ব্যাংককে আজ থেকে রাতে কারফিউ
থাইল্যান্ডের রাজপথে গত তিন দিনে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাই সরকার আজ ব্যাংককে কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, আজ রোববার রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত প্রতি রাতে ব্যাংককের বিভিন্ন স্থানে কারফিউ চলবে।আজ রোববার রয়টার্স জানিয়েছে, ব্যাংককে গত তিন দিনে থাই সেনা ও সরকারবিদ্রোহী রেড শার্টদের রক্তক্ষয়ী সংঘর্ষে ২৪ জন নিহত হয়েছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই থাই সরকার ব্যাংককে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে।থাই প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওভা জানিয়েছেন, এই কারফিউই ব্যাংককে রাতের শান্তি নিয়ে আসতে পারে। থাই সেনাসদস্যরা প্রায় এক সপ্তাহ ধরে সরকারবিরোধীদের সহিংসতা এড়াতে সংগ্রাম করে যাচ্ছেন।এক টেলিভিশন সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা এখন আর পিছু হটব না।’বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নতুন নির্বাচনের তারিখ ঘোষণা। এ লক্ষ্যেই তারা থাই সেনাসদস্যদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই রেড শার্টদের মধ্যে অনেকেই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক। থাকসিন ২০০৬ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন।