ব্যাংককের অভয় মন্দিরে সংঘর্ষে নয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ‘নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে ঘোষিত একটি মন্দিরের ভেতরে গতকাল বুধবার লাল-শার্ট বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে নয় ব্যক্তি নিহত হয়েছেন। সামরিক বাহিনীর সদস্যরা গতকাল সরকারবিরোধী বিক্ষোভকারীদের উত্খাত করার অভিযান চালানোর সময় লাল-শার্টধারীদের একটি সমাবেশস্থলে অবস্থিত এই মন্দিরটি বন্ধ করে দেয়। পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ খবর জানায়।গতকাল বুধবার ব্যাংককের কেন্দ্রস্থলে লাল-শার্ট বিক্ষোভকারীদের শিবিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয়জন নিহত হন। তবে কর্তৃপক্ষ ওই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মন্তব্য করে।পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে জানান, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের অবস্থানস্থলে সাঁড়াশি অভিযান শুরু করলে বিক্ষোভকারীদের নেতারা নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দেন। এ ঘটনার পর গতকাল বিকেলে মন্দিরটিতে একটি হামলা চালানো হয়। তিনি আরও জানান, এই হামলায় আহত এক ব্রিটিশ সাংবাদিকসহ পাঁচ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।