ব্যাংককে মহীউদ্দীন খান আলমগীরের ছেলের মৃত্যু
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের বড় ছেলে জালাল আলমগীর (৪২) আজ শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন। পাতায়া সৈকতে অবকাশযাপনে গিয়ে সাগরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে তিনি মারা যান। খবর বাসসের।জালাল আলমগীর যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তাঁর চাচাতো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন জানান, জালাল আলমগীর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছিলেন। গতকাল শুক্রবার রাতে সস্ত্রীক ব্যাংকক বেড়াতে যান তিনি। বাংলাদেশ সময় আজ বেলা আড়াইটার দিকে সাগরের পানিতে ডুবে তিনি মারা যান। তাঁর মরদেহ ব্যাংকক পুলিশ হাসপাতালে রাখা হয়েছে। কাল রোববার বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে মরদেহ ঢাকায় আনা হবে।জালাল আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় তাঁর আত্মার শান্তি কামনা করেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রমুখ শোক প্রকাশ করেছেন।