ব্যাংকগুলো মানুষের রক্ত চুষে ব্যবসা করছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ব্যাংকের নিজস্ব কোনো টাকা নেই। জনগণের রক্ত চুষে তারা ব্যবসা করে বড়লোক হচ্ছে। প্রবাসীদের টাকা বিনা মাশুলে দেশে আনার দাবি জানিয়ে তিনি বলেন, ব্যাংকগুলো অন্য খাত থেকে এ ক্ষতি সহজেই পুষিয়ে নিতে পারবে।আজ শুক্রবার সকালে ফরিদপুরের স্থানীয় অম্বিকা ময়দানে দুদিনব্যাপী ‘প্রবাসী ব্যাংকিং ও রেমিট্যান্স মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমাদের জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান দ্বিতীয় (১২%)। প্রথমে কৃষি, তার পরই রয়েছেন প্রবাসীরা। এ জন্য প্রবাসীদের স্বার্থ আমরা সবার আগে বিবেচনা করতে চাই।’প্রবাসীদের টাকা দেশে আনার জন্য রেমিট্যান্স রিটার্ন ফি (মাশুল) না নেওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, গত বছর প্রবাসীরা ১৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। টাকা দেশে আনার ফি না নেওয়া হলে এর পরিমাণ বছরে বেড়ে ২৮ বিলিয়ন ডলার হবে। মাশুলের ভয়েই ব্যাংক বাদ দিয়ে প্রতিবছর ৪৯ শতাংশ টাকা হুন্ডিসহ অন্যান্য মাধ্যমে দেশে আনা হয়।খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশিরা থাকেন। প্রতিবছর ছয় লাখ লোক বিদেশে পাঠানো হচ্ছে। প্রবাসীরা বিদেশে তাঁদের কষ্টার্জিত টাকা সহজে দেশে পাঠাতে পারেন বলে গত বছর বিশ্বব্যাপী যে ভয়াবহ অর্থনৈতিক মন্দা হয়েছে, তার আঁচড় আমাদের গায়ে লাগেনি।’ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার জামিল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন, আওয়ামী লীগের প্রবীণ নেতা এস এম নুরুন্নবী, ঢাকা ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী এনায়েত করিম।যৌথভাবে মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও ঢাকা ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানি লিমিটেড।