশে অবস্থানরত তাঁর ছেলে প্রিন্সের সঙ্গী ঠিক করেছেন। প্রয়োজনীয় সব অনুমতি মিললেই পাখিটির জন্য বিমানের টিকিট কাটা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাখিটি আনতে খরচ পড়বে সব মিলিয়ে পাঁচ হাজার ডলার (প্রায় চার লাখ টাকা)।ঢাকার নির্বাহী হাকিম আদালত ১০ জানুয়ারি প্রিন্সের মালিক ইকরাম সেলিমের মামলাটি খারিজ করে দেন। এর আগে প্রিন্স-প্রিন্সেসকে ৩ জানুয়ারি আদালতের নির্দেশে পৃথক করা হয়। প্রথমে প্রিন্সকে পৃথক করে পরে মামলাটি খারিজ করে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিবাদীপক্ষের আইনজীবী বরুণ কুমার বিশ্বাস। ১০ জানুয়ারি প্রিন্স-প্রিন্সেসের সংসার টিকিয়ে রাখার মামলায় আদালত বলেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০০২ অনুযায়ী নালিশি পাখিটি কোন পক্ষের হেফাজতে থাকবে, এই এখতিয়ার নির্বাহী হাকিম আদালতের নেই। কাজেই মামলা করার মতো কোনো উপাদান না থাকায় মামলাটি নথিজাত করা হলো। একই সঙ্গে আগ্রহী বা ক্ষুব্ধ ব্যক্তি তাঁর অধিকার আদায়ের জন্য উপযুক্ত আদালতে বিচার চাইতে পারেন।’আদালতের রায়ের পর আবদুল ওয়াদুদ প্রিন্স-প্রিন্সেসের সংসার ভাঙার জন্য কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের আক্রোশকে দায়ী করেন। তবে ওসি বলেছেন, তিনি আদালতের নির্দেশ কার্যকর করেছেন।